রাহুল গান্ধী
রাহুল গান্ধী

ইসরায়েল নিয়ে মন্তব্য, শরিকি সমালোচনার মুখে রাহুল গান্ধী

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইসরায়েল প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্য বিস্মিত করেছে ইন্ডিয়া জোটের শরিকদের। কোনো কোনো শরিক প্রকাশ্যে এ বিষয়ে তাদের প্রতিক্রিয়াও জানিয়েছে। বলেছে, ফিলিস্তিন নিয়ে কংগ্রেসের ‘ভণ্ডামি’ স্পষ্ট হয়ে গেছে। যদিও কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, রাহুল যা বলেছেন তা পররাষ্ট্রনীতির এক বাস্তবসম্মত ও রাষ্ট্রনায়কোচিত অবস্থান।

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে রাহুল ইসরায়েলের সঙ্গে ভারতের কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখার পক্ষে নিজের মত প্রকাশ করেন। অধ্যাপক রবার্ট পাপের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে ভারতের সুসম্পর্ক আছে। ভারত তাদের কাছ থেকে উন্নত মানের অস্ত্র কেনে। রাষ্ট্রীয় স্বার্থে এবং ভারতের সশস্ত্র বাহিনীর প্রয়োজনের দিক বিবেচনায় এই কৌশলগত সম্পর্ক বজায় রাখাকে তিনি সমর্থন করেন। পরে তিনি ‘এক্স’ হ্যান্ডলে জানান, ‘ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য হওয়া উচিত দেশের স্বার্থ। দেশের পক্ষে যা ভালো সেটাই অনুসরণ করা দরকার। সে ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে দৃঢ় সম্পর্ক রাখার পক্ষে আমি।’

এই মনোভাব প্রকাশের পাশাপাশি রাহুল এ কথাও বলেন, ‘এর অর্থ এই নয় যে গাজায় যা হয়েছে তা নিয়ে আমি নীরব থাকব।’ ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের কড়া নিন্দার পাশাপাশি তিনি গাজায় ইসরায়েলের সামরিক হামলারও নিন্দা করেছেন। রাহুল বলেছেন দুটির একটিও সমর্থনযোগ্য নয়। বরং নিন্দনীয়। তিনি বলেছেন, একটি অন্যায় দিয়ে আরেক অন্যায়ের ন্যায্যতা প্রমাণ করা যায় না। এরপর তিনি বলেন, ‘আমরা দেড় শ কোটি মানুষের দেশ। বৈশ্বিক মঞ্চে আমাদের ভূমিকা পালনে ইসরায়েল, আমেরিকা, রাশিয়া বা চীন কেউ আটকাতে পারে না। ভারত যা বিশ্বাস করে সব সময় তা মেনে চলা দরকার। পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই গ্রহণ করা উচিত।’

ইসরায়েল নিয়ে কংগ্রেসের অভিমত এর আগে স্পষ্ট করেছিলেন সোনিয়া ও প্রিয়াঙ্কা গান্ধী। গাজা আক্রমণের পর প্রতিবাদী হয়ে প্রিয়াঙ্কা ‘ফিলিস্তিন’ লেখা ব্যাগ কাঁধে ঝুলিয়ে সংসদ ভবনে গিয়েছিলেন। সেটা ছিল ২০২৫ সালের ১২ আগস্ট। ‘গণহত্যার’ দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করেছিলেন তিনি। সেই প্রসঙ্গে ভারত সরকারের ‘নীরবতা লজ্জার’ বলে তিনি মন্তব্য করেছিলেন।

এর আগে জুন মাসে সোনিয়া গান্ধী এক সর্বভারতীয় ইংরেজি দৈনিকে এক নিবন্ধ লিখেছিলেন। তাতেও গাজায় ইসরায়েলের নরসংহার চালানোর বিরুদ্ধে তিনি স্বর উঠিয়েছিলেন। বলেছিলেন, এই বিষয়ে মোদি সরকারের নীরবতা ব্যাখ্যার অতীত। কোনো যুক্তিতে তো বটেই, নৈতিক দিক থেকেও ওই নীরবতা সমর্থন করা যায় না।

সেই সময় ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নিজের দেশের হয়ে বলেছিলেন, কীভাবে ইসরায়েল গাজায় মানবিক সাহায্য পাঠাচ্ছে অথচ হামাস তা কুক্ষিগত করে নিজেদের জনসাধারণের দুর্ভোগ বাড়িয়ে তুলছে।

ফিলিস্তিন নিয়ে কংগ্রেসের এই ভূমিকা সত্ত্বেও রাহুলের মন্তব্যের পর ‘ইন্ডিয়া’র দুই জোট শরিক সিপিএম ও সিপিআই (এমএল) লিবারেশন কংগ্রেসের সমালোচনায় মুখর হয়ে উঠেছে। দক্ষিণি রাজ্য কেরলমের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা পিনারাই বিজয়ন এক বিবৃতিতে রাহুল গান্ধীকে সমালোচনায় বিদ্ধ করে বলেছেন, যে সময় গাজা ইসরায়েলি নরসংহার দেখছে, হাজার হাজার নিরপরাধ মানুষ মারা যাচ্ছেন, সেই সময় তিনি ইসরায়েলের সঙ্গে দৃঢ় সম্পর্ক রক্ষার কথা বলছেন। অস্ত্র কেনার কথা বলছেন। এই বিপর্যয়ের মুখে তিনি ভারসাম্য রক্ষার যে কথা বলছেন তা সমর্থনীয় নয়। মানবিকতা যখন লঙ্ঘিত হয় তখন ভারসাম্য রক্ষা করে চলা যায় না।

একইভাবে সমালোচনা করেছেন সিপিআই (এমএল) লিবারেশন দলের নেতা দীপংকর ভট্টাচার্য। এক ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, যেভাবে নাৎসি জার্মানি কিংবা বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার সঙ্গে কোনো কৌশলগত সম্পর্ক রাখা হয়নি, তেমনই গাজায় নরসংহারকারী ফিলিস্তিন দখলকারী ইসরায়েলের অপরাধ ক্ষমা করা যায় না। তাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখা উচিত নয়। তিনি বলেছেন, ইসরেয়েলি দখলদারিত্বকে স্বাভাবিকীকরণ, সমর্থন বা লঘু করে দেখার কোনো সুযোগ নেই। দীপংকর আরও লিখেছেন, ইসরায়েল ও ভারতের কৌশলগত সম্পর্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে আদানি গোষ্ঠীর বাণিজ্যও বেড়ে চলেছে। নিরাপত্তার নামে ইসরায়েলের গোয়েন্দাগিরি–সংক্রান্ত প্রযুক্তির ব্যবহারও বাড়ছে। এসবে ইতিমধ্যেই ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তির বড় ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে অভ্যন্তরীণ শাসনব্যবস্থারও। রাষ্ট্রীয় স্বার্থের অজুহাত দিয়ে এ ধরনের নীতি চালানো অনুচিত। যত দ্রুত তা পরিহার হবে তত মঙ্গল।

কংগ্রেসের সমর্থক দেশের প্রগতিশীল মহলও রাহুলের মন্তব্যে বিস্মিত। তাঁর নাম না করে অনেকেই এই মতামতের সমালোচনা করেছেন। যদিও কংগ্রেসের নেতারা রাহুলের মন্তব্যকে ‘বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি’ বলে বর্ণনা করেছেন।