
যে প্রশ্নটির উত্তর ‘ইন্ডিয়া’ সন্তর্পণে এড়িয়ে চলছিল, বিরোধী জোটের চতুর্থ বৈঠকে সরাসরি সেই বিষয়ের অবতারণা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অশোকা হোটেলে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠকে মমতা সরাসরি প্রস্তাব করলেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেই জোটের প্রধানমন্ত্রীর মুখ করা হোক। মমতার সেই প্রস্তাব তৎক্ষণাৎ সমর্থন করেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। সূত্র অনুযায়ী, কেজরিওয়াল বলেন, দেশকে প্রথম দলিত প্রধানমন্ত্রী উপহার দেওয়ার সুযোগ এসেছে। তার সদ্ব্যবহার করা উচিত।
বিষয়টি নিয়ে বৈঠকে অবশ্য তেমন বিশদে আলোচনা হয়নি। কারণ, খাড়গে নিজেই আপত্তি জানিয়ে বলেন, এখন এটা আদৌ বিবেচ্য নয়। জোটের ‘পাখির চোখ’ হওয়া উচিত লোকসভা ভোটে বিজেপিকে হারিয়ে জয়লাভ করা। প্রধানমন্ত্রিত্বের প্রশ্ন তার পর জোট নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক করবে।
তিন ঘণ্টার বৈঠক শেষে জোটের পক্ষে সংবাদ সম্মেলনেও খাড়গে সেই কথা জানান। তিনি বলেন, বৈঠকে মোট ২৮টি দলের নেতারা যোগ দিয়েছেন। প্রত্যেকেই একমত, সম্মিলিত শক্তিতে বিজেপির মোকাবিলা করতে হবে। সবারই উপলব্ধি এক—তাঁরা যে জোটবদ্ধ, দেশবাসীকে এর প্রমাণ দেওয়া। সেই জন্য ঠিক হয়েছে ‘ইন্ডিয়া’র সব শরিক নেতা সারা দেশে একযোগে ৮–১০টি জনসভা করবেন। একজোট হয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন। খাড়গে বলেন, নেতারা একজোট হয়ে আন্দোলন না করলে, জনসভা না করলে মানুষও বুঝবে না যে আমরা সত্যিই জোটবদ্ধ।
সংসদ থেকে বিরোধীদের বহিষ্কারসহ সরকারের যাবতীয় অগণতান্ত্রিকতার বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোট ২২ ডিসেম্বর সর্বভারতীয় স্তরে বিক্ষোভ সমাবেশ করবে ঠিক হয়েছে।
এই বৈঠকের একটা বড় আকর্ষণ ছিল জোট শরিকদের মধ্যে আসন সমঝোতার জট ছাড়াতে কী প্রস্তাব গৃহীত হয় তা। তৃণমূল সূত্রে জানা যায়, মমতা প্রস্তাব করেন ৩১ ডিসেম্বরের মধ্যেই আসন ভাগাভাগির পাট চুকিয়ে ফেলা হোক। সেই প্রস্তাব সমর্থন করেন কেজরিওয়াল, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরেরাও। এ বিষয়ে খাড়গে বলেন, আসন ভাগাভাগি নিয়ে রাজ্যে রাজ্যে নেতারা প্রথম আলোচনা করবেন। কোথাও ঠেকে গেলে কেন্দ্রীয় নেতৃত্ব তার মীমাংসা করবেন। তিনি বলেন, অনেক রাজ্যে আসন সমঝোতায় কোনো বাধা নেই। যেমন তামিলনাড়ু, কেরালা, বিহার, কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তর প্রদেশ। এসব রাজ্যে কোনো সমস্যা হবে না। বাকি যেমন দিল্লি বা পাঞ্জাবে (পশ্চিমবঙ্গের নাম তিনি নেননি) কেমন বোঝাপড়া হবে, তা–ও পরে ঠিক হয়ে যাবে।
প্রধানমন্ত্রিত্ব নিয়ে প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে খাড়গে বলেন, ‘সাংসদেরা জিততে না পারলে প্রধানমন্ত্রী কে হবেন, তা আলোচনা করা বাতুলতা মাত্র। আগে দরকার জিতে সংখ্যাগরিষ্ঠতা আদায়। তার পর সব নেতা একসঙ্গে বসে গণতান্ত্রিক উপায়ে প্রধানমন্ত্রীকে বেছে নেবেন। কীভাবে সেই জয় আসতে পারে, সবাই তা নিয়েই ভাবুন। সেটাই আমরা সবাই ঠিক করেছি।’
বিজেপি যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর ‘রোলার’ চালাচ্ছে, বৈঠকে সেই প্রশ্নটিও আলোচিত হয়। সংবাদ সম্মেলনে খাড়গে নিজেই তার উল্লেখ করে বলেন, ১৫১ জন বিরোধী সদস্যকে বিজেপি সংসদ থেকে বহিষ্কার করেছে। এর বিরুদ্ধে জোটের পক্ষ থেকে সরকারের নিন্দা করে এক প্রস্তাব গৃহীত হয়েছে। খাড়গে বলেন, তিন রাজ্যে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধারণা হয়েছে, তিনি ও তাঁর দল ছাড়া দেশে আর কারও উপস্থিতি নেই। সংসদ চলছে অথচ তিনি গুজরাটে যাচ্ছেন ভবন উদ্বোধনে, নির্বাচনী কেন্দ্রে যাচ্ছেন অনুষ্ঠানে অংশ নিতে কিন্তু সংসদে আসছেন না। তিনি ভাবতে শুরু করেছেন, গণতন্ত্র শেষ করে দিলেও কেউ তাঁর কিচ্ছু করতে পারবে না। দেশ তাঁরাই শাসন করবেন। তাঁকে জবাবদিহি করার ক্ষমতাও কারও নেই। এই অহংকার ভেঙে দিতে জোটের সব নেতা একমত হয়েছেন।