গুলাম নবী আজাদের দলে ভাঙন

গুলাম নবী আজাদ
ছবি: রয়টার্স

ভারত জোড়ো যাত্রা কাশ্মীরে ঢোকার আগেই গুলাম নবী আজাদের তৈরি নতুন দলে ভাঙন শুরু হয়েছে। দলের তিন শীর্ষ নেতাকে গত বৃহস্পতিবার রাতে ‘দলবিরোধী কাজের জন্য’ বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত তিন নেতাই কংগ্রেসে যোগ দিয়ে ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন বলে উপত্যকার রাজনৈতিক সূত্রের দাবি। আগামী মাসের শেষ দিকে জম্মু-কাশ্মীরে প্রবেশের পর ভারত জোড়ো যাত্রার পরিসমাপ্তি ঘটবে।

রাজনৈতিক জীবনের দীর্ঘ ৫২ বছর কংগ্রেসে কাটানোর পর বর্ষীয়ান কাশ্মীরি নেতা গুলাম নবী আজাদ চলতি বছরের ২৬ আগস্ট কংগ্রেস ত্যাগ করেন। ঠিক এক মাস পর ২৬ সেপ্টেম্বর তিনি নতুন দল গঠন করেন। নাম দেন ‘ডেমোক্রেটিক আজাদ পার্টি’। তাঁর অনুগামী হয়েছিলেন জম্মু-কাশ্মীর কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা ও কর্মীদের এক বিরাট অংশ। এই নেতাদের মধ্যে তিনজন, সাবেক উপমুখ্যমন্ত্রী তারা চাঁদ, মনোহর লাল ও বলবন সিংকে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়। দলীয় বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার রাতে এ কথা জানানো হয়েছে।

তারা চাঁদ কংগ্রেসে যোগ দিচ্ছেন। অন্য দলত্যাগীরাও কংগ্রেসে ফেরত এসে ভারত জোড়ো যাত্রায় অংশ নেবেন বলে কংগ্রেস সূত্রের খবর। কংগ্রেসের দাবি, শিগগির আরও অনেকেই আজাদসঙ্গ ত্যাগ করে দলে ফিরবেন। এনডিটিভি জানাচ্ছে, বহিষ্কৃত হওয়ার পর তারা চাঁদ জানিয়েছেন, আজাদের দল জম্মু-কাশ্মীরে ধর্মনিরপেক্ষ ভোট ভাগ করছে।

ভারত জোড়ো যাত্রা হরিয়ানা থেকে শনিবার দিল্লি ঢুকবে। ২৫ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য যাত্রা বন্ধ থাকবে। নতুন বছরের গোড়ায় আবার শুরু হবে যাত্রা। দিল্লি থেকে হরিয়ানা, উত্তর প্রদেশ ও পাঞ্জাব হয়ে যাত্রা জম্মু যাবে। সেখান থেকে শ্রীনগর। কংগ্রেস জানিয়েছে, যাত্রা যেমন চলছে, তেমনই চলবে। কোনো অবস্থাতেই বন্ধ রাখা হবে না। করোনাবিধি মেনে চলার যে নির্দেশিকা কেন্দ্রীয় সরকার জারি করবে, সব মেনে চলা হবে।

প্রধানত চীনে করোনা বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় সরকার যাবতীয় সাবধানতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে চিঠি লিখে যাত্রায় করোনাবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেন। এ কথাও লেখেন, দেশের স্বার্থে যাত্রা বন্ধ করে দেওয়া উচিত। কংগ্রেস প্রতিবাদ জানানোর পাশাপাশি বলে, যাত্রা বন্ধে এটা কেন্দ্রের চাল। রাহুল গান্ধীও সেই একই মন্তব্য করে বলেছেন, দরকার হলে করোনাবিধি মেনেই যাত্রা চলবে।

কেন্দ্রের এই আরজি বিজেপিকে বিপাকে ফেলে দিয়েছে। রাজস্থানে কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিজেপি ‘জন আক্রোশ যাত্রা’ শুরু করে ১ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর পর্যন্ত টানা যাত্রা চলার পর বিরতি দেওয়া হয়। যাত্রার মতো প্রতি বিধানসভা কেন্দ্রে ‘জন আক্রোশ সভা’রও আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে বিজেপি গত বৃহস্পতিবার ওই যাত্রা স্থগিত রাখার কথা ঘোষণা করে। কিন্তু শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সতীশ পুনিয়া জানান, যাত্রা স্থগিত রাখা নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। যাত্রা যেমন চলছে, সভা যেমন হচ্ছে, তেমনই চলবে। তবে করোনাবিধি নিয়ে যাবতীয় সরকারি নির্দেশ মানা হবে।