কলকাতায় কাল ‘দুর্গা কার্নিভ্যাল’

কলকাতার হাতিবাগান সর্বজনীন পূজা কমিটির প্রতিমা
ছবি: ভাস্কর মুখার্জি

জাতিসংঘের সংস্থা ইউনেসকোর ঐতিহ্যের তালিকায় ঠাঁই দেওয়ায় এবার কলকাতার দুর্গাপূজা নতুন মাত্রা পেয়েছে। গত দুই বছর জাঁকজমকভাবে পশ্চিমবঙ্গে দুর্গোৎসব হয়নি। এবার করোনা নিয়ন্ত্রণে আসার পর কলকাতার দুর্গাপূজা যেন নতুন প্রাণ পায়। নতুন সাজে সাজানো হয় রাজ্যের ৪৩ হাজার পূজামণ্ডপ। কলকাতার পূজার বৈশ্বিক স্বীকৃতি উদ্‌যাপনে কাল শনিবার বেলা দুইটায় কলকাতা রেড রোডে আয়োজন করা হয়েছে ‘দুর্গা কার্নিভ্যাল’। এতে যোগ দেবে কলকাতার সেরা ৯৪টি পূজামণ্ডপ। তারা তাদের দুর্গাপ্রতিমা নিয়ে রেড রোডে হাঁটবে।

দুর্গা কার্নিভ্যালকে দৃষ্টিনন্দন করার জন্য আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। কার্নিভ্যালে যোগ দেবেন ইউনেসকোর প্রতিনিধিসহ দেশ-বিদেশের প্রতিনিধিরা।

বাংলার এই দুর্গোৎসবকে গত বছর ডিসেম্বর মাসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো বিশ্বের এক ঐতিহ্যবাহী উৎসবের স্বীকৃতি দেয়। তিন বছর আগে বাংলার এ দুর্গোৎসবকে ‘মেগা ফেস্টিভ্যাল’ হিসেবে স্বীকৃতি দিয়েছিল ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল। সে সময় বৈচিত্র্যের মধ্যমে দুর্গাপূজা ঘিরে এক ঐক্যের ভাবনার দ্বার খুলে দিয়েছিল ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল।  

শনিবারের দুর্গা কার্নিভ্যালে কলকাতার ঐতিহ্যবাহী ক্রীড়া, সাংস্কৃতিক ও সামাজিক সংস্থাও যোগ দেবে। নাচগান, পথনাটক, ছৌনৃত্য, লোকনৃত্য, আদিবাসী নৃত্য এবং আবহমান বাংলার লোকগীতি, পল্লিগীতির আয়োজন থাকবে।