পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে অমিত শাহের বৈঠকে মমতা

অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়
 ফাইল ছবি

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে কলকাতায় পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তের নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ শনিবার সকালে শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও ওডিশার পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ আমাত।

প্রধানত পূর্ব ভারতের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের দুই হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। এই সীমান্তের নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। এতে গরু পাচার ও চোরাচালানের বিষয়টি স্থান পাবে বলে জানা গেছে।

এই বৈঠকের আগে গতকাল শুক্রবার অমিত শাহ কলকাতায় বিজেপি নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও দলের নেতাদের সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি।

ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়েও আলোচনা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

কলকাতার বৈঠকের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মেঘালয়ের রাজধানী শিলংয়ে যাবেন। সেখানে উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার বিষয়ে তিনি ওই অঞ্চলের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।