পশ্চিমবঙ্গে আবারও গণরোষের শিকার ‘দিদির দূতেরা’

পশ্চিমবঙ্গের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজ এলাকায় গিয়ে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়েন
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ‘দিদির দূত’ নামে পরিচিত তৃণমূলের নেতারা রাজ্যের বিভিন্ন এলাকায় নেমে প্রায় প্রতিদিনই বাধার মুখে পড়ছেন। আজ শুক্রবার একই ঘটনা ঘটেছে। আজ বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতির্ময় মল্লিক, বীরভূমের সংসদ সদস্য শতাব্দী রায়, বিধায়ক জগদীশ বর্মা, বিধায়ক বরেন চন্দ্র বর্মণ, সিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী প্রমুখ।

মমতা বন্দ্যোপাধ্যায় ১৮ জানুয়ারি থেকে এই রাজ্যে শুরু করেছেন ‘দিদির সুরক্ষা কবচ কর্মসূচি’ প্রকল্প বাস্তবায়ন। এই কর্মসূচির অংশ হিসেবে মুখ্যমন্ত্রী নিয়োজিত ‘দূতদের’ গ্রামে পাঠানো হচ্ছে। তাঁদের কাজ, সাধারণ গ্রামবাসীর অভাব–অভিযোগের কথা শোনা। কিন্তু এই কর্মসূচি শুরু হওয়ার পর দিদির দূতেরা গ্রামে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়ছেন।

আজ সকালে বীরভূমের তৃণমূল সংসদ সদস্য ও চলচ্চিত্র অভিনেত্রী শতাব্দী রায় কাঁকরতলায় গেলে সেখানে গ্রামবাসী তাঁকে ঘিরে ধরে। গ্রামবাসী দরিদ্র মানুষের জন্য আবাসন কর্মসূচি বা আবাস যোজনা নিয়ে দুর্নীতির কথা তুলে ধরে। তারা দাবি করে, কোনো কাজই করেননি সংসদ সদস্য শতাব্দী রায়। রাস্তাঘাট করেননি। উন্নয়নও করেননি।

আজই পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ধরমপুরের একটি উপস্বাস্থ্যকেন্দ্রে গেলে তীব্র প্রতিবাদের মুখে পড়েন। গ্রামবাসীর অভিযোগ, এই উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নেই, ওষুধ নেই, চিকিৎসা নেই।
রাজ্যের কোচবিহারের বিধায়ক জগদীশ বর্মা স্থানীয় একটি বিদ্যালয়ে গেলে মানুষ অভিযোগ করে, স্কুলে শিক্ষক নেই, পড়াশোনা নেই।

আবার বীরভূমের সিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী এলাকায় গেলে বিক্ষোভের মুখে পড়েন। গ্রামবাসী জানায়, আবাস যোজনায় গৃহ বরাদ্দের জন্য পঞ্চায়েতের লোকজন ২০ হাজার রুপি নিয়েছেন। অথচ আবাস যোজনায় তাদের নাম ওঠেনি।