ভারত

স্বামী–শাশুড়িকে হত্যা করে ফ্রিজে ভরে রাখলেন নারী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের আসাম রাজ্যে স্বামী ও শাশুড়িকে হত্যার পর তাঁদের মরদেহ ফ্রিজে ভরে রেখেছিলেন বান্দারা কালিতা নামের এক নারী। রাজ্যের গুয়াহাটি শহরের নুনমাটি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

স্থানীয় পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। সম্প্রতি তিনি স্বামী অমরজ্যোতি দে ও শাশুড়ি শঙ্করি দেবীকে হত্যা করেন। এরপর তাঁদের মরদেহ খণ্ডবিখণ্ড করে ফ্রিজে ভরে রাখেন।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, হত্যার তিন দিন পর স্বামী ও শাশুড়ির মরদেহের খণ্ডাংশ গুয়াহাটি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি শহরে ফেলে দিয়ে আসেন ওই নারী ও তাঁর প্রেমিক। পরে ওই নারীকে নিয়ে মরদেহের খণ্ডাংশগুলো উদ্ধার করে পুলিশ।

গত বছরে রাজধানী দিল্লিতে একই ধরনের ঘটনা ঘটেছিল। প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে হত্যার পর তাঁর মরদেহ খণ্ড করে ফ্রিজে রেখেছিলেন প্রেমিক আফতাব পুনেওয়ালা। ওই ঘটনা ভারতজুড়ে বেশ সাড়া ফেলেছিল। আর সম্প্রতি দিল্লিতেই নিক্কি যাদব নামের এক নারীকে হত্যা করে নিজের রেস্তোরাঁর ফ্রিজে রেখে দিয়েছিলেন তাঁর সঙ্গী সাহিল গেহলট।