
আজ শুক্রবার দুপুরে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বড় ধরনের কম্পন অনুভূত হয়। এ সময় অফিস–আদালত ছিল খোলা। তাই বিভিন্ন স্থানে মানুষ কর্মব্যস্ত থাকায় আতঙ্কিত হয়ে পড়ে। অফিস পাড়া ও আবাসিক এলাকার বিভিন্ন বহুতল থেকে মানুষ নিচে নেমে এসে রাস্তায় আশ্রয় নেয়। আজ ভূমিকম্পে কলকাতার একটি বাড়ি হেলে পড়েছে।
আজ ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরার আশাশুনিতে।
আশাশুনি সাতক্ষীরা সীমান্ত এলাকা। এখান থেকে কলকাতার দূরত্ব বেশি নয়। তাই আজ কলকাতার সর্বত্রই তীব্রভাবে এই ভূমিকম্প অনুভূত হয়। রাজ্য সচিবালয় নবান্ন, রাজ্যের নির্বাচনী দপ্তর, বিধানসভা ভবন, সল্টলেক সেক্টর ফাইভের তথ্যপ্রযুক্তি অঞ্চল, পার্ক স্ট্রিটসহ কলকাতার বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়। এ ছাড়া বনগাঁ, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলে এই ভূমিকম্প হওয়ার খবর পাওয়া গেছে। কলকাতা শহরের গণেশ চন্দ্র অ্যাভিনিউতে একটি বাড়ি হেলে পড়ার খবর পাওয়া গেছে। লেক টাউনের একটি পোশাকের দোকানে ফাটল ধরা পড়েছে। তবে গোটা রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।