
নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের আর্থিক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কলকাতার সিজিএ কমপ্লেক্সের ইডির দপ্তরে উপস্থিত হন রুজিরা। সেখানে আট ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আজ বেলা ১১টা থেকে রুজিরাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ শেষ হয় সন্ধ্যা সাতটার পর।
রুজিরাকে এর আগেও কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডির কর্মকর্তারা। চার মাস আগেই সেই জিজ্ঞাসাবাদ হয়। দুটি বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের সূত্র ধরে রুজিরাকে গত জুনের প্রথম দিকে ডেকে পাঠিয়েছিলেন ইডির তদন্তকারীরা। তবে সেটি ছিল কয়লা পাচার–সংক্রান্ত তদন্তের সূত্রে। সেই সময় টানা সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রুজিরাকে।
গত ৫ জুন সকালে রুজিরা তাঁর দুই শিশুসন্তানকে নিয়ে দুবাই যাওয়ার উদ্দেশে কলকাতা বিমানবন্দরে পৌঁছলে অভিবাসন দপ্তর তাঁকে দুবাই যেতে দেননি। তাঁর বিরুদ্ধে ইডির একটি মামলায় লুক আউট নোটিশ জারি থাকার কারণে। কিন্তু আজ তিনি ইডির ডাকে যথারীতি হাজির হন ইডির সল্টলেকের দপ্তরে।
এর আগে কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করা হলেও এবারই প্রথম নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন রুজিরা।
গত শুক্রবার ইডি ডেকেছিল অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়কে আর শনিবার ডেকেছিল অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু গতকাল অভিষেকের মা ও বাবা ইডির সেই ডাকে সাড়া দেননি; বরং অভিষেকের মা ১ হাজার ২০০ পাতার নথি আইনজীবীর মাধ্যমে পাঠিয়ে দেন ইডির দপ্তরে। আর অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে ডাকলে সেই ডাকে সাড়া না দিয়ে তিনিও ইডির চাহিদামতো এক হাজার পাতার নথি আইনজীবীর মাধ্যমে পাঠিয়ে দেন ইডির দপ্তরে। কিন্তু আজ ইডি দপ্তরে হাজির হন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।