ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা এবং বেশ কয়েকটি জেলায় আজ শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৫।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলা শহরের কাছাকাছি।
এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
কলকাতার সল্টলেকের একটি বহুতল আবাসন ভবনের বাসিন্দা ১২ বছর বয়সী এক কিশোর বলে, কম্পন এতটাই জোরালো ছিল যে ভবনটি নড়ে উঠেছিল।
কলকাতার বেহালার বাসিন্দা এক তরুণী বলেন, ‘আমার পুরো বিছানা কাঁপতে শুরু করেছিল। আমি চিৎকার করে মায়ের কাছে দৌড়ে যাই।’
ইএসপিএনে কর্মরত অণ্বেষা ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘সম্ভবত আমার জীবনে অনুভূত হওয়া সবচেয়ে শক্তিশালী কম্পন এটি। বেশ কয়েক সেকেন্ড ধরে এটি স্থায়ী ছিল। ঘরবাড়ি কেঁপে উঠেছে। ঘরের তাক থেকে জিনিসপত্র পড়ে গেছে। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’
কলকাতা নগরের বিভিন্ন অফিসের বাইরে মানুষের ভিড় দেখা গেছে। কারণ, কম্পন শুরু হতেই সবাই ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।