বিচিত্র

বাঘ ধরার ফাঁদে আটকা মানুষ

ফাঁদে আটকা সেই ব্যক্তি
ছবি: এএনআই

খাঁচায় রাখা একটি মোরগ। দেখে লোভ সামলাতে পারলেন না এক ব্যক্তি। মোরগটি ধরতে খাঁচার ভেতর ঢুকলেন তিনি। তবে জানতেন না, খাঁচাটি আসলে একটি ফাঁদ। চিতা বাঘ ধরতে পাতা হয়েছে সেটি। ফলে যা হওয়ার কথা ছিল, তা–ই হলো। খাঁচায় ঢোকার সঙ্গে সঙ্গে আটকা পড়লেন তিনি।

বিচিত্র এ ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বুলন্দশহর জেলার বাসেনদুয়া গ্রামে। এ ঘটনার ১০ সেকেন্ডের একটি ভিডিও টুইটারে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গেছে, সবুজ রঙের একটি শক্তপোক্ত ধাতব খাঁচায় আটকা পড়ে আছেন এক ব্যক্তি। পরনে তাঁর সাদা শার্ট ও ধূসর প্যান্ট। খাঁচা থেকে মুক্ত করার জন্য সেখানে থাকা বন বিভাগের কর্মকর্তাদের কাছে অনুনয়-বিনয় করছেন তিনি। এ সময় আশপাশে ছিলেন উৎসুক জনতাও। কৌতূহল মেটাতে তাঁরাও ওই ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন।

আটকা পড়া ওই ব্যক্তিকে দেখতে পাওয়ার পরপরই তাঁকে সেখান থেকে মুক্ত করা হয় বলে জানিয়েছেন রাজ্যের বন বিভাগের কর্মকর্তা রাধেশ্যাম। এএনআইকে তিনি বলেন, ‘একটি চিতা বাঘ এই এলাকায় ঘোরাঘুরি করছে বলে আমরা খবর পেয়েছিলাম। এরপর আমরা কিছু সময় ধরে বাঘটি খুঁজেছিলাম। তবে না পেয়ে শেষ পর্যন্ত মোরগ রেখে ফাঁদ পাতার সিদ্ধান্ত নিই।’

এদিকে ১০ সেকেন্ডের ভিডিওটি শেয়ারের পর সেটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে অনেকে ওই ব্যক্তিকে নিয়ে হাসি–ঠাট্টায় মজেছেন। একজন যেমন ভিডিওতে মন্তব্য করেছেন, ‘আরে ভাই, মোরগ ধরতে নেমে নিজেই ধরা পড়লেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এটাই আসল ভারত, যেখানে ট্রেনের শৌচাগারে চুরি ঠেকাতে বদনা শেকল দিয়ে বেঁধে রাখতে হয়। যেখানে মানুষ বেসিনে পানের পিক ফেলে আর জঙ্গলে পাতা ফাঁদ থেকে মুরগি চুরি করে।’

এদিকে ওই ব্যক্তিকে নিয়ে ভিডিওসহ সংবাদ প্রকাশ করায় চটেছেন অনেকে। এমনই একজন ভিডিওর নিচে মন্তব্য করেছেন, ‘যেসব মানুষ লাখো–কোটি রুপি চুরি করছেন, তাঁদের বলা হচ্ছে ব্যবসায়ী। আর গণমাধ্যম এমন একজনের চেহারা জনসম্মুখে আনল, যিনি কিনা মাত্র কয়েক শ রুপির জিনিসের লোভ সামলাতে পারেননি।’