পশ্চিমবঙ্গে মন্ত্রী শ্রীকান্তের ভিন্ন সুর, অস্বস্তিতে তৃণমূল

পশ্চিমবঙ্গের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো
ছবি: প্রথম আলো

মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর এক মন্তব্যে অস্বস্তিতে পড়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। মাহাতো দলের একাধিক নেতা–নেত্রী সম্পর্কে দুর্নীতির অভিযোগ তুলেছেন। দলীয় মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে একের পর দুর্নীতির ঘটনা উন্মোচনের মধ্যে এ মন্তব্য তৃণমূলের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা।

শ্রীকান্ত মাহাতো রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী। রাজ্যের পশ্চিম মেদিনীপুরের শালবনীর তৃণমূল বিধায়ক। গত তিনটি বিধানসভা নির্বাচনে ওই আসন থেকে তিনি জয়ী হয়ে আসছেন।

গতকাল শনিবার পশ্চিম মেদিনীপুরেই এক অনুষ্ঠানে শ্রীকান্ত মাহাতো দলের সংসদ সদস্য ও বিধায়ক মিমি চক্রবর্তী, নুসরত ও সায়নী ঘোষের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন।

শ্রীকান্ত মাহাতো বলেন, ‘ মিমি, নুসরত, সায়নী, নেপাল সিংহ, সন্দীপ সিংহ এবং উত্তরা সিংয়েরা লুটেপুটে খাচ্ছে। আর দল বলছে ওরা দলের সম্পদ।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা এই নিয়ে প্রশাসন ও পুলিশকে স্মারকলিপি দেব। আমাদের অধিকারে হস্তক্ষেপ করা হলে আমরা প্রতিবাদ করব। তৈরি করব পশ্চিমাঞ্চল নাগরিক সমাজ, কৃষক সমাজ এবং বুদ্ধিজীবী সমাজ। আমরা আমাদের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও যাব।’

শ্রীকান্ত মাহাতো বলেন, ‘এর আগে আমাদের নানা সমস্যা ও দাবি নিয়ে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সীসহ তৃণমূল নেতাদের বোঝাতে চেষ্টা করেছি। কিন্তু তাঁরা বুঝতে চাননি। নেতারা যদি কথা না শোনেন, তবে তো আর দল করা যাবে না। তাই তো এখন অনেকেই চোর বলা শুরু করেছে। অথচ তাদের বলা হচ্ছে দলের সম্পদ। দল চোরেদের কথা শুনবে আর আমরা চুপ হয়ে থাকব?’

মন্ত্রী শ্রীকান্ত বলেন, ‘এই মন্ত্রিসভায় আমাদের চুপ হয়ে থাকা কি উচিত হবে? নইলে তো আমাদের আশ্রমে চলে যেতে হবে।’

শ্রীকান্তের এ মন্তব্যের পর রাজ্যজুড়ে আলোচনার সৃষ্টি হয়। শ্রীকান্তকে গতকালই কারণ দর্শাতে বলা হয়। আজ রোববার অবশ্য মন্ত্রী শ্রীকান্ত দলের বিরুদ্ধে অবস্থান থেকে সরে গিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। যদিও ইতিমধ্যে মন্ত্রীর ওই সব কথার একটি ভিডিও রাজ্যব্যাপী ভাইরাল হয়েছে।