নাগাল্যান্ডে বিজেপি সরকার কী কারণে আলোচনা শুরু করতে চাইছে

ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশনের (ইএনপিও) একটি প্রতিনিধিদল ৭ ডিসেম্বর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে
ছবি: এএনআই

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে আজ শুক্রবার নতুন করে শুরু হচ্ছে আরেক দফা শান্তি আলোচনা। তবে এই আলোচনার সঙ্গে অতীতের আলোচনার তফাত রয়েছে। ২০২০ সালে শেষ শান্তি আলোচনা ভেঙে যায় বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-আইজাক মুইভার (এনএসিএন–আইএম) পৃথক সংবিধান ও রাজনৈতিক পতাকা অপরিবর্তিত রাখার দাবির কারণে। এবার আলোচনা হবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর–পূর্বাঞ্চলের উপদেষ্টা এ কে মিশ্রর নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটির সঙ্গে একটি ভিন্ন নাগা রাজনৈতিক দলের।

এই সংগঠনের নাম ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ইএনপিও)। এক দশকের বেশি সময় ধরে এই সংগঠন পূর্ব নাগাল্যান্ডের ছয়টি জেলা নিয়ে পৃথক ফ্রন্টিয়ার বা সীমান্ত নাগাল্যান্ড রাজ্য গঠনের দাবি করছে। পর্যবেক্ষকদের বক্তব্য, ইএনপিওর দাবিকে গুরুত্ব দিয়ে এনএসিএনআইএমের দেশের মধ্য থেকে সার্বভৌমত্ব বজায় রাখার দাবিকে এড়িয়ে যেতে চাইছে কেন্দ্র সরকার।

পূর্ব নাগাল্যান্ডের ছয়টি জেলা নিয়ে ইএনপিওর পৃথক রাজ্যের আন্দোলন। এই জেলা হলো মোন, লংলেং, কিফিরে, নোকল্যাক, শামাতোর ও তুয়েনস্যাং। এই ছয় জেলায় নাগাল্যান্ডের প্রধানত সাতটি জনজাতি বাস করে। নাগাল্যান্ড বিধানসভার ৬০টির মধ্যে ২০টি আসনও রয়েছে এখানে। ২০২৩ সালে নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

ইএনপিওর অনেক দিনের বক্তব্য, এনএসসিএন-আইএমের দাবি নিয়ে বিভিন্ন দফায় আলোচনা ও অন্তর্বর্তী চুক্তি হলেও তাদের দাবিকে কখনো খতিয়ে দেখা হয়নি। পূর্ব নাগাল্যান্ডের পাহাড়ঘেরা ছয় জেলা স্বতন্ত্র এবং অনেক বেশি অনগ্রসর বলে দাবি ইএনপিওর। এই কারণে এই বছরের ২৬ অগাস্ট ইএনপিও একটি প্রস্তাব পাস করে বলে যে ভবিষ্যতে তারা ভারতের যাবতীয় নির্বাচন বয়কট করবে।

এবারের আলোচনায় কেন্দ্র সরকারের প্রতিনিধিদল খতিয়ে দেখবে পৃথক নাগা রাজ্যের দাবির কোনো যৌক্তিকতা আছে কি না। ৬ ডিসেম্বর ইএনপিওর প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে এই আলোচনা হতে চলেছে। কেন্দ্রের মধ্যস্থতাকারী দলে এ কে মিশ্র ছাড়াও রয়েছেন ইন্টালিজেন্স ব্যুরোর যুগ্ম অধিকর্তা মন্দীপ সিং তুলি ও উত্তর–পূর্বাঞ্চলের অধিকর্তা এ কে ধায়ানি। কেন্দ্র সরকারের দলটি ইএনপিও ছাড়াও বৈঠক করবে নাগা মহিলা ও ছাত্রদের সংগঠনের সঙ্গে। এ ছাড়া নাগাল্যান্ডের গ্রামের জ্যেষ্ঠ নাগরিক ও সুশীল সমাজের সঙ্গেও কেন্দ্রের প্রতিনিধিদল দেখা করবে।

১৯৭৫ সাল থেকে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে ভারত সরকারের সঙ্গে নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের আলাপ-আলোচনা চলছে। একাধিক চুক্তিও হয়েছে কিন্তু সমস্যার কোনো সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়নি। ২০১৫ সালে নরেন্দ্র মোদির সরকার এনএসসিএনের (আইএম) সঙ্গে একটি ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’ নামে চুক্তি সই করে। কেন্দ্র সরকার দাবি করেছিল, চুক্তির মাধ্যমে নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী সমস্যার স্থায়ী সমাধান হবে। কিন্তু ওই চুক্তি সই করার পর সরকারের মধ্যস্থতাকারী দলের প্রধান সাবেক গোয়েন্দা কর্তা আর এন রবির সঙ্গে এনএসসিএন-আইএমের তীব্র মতবিরোধ হয়। ফলে ভারত সরকার রবিকে মধ্যস্থতাকারী দল থেকে সরাতে বাধ্য হয়। চুক্তিও বাস্তবায়িত হয়নি।

দীর্ঘ ১৮ বছর কথাবার্তা বলার পর ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’ সই হয়েছিল। ১৯৯৭ সালে নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক সংগঠন ভারত সরকারের সঙ্গে একটি চুক্তি করে। তারা অস্ত্র নিয়ন্ত্রণ করতে রাজি হয়। মনে করা হয়েছিল, ২০১৫ সালের চুক্তি ১৯৯৭ সালের চুক্তির পর সবচেয়ে বড় সাফল্য।

কিন্তু শেষ পর্যন্ত এনএসসিএন-আইএম তাদের নিজস্ব পতাকা ও পৃথক সংবিধানের দাবি থেকে সরে আসেনি। যদিও ভারতের স্বাধীনতার সময়ে যে পৃথক দেশের দাবি তাদের আগে ছিল, তা তারা পরিত্যাগ করেছে।

নাগাল্যান্ড পর্যবেক্ষকদের একাংশের দাবি এনএসসিএন-আইএমের দাবি মেনে নেওয়া ভারত সরকারের পক্ষে সম্ভব নয়। এর কারণ, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের পৃথক সংবিধান ও পতাকা খারিজ করে দিয়েছে ভারত সরকার। এই অবস্থায় ভারতের অন্য রাজ্যে তাদের পৃথক পতাকা ও সংবিধান বজায় রাখার দাবি মেনে নেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়।

দ্বিতীয়ত, আগামী বছরের নির্বাচনের কথা মাথায় রেখে পূর্ব নাগাল্যান্ডের ২০টি জেলায় নিজেদের প্রভাব বাড়াতে চাইছে ভারতীয় জনতা পার্টি। কারণ, নাগাল্যান্ডের মানুষ এখন বিজেপির ওপরে সাধারণভাবে অসন্তুষ্ট। এর কারণ ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’ বাস্তবায়িত না হওয়া এবং ২০২১ সালে মোন জেলায় ভারতীয় সেনাবাহিনীর হাতে ছয়জন জনজাতির মানুষের হত্যা।

তৃতীয়ত, নাগার সমস্যার স্থায়ী সমাধান করতে না পেরে সরকার এখন দুটি প্রধান নাগা রাজনৈতিক শক্তি এনএসসিএন-আইএম এবং ইএনপিওর মধ্যে পার্থক্য করতে চাইছে। তবে এই বক্তব্যের পাল্টা অভিমতও রয়েছে। বলা হচ্ছে, এনএসসিএন-আইএমের একাংশ ইএনপিওর মধ্যেও রয়েছে।