কলকাতার ঐতিহ্যবাহী বাণিজ্যমেলা ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার ২০২২’ শুরু হয়েছে। এবার এই মেলা পা দিয়েছে ২১ বছরে। বাংলাদেশ থেকে ২৭টি শিল্প প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে এতে অংশ নিয়েছে।
শনিবার বিকেলে কলকাতার বিজ্ঞান নগরীর মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তবে আগের দিন শুক্রবার ছিল এ মেলার প্রথম দিন। ২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।
ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার হলো পূর্ব ভারতের সর্ববৃহৎ বাণিজ্য মেলা। এই মেলার আয়োজক সংস্থা কলকাতার বেঙ্গল চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এবার এই মেলার পার্টনার কান্ট্রি আফগানিস্তান। ফোকাস কান্ট্রি করা হয়েছে থাইল্যান্ড ও ইরানকে। আর হাইলাইটেড কান্ট্রি করা হয়েছে বাংলাদেশকে।
এবারের মেলায় বাংলাদেশসহ ১৭টি দেশ ও ভারতের ২২টি রাজ্য থেকে ৬০০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। থাকছে খাদ্য, শিল্পজাত তৈরি পোশাক, আসবাবপত্র, ঘর সাজানোর সামগ্রী, ইলেকট্রনিকস সামগ্রী, প্রসাধনী, স্বাস্থ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা।
উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন মেলার আয়োজক সংস্থা বেঙ্গল চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুবীর চক্রবর্তী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা ও এই রাজ্যের সাবেক মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস, ভারতে নিযুক্ত আফগানিস্তানের কনসাল জেনারেল নাদির শাহ প্রমুখ। অতিথিরা একযোগে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই মেলা ভারতের সঙ্গে বিভিন্ন দেশের পণ্য আমদানি রপ্তানিতে নতুন পথ খুলে দেবে। ইতিমধ্যে বাংলাদেশের নানা পণ্য ভারতের বিভিন্ন বাজারে নতুন চাহিদা সৃস্টি করেছে। বিশেষ করে বাংলাদেশের পণ্য পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাসহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে।