বিজেপির অভিযোগ, সরানো হলো পশ্চিমবঙ্গের রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারিকে

নন্দিনী চক্রবর্তী
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্য বিজেপি নেতাদের ক্রমাগত অভিযোগের পরিপ্রেক্ষিতেই পদ থেকে সরে যেতে হলো এই সরকারি কর্মকর্তাকে।

রাজ্যের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস তৃণমূল কংগ্রেসঘনিষ্ঠ—এমন অভিযোগ শুরু থেকেই করে আসছিল বিজেপি। রাজ্য বিজেপির নেতারা এমন অভিযোগও করেছেন, সিভি আনন্দের প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রাজনৈতকি উদ্দেশে রাজ্যপালকে ব্যবহার করছেন।  

পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জগদীপ ধনকড় ২০১৯ সালের ৩০ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন। শুরু থেকেই এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মেনে নিতে পারেনি রাজ্যপালকে। ধনখড় পরিচিত ছিলেন বিজেপির ঘরানার একজন কর্মী হিসেবে । রাজ্যপালের সঙ্গে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল নেতাদের বনিবনা হচ্ছিল না। তৃণমূল রাজ্যপালকে বিজেপিপন্থীর তকমা লাগিয়ে তাঁর বিরোধিতা করে আসছিল। আগত্যা রাজ্যপালকে সরিয়ে দেওয়া হয় । রাজ্যপাল জগদীপ ধনখড়কে ১১ আগস্ট বিজেপি সরকার দেশের উপরাষ্ট্রপতি পদে বসান।

এরপর নতুন রাজ্যপাল হিসেবে এই রাজ্যে আসেন সিভি আনন্দ বোস। গত বছরের ২৩ নভেম্বর। সিভি আনন্দ বোস দায়িত্ব নেওয়ার পর ফের বিজেপি থেকে অভিযোগ ওঠে তিনি তৃণমূলের লোক। ফলে শুরু হয় চরম বিতর্ক। এই বিতর্কের মধ্যেই নতুন রাজ্যপাল বাংলা শেখার জন্য হাতেখড়ির আয়োজন করে রাজ্যপালের সচিবালয়। সেই হাতেখড়ি অনুষ্ঠানে বিজেপির নেতা ও  রাজ্য বিধানসভার বিরোধিদলীয় নেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হলেও শুভেন্দু অধিকারী সেই অনুষ্ঠানে যোগ দেননি। বরং টুইট বার্তায় জানিয়ে দেন, রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি আইএএস কর্মকর্তা নন্দিনী চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছেন। আর মমতার হয়ে রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যপালকে ব্যবহার করছেন। রাজ্যপালের বিরুদ্ধে মমতা তোষণ নিয়ে অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে বিজেপির নেতারা দিল্লির নেতাদের কাছে নালিশও করেন।

এরপরই গতকাল রোববার রাতে নন্দিনী চক্রবর্তীকে পিন্সিপাল সেক্রেটারির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নন্দিনী চক্রবর্তী এর আগে এই রাজ্যের সংস্কৃতি সচিবের দায়িত্বও পালন করেন।