
উত্তর-পূর্ব ভারতের মেঘালয় এবং নাগাল্যান্ডে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ শুরু হয়েছে ভোর সাতটায়, চলবে বিকেল চারটে পর্যন্ত। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি আসনসহ আরও তিন রাজ্যের প্রতিটিতে একটি করে বিধানসভা আসনে উপনির্বাচন চলছে।
তৃণমূলের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর কারণে মুর্শিদাবাদের সাগরদিঘি আসনটি খালি হয়ে যায়। সাগরদিঘি অঞ্চলে নির্বাচনের তিন দিন আগে স্থানীয় পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিজিৎ সরকারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সাগরদিঘি আসনে ভোট গ্রহণকে কেন্দ্র করে আজ সোমবার কিছুটা উত্তেজনা রয়েছে।
আজ সকাল ৯টা নাগাদ সাগরদিঘি বিধানসভার হোসেনপুর ২১০ ও ২১১ নং বুথে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস বুথের ভেতরে প্রবেশ করায় এলাকায় উত্তেজনা ছড়ায়। সাগরদিঘির সামসাবাদ হাইস্কুলের ২০৮ এবং ২০৯ নম্বর বুথে রাজ্যের পুলিশ ২০০ মিটারের মধ্যে প্রবেশ করেছে বলে অভিযোগ করেন বিজেপির প্রার্থী দিলীপ সাহা।
তাঁর অভিযোগের পরে রাজ্যের পুলিশ নির্ধারিত এলাকার বাইরে বেরিয়ে যায়। নির্বাচন কেন্দ্রের ২০০ মিটারের ভেতরে শুধু কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর থাকার কথা। সাগরদিঘিতে উত্তেজনার আশঙ্কাতে প্রতিটি প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়ন করা হয়েছে। সাগরদিঘিতে ২৪৬টি ভোটকেন্দ্র রয়েছে।
পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, ঝাড়খণ্ড এবং অরুণাচল প্রদেশের একটি করে আসনে আজ উপনির্বাচন হচ্ছে। সব রাজ্য এবং আসনের ফল ঘোষণা করা হবে ২ মার্চ।
মেঘালয় রাজ্যের সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১২ দশমিক ১ শতাংশ। নাগাল্যান্ডে দ্রুতগতিতে ভোট গ্রহণ চলছে। বেলা ১১টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৩৫ দশমিক ২ শতাংশ। ভোট গ্রহণ দুই রাজ্যেই শান্তিপূর্ণভাবে চলছে। দুই রাজ্যেই প্রচুর ভোটার ভোটকেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন।
নাগাল্যান্ডের ওখা জেলায় ভোটকর্মী এবং নিরাপত্তারক্ষীদের নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার সময় একটি বাস খাদে পড়ে যায়। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে, অন্তত ১০ জন আহত হয়েছেন বলে রাজ্য পুলিশ জানিয়েছে।
দুই রাজ্যেই বিরাটসংখ্যক কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে, ভোট চলাকালীন শান্তি বজায় রাখার জন্য।