দীর্ঘ দুই বছর কারাবন্দী থাকার পর অবশেষে জামিন পেলেন কেরালার সাংবাদিক সিদ্দিক কাপ্পান। উত্তর প্রদেশের হাথরস জেলায় ১৯ বছর বয়সী এক দলিত নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের পর হত্যার ঘটনার রিপোর্ট করতে যাওয়ার সময় কাপ্পানকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ‘আনলফুল অ্যাকটিভিটিজ প্রিভেনশন আইনে’ (ইউএপিএ) মামলা করেছিল উত্তর প্রদেশ সরকার। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে বলেন, প্রত্যেকেরই নিজের মনোভাব প্রকাশের স্বাধীনতা রয়েছে। কাপ্পান নির্যাতিতের ন্যায্যবিচার দাবি করেছিলেন। সে জন্য সরব হয়েছিলেন। এটা কি আইনের চোখে অপরাধ?
জামিন পাওয়ার পর কাপ্পানকে তদন্তের স্বার্থে ছয় সপ্তাহ দিল্লিতে থাকতে হবে। তারপর তিনি কেরালায় যেতে পারবেন। তবে সেখানেও প্রতি সপ্তাহে তাঁকে পুলিশের কাছে হাজিরা দিতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে।
সাংবাদিক কাপ্পানের জামিনের আবেদন মঞ্জুর করেও সুপ্রিম কোর্ট আজ অন্য একটি আবেদন নাকচ করে দিয়েছেন। সেই আবেদনে বলা হয়েছিল, মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের দরুন বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হোক। প্রধান বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি রবীন্দ্র ভাট ও বিচারপতি পি এস নরসিংহের এজলাস আজ সেই আবেদন খারিজ করে দেন। প্রধান বিচারপতি এই প্রসঙ্গে বলেন, এটা শুনতে খুব সাধারণ ও নিরীহ মনে হতে পারে কিন্তু এর এক সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। নির্দেশ দেওয়ার আগে আদালতের সব সময় সতর্ক থাকা দরকার। প্রধান বিচারপতি এই মন্তব্যের পর মামলাকারীকে আবেদন প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানান।
গত মে মাসের ২৬ তারিখে এক টেলিভিশন বিতর্ক অনুষ্ঠানে শাসক বিজেপির তৎকালীন সর্বভারতীয় মুখপাত্র নূপুর শর্মা মহানবী (সা.)–এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন। সেই মন্তব্য সমর্থন করে টুইট করেছিলেন বিজেপির দিল্লি শাখার এক কর্তা নবীন জিন্দল। এ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হওয়ায় ভারত সরকার জানায়, ওই মন্তব্যের সঙ্গে ভারত সরকার সহমত নয়। সরকার সব ধর্মকে সমান চোখে দেখে।
সব ধর্মই সরকারের চোখে সমান। বিজেপি একই সঙ্গে নূপুরকে সাময়িকভাবে দল থেকে বরখাস্ত ও নবীন জিন্দলকে বহিষ্কার করে। ওই ঘটনার পর নূপুরের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে মামলা করা হয়। সুপ্রিম কোর্ট সব মামলা দিল্লিতে নিয়ে বিচারের নির্দেশ দেন। আজকের আবেদনকারী ছিলেন আইনজীবী আবু সোহেল। তাঁর দাবি ছিল, নূপুরকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হোক। কিন্তু প্রধান বিচারপতির এজলাস সেই আবেদন গ্রহণে রাজি হননি। পরে সেটি প্রত্যাহার করা হয়।
লক্ষণীয়, দুটি আবেদনেরই নিষ্পত্তি হয় একই এজলাসে। প্রধান বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি রবীন্দ্র ভাট ও বিচারপতি পি এস নরসিংহ নূপুর শর্মাকে গ্রেপ্তারের আবেদন গ্রহণে অসম্মত হলেও সাংবাদিক সিদ্দিক কাপ্পানের জামিন মঞ্জুর করেন।
জামিনের বিরোধিতা করে উত্তর প্রদেশ সরকারের কৌঁসুলি মহেশ জেঠমালানি যেসব যুক্তি দাখিল করেন, প্রধান বিচারপতির এজলাস প্রতিটি খণ্ডন করে বলেন, কোনোটিই নির্দিষ্টভাবে প্রমাণ করছে না যে সাংবাদিক কাপ্পান দাঙ্গা বাধানোর উদ্দেশ্য নিয়ে হাথরস যাচ্ছিলেন। তাঁর কাছে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। দাঙ্গা বাধানোর মতো প্রচার পুস্তিকাও পাওয়া যায়নি। তিনি নির্যাতিত ব্যক্তির ন্যায়বিচার পাওয়ার কথা বলেছেন। এটা কী করে অপরাধ হয়, যখন মতপ্রকাশের স্বাধীনতা সংবিধানস্বীকৃত?
হাথরস–কাণ্ড সারা দেশে প্রবল আলোড়ন তুলেছিল। সেটা উল্লেখ করে সরকারি কৌঁসুলিকে বিচারপতি রবীন্দ্র ভাট বলেন, ‘নির্ভয়া–কাণ্ডের পর ২০১২ সালে দিল্লিতে ইন্ডিয়া গেটে একই ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল। সেই বিক্ষোভ সরকারকে বাধ্য করেছিল আইন পরিবর্তনে। আপনারা এখন পর্যন্ত প্ররোচনামূলক কিছুর প্রমাণই দিতে পারেননি। এমন কোনো তথ্য দাখিল করতে পারেননি, যাতে প্রমাণ করা যায়, সাংবাদিক কাপ্পান দাঙ্গা বাধানোর উসকানি দিয়েছেন। তাঁর অভিসন্ধি অন্য রকম ছিল।’
কাপ্পানের জামিনের আবেদন এর আগে মথুরার নিম্ন আদালত ও এলাহাবাদ হাইকোর্টে নাকচ হয়ে যায়। হাইকোর্ট এই কথাও বলেছিলেন, হাথরসে কাপ্পানের কোনো কাজই ছিল না। রাজ্য সরকারের অভিযোগ, কাপ্পান ও তাঁর সঙ্গীরা নিষিদ্ধ ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’র সমর্থক ও সক্রিয় কর্মী।