
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার গতকাল শনিবার গাড়িবহর নিয়ে একটি উপনির্বাচনের প্রচারে গিয়েছিলেন। প্রচারকালে তাঁর গাড়িবহরের চাপায় একটি ছাগল মারা যাওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন তিনি। পরে চার হাজার টাকা জরিমানা দিয়ে রেহাই পান।
রাজ্যের মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা আসনে ঘটনাটি ঘটে। এ আসনের উপনির্বাচনের প্রচারের শেষ দিন ছিল গতকাল। কাল সোমবার ভোট। আসনটির বিধায়ক ছিলেন তৃণমূলের মন্ত্রী সুব্রত সাহা। তাঁর মৃত্যুতে আসনটি খালি হয়। আসনটিতে বিজেপির প্রার্থী দিলীপ সাহা। তিনি একসময় তৃণমূল কংগ্রেস করতেন। উপনির্বাচনে তাঁর প্রধান প্রতিপক্ষ তৃণমূলের দেবাশীষ বন্দ্যোপাধ্যায়।
উপনির্বাচনে দিলীপ সাহার পক্ষে প্রচার চালাতে গতকাল সাগরদিঘি এলাকায় গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত। তিনি গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার চালান।
সুকান্তের গাড়িবহর সাগরদিঘির তাঁতি বিড়াল গ্রামে যাওয়ার সময় ঘটে বিপত্তি। তাঁর গাড়িবহর একটি ছাগলকে চাপা দিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ তোলেন এলাকাবাসী। তাঁরা সুকান্তের গাড়িবহর আটকে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে ঘটনাস্থলে তৃণমূলের কর্মী-সমর্থকেরা জড়ো হন। তাঁরা হাতে কালো পতাকা নিয়ে ‘গো ব্যাক’ ধ্বনি দিতে থাকেন। এ অবস্থায় রাস্তায় মুখোমুখি অবস্থানে চলে যান তৃণমূল ও বিজেপির সমর্থকেরা। এ সময় পুলিশ ছিল নিষ্ক্রিয়।
বিক্ষোভকালে তৃণমূলের সমর্থকেরা বলেন, বিজেপির রাজ্য সভাপতির গাড়িবহর ছাগল মেরেছে। ছাগল মারার ক্ষতিপূরণ না দিলে সুকান্তকে যেতে দেওয়া হবে না।
বিক্ষোভের মুখে সুকান্ত চার হাজার টাকা জরিমানা দিতে বাধ্য হন। জরিমানা দেওয়ার পর তিনি এলাকা ছাড়তে পারেন।
ঘটনার পর বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, একটি মরা ছাগলকে গাড়িবহরের সামনে ফেলে টাকা আদায় করেছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা।
ঘটনা সম্পর্কে সুকান্ত বলেন, ‘অত্যন্ত নিম্ন রুচির রাজনীতি। এ নিয়ে মন্তব্য করতেও ঘেন্না লাগছে।’
গ্রামটির চেয়ারম্যান ও তৃণমূল নেতা কানাইচন্দ্র মণ্ডল বলেন, মানুষ ছাগল হত্যার জন্য স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখিয়েছেন। গরিব মানুষ ছাগলের দাম বুঝে নিয়েছেন। এতে অন্যায়ের কী আছে?