প্রতীকী ছবি। এআই প্রযুক্তিতে তৈরি
প্রতীকী ছবি।  এআই প্রযুক্তিতে তৈরি

পুরোনো কর্মস্থল ৬০০ মিটার দূরে, তাই হলো না চাকরি

চাকরির আবেদন করার পর নিয়োগকর্তারা নানা কারণে একজন চাকরিপ্রার্থীর আবেদন বাতিল করে দেন। কেউ কেউ আবেদনপত্র বাতিল করার কারণ জানান। অদ্ভুত সব কারণেও আবেদনপত্র বাতিল হয়, অনেক সময় কারণ খুবই দুর্বল থাকে।

কিন্তু ভারতীয় এক চাকরিপ্রত্যাশীর সঙ্গে যা ঘটেছে, সেটা হয়তো অনেকের কল্পনাকেও ছাড়িয়ে যাবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ–সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হয়েছে। ওই পোস্টে ভারতীয় একজন চাকরিপ্রত্যাশী তাঁর চাকরির আবেদন বাতিল হওয়ার কারণ তুলে ধরেন।

ওই চাকরিপ্রার্থী বলেন, নির্ধারিত পদের জন্য তাঁর যোগ্যতা বা দক্ষতা কম; কারণ, সেটা নয়। নিয়োগকর্তাদের তাঁর আবেদন প্রত্যাখ্যান করার কারণ, তিনি আগে যে কোম্পানিতে কাজ করছেন, সেই কর্মস্থল থেকে যে কোম্পানিতে আবেদন করেছেন, তাদের কার্যালয়ের দূরত্ব মাত্র ৬০০ মিটার।

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে দেওয়া পোস্টে ওই চাকরিপ্রার্থী লিখেছেন, ‘আজ (তিনি যেদিন ই–মেইলটি পেয়েছেন) আমি আমার জীবনে সবচেয়ে মজার প্রত্যাখ্যানের ই–মেইল পেয়েছি। তাঁরা বলেছেন, “আমার প্রোফাইল ও অভিজ্ঞতা তাঁদের পছন্দ হয়েছে। কিন্তু তাঁরা আমাকে নিয়ে এগোতে পারছেন না। কারণ, তাঁদের ‘গোপনীয়তা ও তথ্য নিরাপত্তা নীতি”। কারণ, আমার আগের প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তাঁদের কার্যালয়ের দূরত্ব মাত্র ৬০০ মিটার।’

চাকরিপ্রার্থী কোম্পানির নাম উল্লেখ করেননি। তবে তিনি এটা বলেছেন, পুরো ঘটনাটি এতটাই হাস্যকর ছিল যে তিনি বিষয়টি অন্যদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারেননি।

পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা নানা মন্তব্য করেন। অনেকে বলেছেন, প্রতিষ্ঠানটি যদি কোনো গোপনীয় অ্যালগরিদম তৈরি না করে থাকে, তাহলে প্রত্যাখ্যানের এই কারণ কোনোভাবেই যৌক্তিক মনে হচ্ছে না।