বিচিত্র

সঙ্গে উড়ছে পোষা পাখি

মোটরসাইকেলচালকের সঙ্গে উড়ছে পোষা পাখি
ছবি: ভিডিও থেকে

প্রভুভক্ত প্রাণীর সংখ্যা একেবার কম নয়। পাখিও রয়েছে এ তালিকায়। এমন এক ভক্ত পাখি দেখল ইন্টারনেট–দুনিয়া। সম্প্রতি টুইটারে একটি ভিডিও ছড়িয়েছে। এতে দেখা যাচ্ছে, এক মোটরসাইকেলচালকের সঙ্গে উড়ছে তাঁর পোষা পাখি।

ভারতের প্রশাসনের অশ্বিন স্মরণ নামের এক কর্মকর্তা ভিডিওটি প্রকাশ করেছে। জানা গেছে, যিনি পাখিটি পোষেন, তাঁর নাম আরিফ। অশ্বিন স্মরণ লিখেছেন, আরিফ পাখিটির জীবন বাঁচিয়েছিলেন। গত বছর পাখিটি আহত হয়েছিল। এর পর থেকে পাখিটি তাঁর বন্ধু হয়েছে। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওটি প্রায় আড়াই লাখ বারের বেশি দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ১৬ হাজারের বেশি।

ভিডিও ক্লিপটি ১ মিনিট ৮ সেকেন্ডের। এতে দেখা যায়, পিচঢালা পথে মোটরসাইকেল চালাচ্ছেন আরিফ। বেশ গতিতে চালাচ্ছেন তিনি। তাঁর পাশ দিয়ে একটি পাখি উড়ছে। প্রথম দেখায় মনে হতে পারে, ঘটনাটি হয়তো কাকতালীয়। কিন্তু পরে বোঝা যায়, পাখিটি আসলে আরিফের। এই চলতি পথে পাখিটিকে ইশারায় ডাকেন আরিফ। সেই ডাকে সাড়া দিয়ে আরিফের প্রায় গা ঘেঁষে উড়তে থাকে পাখিটি।

অনেকেই আরিফ ও পাখির বন্ধুত্বে মুগ্ধ হয়েছেন। একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘সত্যিকারের ভালোবাসা এবং মায়ার সর্বোচ্চ স্তর...এই বন্ধুত্ব দীর্ঘজীবী হোক।’ আরেকজন লিখেছেন, ‘ভালোবাসার কোনো সীমা-পরিসীমা নেই।’ তৃতীয় আরেক ব্যক্তি লিখেছেন, ‘আহ্‌, এ এক অসাধারণ বন্ধুত্ব!’