
কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের জায়গা বাড়ানোর দাবি উঠেছে। বাংলাদেশের পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম আজ শনিবার জায়গা বাড়ানোর দাবি জানান। তবে এই দাবি মানা সম্ভব কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মেলার আয়োজকেরা।
মাজহারুল ইসলাম বলেন, ‘কলকাতা বইমেলায় অন্য দেশের প্যাভিলিয়ন আছে, কিন্তু বাংলা বইয়ের পাঠকের সংখ্যাই বেশি। শনিবার বিকেলে বাংলাদেশের প্যাভিলিয়নের ভিড়ই বলে দিচ্ছে যে বাংলাদেশি বইয়ের পাঠকের সংখ্যা বাড়ছে। কিন্তু স্থান সংকুলানের অভাবে এ বছর ৪৩টি প্রকাশনী সংস্থা এসেছে। এতটাই ভিড় হয়েছে যে স্টলগুলোতে দাঁড়িয়ে বই দেখারও সুযোগ নেই। ফলে কলকাতা বইমেলা কর্তৃপক্ষ যদি বিবেচনা করে যে পাঠকদের সুবিধার্থে আগামী বছর পাঁচ হাজার বর্গফুট জায়গা দেওয়া যায়, তাহলে ভালো হয়।’
এ সময় দুই বাংলাতেই বছরে একটি করে বইমেলা করার প্রস্তাব দেন মাজহারুল। তিনি বলেন, ‘বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড তিন বছর আগে সিদ্ধান্ত নেয় যে প্রতিবছর একবার করে দুই বাংলাতে একটি করে বই উৎসব হবে। সেখানে পশ্চিমবঙ্গ থেকে ৫০ জন প্রকাশক বাংলাদেশে যাবেন। আবার বাংলাদেশ থেকে ৫০ জন প্রকাশক কলকাতা বইমেলায় যোগ দেবেন।
করোনার কারণে তিন বছর ধরে এটি করা সম্ভব হয়নি। আশা করছি খুব শিগগির প্রস্তাব বাস্তবায়িত হবে।’
এ বিষয়ে কলকাতা বইমেলার আয়োজক সংস্থা কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে বলেন, বাংলাদেশের প্রকাশকদের আরও বেশি জায়গা দেওয়া সম্ভবত সম্ভব নয়।
‘প্রতিবছর বাংলাদেশ প্যাভিলিয়নের জন্য যে জায়গা বরাদ্দ থাকে, তা-ই আছে। এই জায়গা অনেক সময় প্যাভিলিয়ন তৈরির সময় বাড়িয়ে দেওয়া হয়। এ বছরও হয়েছে। কিন্তু বাংলাদেশের সব প্রকাশককে এক জায়গায় আনা সম্ভব নয়। কারণ, মোট বর্গফুট বাড়ানো আর সম্ভব নয়। তবে আমি মানছি বাংলাদেশের চাহিদা বেশি।’ বলেন সুধাংশু শেখর দে।
সুধাংশু শেখর দে আরও বলেন, ‘আমরা ১২৪ জন প্রকাশককে জায়গা দিতে পারিনি। তাঁদের কথা দিয়েছি, আগামী বছর ৫০ বর্গফুট জায়গা হলেও দেব।’
দুই বাংলায় বইমেলা আয়োজন নিয়ে মাজহারুল ইসলামের প্রস্তাব সমর্থন করেছেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। চলতি বছরেই ঢাকায় বই উৎসব করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।