
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গতকাল রোববার শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে ছিল বৃষ্টি। তবে মণ্ডপে ছিল ভিড়। মাথায় ছাতা আর রেইনকোট পরে দেবী দুর্গা আর মণ্ডপে আলোর রোশনাই দেখতে বেরিয়েছে মানুষ। আজ সোমবার মহা অষ্টমীতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
গতকাল সন্ধ্যার পর বিভিন্ন জেলা, পার্শ্ববর্তী রাজ্যগুলো আর দেশ–বিদেশের পর্যটকেরা কলকাতায় পূজামণ্ডপে ভিড় জমান।
কলকাতার সন্তোষ মিত্র স্কয়ার, কলেজ স্কয়ার, একডালিয়া এভারগ্রিন, ত্রিধারা সম্মিলনী, যোধপুর পার্ক, সেলিমপুর সর্বজনীন, সুরুটি সংঘ, দেশপ্রিয় পার্ক, সুরুচি সংঘ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সল্টলেক এফডি ব্লক, নাকতলা উদয়ন সংঘ, চেতলা অগ্রণী, চালতাবাগান সর্বজনীন, ২৫ পল্লী সর্বজনীন, মুদিয়ালি ক্লাব, হাতিবাগান সর্বজনীন, বাগবাজার সর্বজনীন, বড়িশা ক্লাব, টালা পার্ক প্রত্যয়, তেলেঙ্গানা বাগান সর্বজনীন, নলিনী সরকার স্ট্রিট সর্বজনীন মণ্ডপগুলোয় উপচে পড়া ভিড় ছিল।
এবারের পূজা কারাগারে কাটাচ্ছেন সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল আর পার্থর বান্ধবী হিসেবে পরিচিত মডেল তারকা অর্পিতা মুখার্জি। তিনজনই পূজাকে সামনে রেখে জামিনের আবেদন করেছিলেন। তবে সিবিআই ও ইডির বিশেষ আদালত জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।
মহাষষ্ঠীর দিনে বিশেষ অনুমতি নিয়ে প্রেসিডেন্সি কারাগারের পূজায় যোগ দিয়ে পার্থ চট্টোপাধ্যায় ঢাক বাজিয়েছেন। দেবীকে প্রণাম করে ফুল দিয়েছেন। তারপর ফিরে গেছেন নিজের সেলে। অন্যদিকে আসানসোল জেলের সেলে অনুব্রত মণ্ডল তাঁরা মায়ের (মা কালী) ছবি টাঙিয়ে সেখানে মা মা বলে ধূপ, ধুনা ও ফুল দিয়ে প্রার্থনা করেছেন। আশীর্বাদ চেয়েছেন। আলিপুর মহিলা কারাগারেও অর্পিতা মুখার্জি মা দুর্গার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।