বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা কলকাতায় বেশ কিছু বছর ধরেই এক রাজনৈতিক পরিসরে পরিণত হয়েছে। এই বছরের দুর্গাপূজা রাজ্য এবং কেন্দ্রীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। একাধিক পূজা রাজনৈতিক বিবাদের জন্ম দিয়েছে।
এর মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে দক্ষিণ কলকাতার একটি পূজা নিয়ে যেখানে মোহনদাস করমচাঁদ গান্ধীকে দেবী দুর্গার অসুর হিসেবে তুলে ধরা হয়েছে। দক্ষিণ কলকাতার রুবি পার্কের পূজায় দেখা গেছে দেবী দুর্গা অসুররূপী গান্ধীকে হত্যা করছেন। পূজার উদ্যোক্তা ভারতের দক্ষিণপন্থী অখিল ভারতীয় হিন্দু মহাসভা, যার নেতা নাথুরাম গডসে ১৯৪৮ সালে গান্ধীকে হত্যা করেছিলেন। তিনি আরেক হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও (আরএসএস) সদস্য ছিলেন।
নাথুরাম গডসের ফাঁসি হয়েছিল। অর্থাৎ ভারত মেনে নিয়েছে যে তিনি একজন স্বীকৃত অপরাধী। কিন্তু কলকাতার পূজায় তাঁকে দেবী দুর্গা হিসেবে তুলে ধরেছে হিন্দু মহাসভা। কয়েক দিন ধরেই এবং বিশেষত গতকাল রোববার গান্ধীর ১৫৩তম জন্মদিনে অসুররূপী গান্ধী নিয়ে প্রবল বিতর্ক হয়।
পূজার অন্যতম উদ্যোক্তা সুন্দরগিরি মহারাজ নিজেকে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি হিসেবে পরিচয় দিয়ে গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘গান্ধী সম্পর্কে সঠিক কথাটাই আমরা বলেছি। সত্যি কথাটা বলতে কেউ সাহস পাচ্ছিল না। গান্ধী কোনো মহাত্মা নন, তাই অসুরের মূর্তি যদি গান্ধীর আদলে হয়েও করে আমরা উপযুক্ত কাজই করেছি।’ গতকাল রোববার অবশ্য তিনি ফোন ধরেননি। স্থানীয় পুলিশের পক্ষ থেফে জানানো হয়েছে, মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছে। পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে চন্দ্রচূড় গোস্বামী গণমাধ্যমে বলেন, ‘আমাদের কাছে উড়ো ফোন এসেছে। বলা হয়েছে মূর্তি পরিবর্তন না করলে পূজা বন্ধ করে দেওয়া হবে। চাপ দিয়ে, জোরজবরদস্তি মূর্তি পরিবর্তন কীভাবে করা হলো, দেখতেই পাচ্ছেন।’
এই ঘটনা কলকাতায় আলোড়ন সৃষ্টি করেছে। সময়মতো বাধা না দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সাবেক এমপি, কবি ও সংগীতশিল্পী কবীর সুমন ঘটনার প্রতিবাদ করেছেন। তিনি লিখেছেন, ‘চলতি দুর্গাপূজায় কারা যেন রাস্তা দিয়ে দল বেঁধে যেতে যেতে “জয় শ্রীরাম” স্লোগান দিয়েছে চিৎকার করে। পুলিশ কি তা শুনবেন না বলেই ঠিক করেছেন, যেহেতু “সব আরএসএস খারাপ নয়”?’ বস্তুত কবীর সুমন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ করেছেন। মমতা কিছুদিন আগে বলেছিলেন হিন্দু জাতীয়তাবাদী সংগঠন ‘আরএসএস খারাপ নয়।’ সুমন আরও বলেছেন, ‘মহাত্মা গান্ধীকে অসুর সাজানোর ব্যাপারটি জেনে পার্লএসবাকের একটি উক্তি মনে পড়ল: হে ভারত, গান্ধীর যোগ্য হয়ে ওঠার সাহস অর্জন করো।’
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, স্বাধীনতার সময়ে গান্ধীজী বেলেঘাটায় অনশন করেছিলেন সাম্প্রদায়িক দাঙ্গা থামানোর জন্য। সেই গান্ধীকে কলকাতার বুকে অপমান করা হলো? কোন বার্তা দেওয়া হচ্ছে হিন্দু মহাসভার পক্ষ থেকে?
সিপিআইএমের (কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্ক্সিস্ট) পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়ার চ্যাটার্জিহাটে একটি দলীয় বুক স্টল ভেঙে দেওয়া হয়েছে। পূজা উপলক্ষে দেওয়া ওই অস্থায়ী বামপন্থী বই বিক্রির দোকানটিতে একটি পোস্টারে লেখা ছিল, ‘আমরা বই বিক্রি করি, চাকরি বিক্রি করি না’। দক্ষিণ কলকাতার রাসবিহারী অঞ্চলেও একই ঘটনা ঘটেছে বলে সিপিআইএম দলের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে উত্তর কলকাতার লেবুতলা পার্কের বড় একটি পূজার আলোকসজ্জা পুলিশ বন্ধ করে দিয়েছে অত্যধিক ভিড় হওয়ার কারণে। পূজাটি প্রধান উদ্যোক্তা বিজেপির এক মিউনিসিপাল কাউন্সিলর সজল ঘোষ। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস দুর্গাপূজা নিয়ে রাজনীতি করছে এবং পুলিশ ভিড় সামলাতে না পেরে তার পূজার আলোকসজ্জা বন্ধ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।
তবে এর পাশাপাশি আরও বেশ কিছু পূজা নিয়ে বিতর্ক হয়েছে। অধিকাংশ বড় পূজাই এখন কোনো না কোনো নামকরা তৃণমূল নেতার পূজা বলে স্বীকৃত। এই বিষয় নিয়েও কয়েক বছর ধরেই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাচ্ছে শয়ে শয়ে পূজার উদ্বোধন করতে। এভাবে পূজার রাজনীতিকীকরণ করা উচিত কি না, প্রশ্ন উঠছে, তা নিয়েও। খোদ মুখ্যমন্ত্রী যদি পূজার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন তাহলে পূজার অবশ্যই রাজনীতিকীকরণ ঘটে এবং গান্ধীকেও তার জেরে অসুর হতে হয়, বক্তব্য পূজা দেখতে বেরোনো সাধারণ মানুষেরই।
সব বড় পূজাই যদি কোনো না কোনো রাজনৈতিক নেতার হয়, সব দলই নির্দিষ্ট পূজাকে তাদের পূজা হিসেবে চিহ্নিত করবেন এবং করছেনও। ফলে ভবিষ্যতে দলমত নির্বিশেষে নির্দিষ্ট পূজাতে যোগ দেওয়া যাবে কি না, তা নিয়েও বিতর্ক হচ্ছে।