লাদাখের পার্বত্য পরিষদের নির্বাচনে বিজেপির ভরাডুবি

লাদাখের স্বশাসিত পার্বত্য পরিষদ নির্বাচনের ভোট গণনা চলছে। এ সময় কেন্দ্রের বাইরে কংগ্রেস সমর্থকেরা অপেক্ষা করছেন
ছবি: এএনআই

ভারতের লাদাখে স্বশাসিত পার্বত্য পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির ভরাডুবি হয়েছে। ২৬ সদস্যের পার্বত্য পরিষদে বিজেপি মাত্র দুটি আসনে জয়ী হয়েছে। নির্বাচনে জয় পেয়েছে ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও কংগ্রেস জোট। এনসি জিতেছে ১২টি ও কংগ্রেস ১০টি আসনে।

লেহ, লাদাখ ও কারগিলের জন্য এই স্বশাসিত পার্বত্য পরিষদ। পাঁচ বছর পরপর এখানে ভোট হয়। এবার নির্বাচনের আগে ওমর আবদুল্লার এনসি ও রাহুল গান্ধীর কংগ্রেস জোট গঠন করেছিল।

ভোটের আগে এনসির আবেদন ছিল, ৩৭০ ধারা বিলোপসহ বিজেপির নীতির প্রতিবাদে যেন মানুষ ভোট দেন। এমনিতে লাদাখে মুসলিম জনসংখ্যা ৪৬ শতাংশ, বৌদ্ধ ৪০ শতাংশ ও হিন্দু ১২ শতাংশ। আবার লেহতে বৌদ্ধ প্রায় ৪৪ শতাংশ, হিন্দু ৩৫ শতাংশ। আর কারগিলের ৭৭ শতাংশ মুসলিম, ১৪ শতাংশ বৌদ্ধ, ৭ শতাংশ হিন্দু ও প্রায় ১ শতাংশ শিখ।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল বলেছেন, ১০ বছর পর কংগ্রেস আবার এখানে ভালো ফল কর। ইন্ডিয়া জোটের শরিক এনসির সঙ্গে হাত মিলিয়ে তারা ভালো ফল করেছে।

কংগ্রেস নেতা জয়রাম রমেশের দাবি, গত মাসে লাদাখে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছিলেন। তার প্রত্যক্ষ প্রভাব এই নির্বাচনে পড়েছে।

জয়রাম রমেশের এ দাবির পর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেছেন, রাহুল গান্ধী নিজে যে দাবি করেননি, সেটা জয়রাম করছেন। বিজেপি গতবার তো মাত্র একটি আসন পেয়েছিল। এবার তারা দুটি আসন পেয়েছে। ভোটও গতবারের তুলনায় বেশি পেয়েছে।

সাবেক মন্ত্রী ও কংগ্রেসের রাজ্যসভার বিধায়ক পি চিদম্বরম বলেছেন, মানুষ বিজেপির কর্মসূচি ও ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে।

সিপিএম নেতা তারিগামি বলেছেন, এ জয় প্রমাণ করল, ৩৭০ ও কাশ্মীর নিয়ে বিজেপির প্রচার মানুষ খারিজ করে দিয়েছে।

এনসির নেতা ওমর আবদুল্লার দবি, এনসি ও কংগ্রেসের শক্তিশালী জোটের সামনে পড়ে বিজেপির পরাজয় হয়েছে। তাদের অগণতান্ত্রিক নীতিকে মানুষ প্রত্যাখ্যান করেছে।