মহারাষ্ট্রের পার্বণীতে ছাদ ধসে পড়া সেই মন্দির
মহারাষ্ট্রের পার্বণীতে ছাদ ধসে পড়া সেই মন্দির

মহারাষ্ট্রে মন্দিরের নির্মাণাধীন ছাদ ধসে ৪ জন নিহত, ২০ জনের আটকে পড়ার আশঙ্কা

ভারতের মহারাষ্ট্রের পারভানি জেলার হনুমান মন্দিরে নির্মাণাধীন ছাদ ধসে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও ২০ জন পুণ্যার্থী আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ শনিবার এ দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ শুরু করেছে।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের নিরাপদে বের করে আনতে জোর চেষ্টা চালানো হচ্ছে। আহত অবস্থায় যাঁদের উদ্ধার করা হয়েছে, চিকিৎসার জন্য তাঁদের পারভানি জেলা সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই মন্দির ছত্রপতি সম্ভাজীনগর থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে যশওয়াড়ি গ্রামে অবস্থিত।

বার্তা সংস্থা পিটিআইকে পুলিশের এক কর্মকর্তা বলেন, বেলা সাড়ে তিনটার দিকে মন্দিরের সভা-মণ্ডপের (বাইরের হলরুম) ছাদের একটি অংশ ধসে পড়ে। পুলিশ ও জেলা প্রশাসন তাদের দল (টিম) পাঠিয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।