গুজরাট দাঙ্গায় বিলকিস বানুকে দলবদ্ধ ধর্ষণ ও তাঁর পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়
গুজরাট দাঙ্গায় বিলকিস বানুকে দলবদ্ধ ধর্ষণ ও তাঁর পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়

ভারতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার বিলকিস বানুর মামলার দুই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির জামিন

ভারতের গুজরাট রাজ্যের আলোচিত বিলকিস বানু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামির সাজা স্থগিত করে তাঁদের জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, আসামিরা ইতিমধ্যে ১৭ বছরের বেশি সময় কারাভোগ করেছেন এবং তাঁদের আপিলে তথ্যগত ও আইনগত কিছু বিষয় বিবেচনার দাবি রাখে।

২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় ২১ বছর বয়সী বিলকিস বানু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। তখন তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সে সময় তাঁর তিন বছর বয়সী কন্যাসন্তানসহ পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়েছিল।

গত ২৮ অক্টোবর দেওয়া এক আদেশে সুপ্রিম কোর্ট বিপিনচাঁদ যোশী ও প্রদীপ মোধিয়া নামের ওই দুই আসামিকে জামিনের আদেশ দেন। ২০১৭ সালের মে মাসে বোম্বে হাইকোর্ট তাঁদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছিলেন। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে তাঁরা সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন।

জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্টের বিচারকদের বেঞ্চ এ বিষয়টিও বিবেচনায় নিয়েছেন, আবেদনকারীদের একজন, অর্থাৎ বিপিনচাঁদ যোশী গুরুতর শারীরিক প্রতিবন্ধী।

শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অপরাধের ভয়াবহতা এবং বিচারিক আদালত ও হাইকোর্টের অভিন্ন রায়ের কথা উল্লেখ করে জামিন আবেদনের বিরোধিতা করেন।

তবে আসামিপক্ষের আইনজীবী আদালতে বলেন, প্রাথমিক এফআইআরে জামিন আবেদনকারীদের একজনের নামই ছিল না। অপরাধ সংঘটনের প্রায় তিন বছর পর তাঁকে এই মামলায় জড়ানো হয়।

এর আগে চলতি বছরের মার্চে তাঁদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নোটিশ জারি করেছিলেন। আগের শুনানিগুলোতে আসামিপক্ষের আইনজীবী দাবি করেছিলেন, ধর্ষণের অভিযোগের বিষয়ে পুলিশকে দেওয়া জবানবন্দিতে এবং স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকের কাছে দেওয়া বক্তব্যে ভুক্তভোগী (বিলকিস বানু) এই দুজনের নাম উল্লেখ করেননি।

আইনজীবী আরও বলেন, এই দুই ব্যক্তির বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়নি। তাঁদের বিরুদ্ধে একমাত্র প্রমাণ হলো, ঘটনার সময় তাঁরা উচ্ছৃঙ্খল জনতার (মব) মধ্যে উপস্থিত ছিলেন বলে ধারণা করা হয়।