পশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়ক মানিককে আদালতে দেখে ‘চোর চোর’ ধ্বনি

মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতে হাজির করা হয় পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) সাবেক চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে
ছবি: ভাস্কর মুখার্জি

দুর্নীতির মামলায় পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) সাবেক চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে আদালতে নেওয়া হলে ‘চোর চোর’ ধ্বনি উঠল। মঙ্গলবার মানিককে কলকাতার নগর দায়রা আদালতে নেওয়ার পর এ ঘটনা ঘটে। এ সময় নারী বিক্ষোভকারীরা পায়ের জুতা খুলে বিক্ষোভ দেখাতে থাকেন।

ভারতের কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি) টানা ১০ ঘণ্টা জেরার পর সোমবার গভীর রাতে মানিককে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থের বিনিময়ে চাকরির পরীক্ষায় ফেল করা প্রার্থীদের নিয়োগ দিয়েছেন।  

এ নিয়ে কলকাতা হাইকোর্টে দুর্নীতির মামলা করা হয়েছে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। ইডি এই মামলার তদন্তের জন্য মানিক ভট্টাচার্যকে তাদের দপ্তরে ডাকলেও মানিক ভট্টাচার্য বারবার এড়িয়ে যান। তাঁকে যেন গ্রেপ্তার না করা হয়, সেই দাবি নিয়ে তিনি আবেদন করলে সুপ্রিম কোর্ট ১০ অক্টোবর পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার ‘রক্ষাকবচ’ দেন।  

সোমবার সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইডি আবার তাঁকে কলকাতার ইডির দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেয়। মানিক ভট্টাচার্য ইডির দপ্তরে সোমবার দুপুরে হাজির হলে তাঁকে রাতভর ১০ ঘণ্টা জেরা করা হয়। কিন্তু মানিক ভট্টাচার্য অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে যান। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে মানিক ভট্টাচার্যের স্বাস্থ্য পরীক্ষা করানো হয় দক্ষিণ কলকাতার জোকার ইএসআই হাসপাতালে। পরীক্ষার পর তাঁকে কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ ইডির এজলাসে হাজির করানো হয়। মঙ্গলবার বিকেলে আদালতে নেওয়া হলে সেখানে বিক্ষুব্ধ জনতা মানিক ভট্টাচার্যকে দেখে ‘চোর চোর’ বলে স্লোগান দিতে থাকে।

এর আগে স্কুলশিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। এ মামলায় পার্থসহ ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে আলিপুরের সিবিআইয়ের বিশেষ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এখন আদালতের নির্দেশে কলকাতার প্রেসিডেন্সি কারাগারে বন্দী রয়েছেন।

মঙ্গলবার বিকেলে শুনানির সময় ইডির আইনজীবী আদালতে অভিযোগ করেন, মানিকের ছেলের ব্যাংক হিসাবে ২ কোটি ৬৪ লাখ রুপির সন্ধান মিলেছে।