জলমগ্ন সড়কে যানজটের মধ্যে চলাচল করছেন মানুষ। নয়াদিল্লির গাজিয়াবাদের লাল কুয়ান এলাকায়। ২৪ আগস্ট ২০২৬
জলমগ্ন সড়কে যানজটের মধ্যে চলাচল করছেন মানুষ। নয়াদিল্লির গাজিয়াবাদের লাল কুয়ান এলাকায়। ২৪ আগস্ট ২০২৬

দিল্লিতে প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, ফ্লাইট চলাচল বিঘ্ন

প্রবল বৃষ্টিতে আজ সোমবার ভারতের রাজধানী দিল্লির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এত বেশি ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে চাওয়া ১০টির বেশি বিমান অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। রানওয়ের কোনো কোনো অংশ জলমগ্ন হয়ে যাওয়ায় ২৫০–এরও বেশি উড়োজাহাজ যথাসময়ে অবতরণ করতে পারেনি। রাজধানীর অনেক রাস্তাও পানির নিচে তলিয়ে যায়। কোনো কোনো আন্ডারপাসও সতর্কতার কারণে বন্ধ করে দিতে হয়েছে।

আগস্টের চতুর্থ সপ্তাহের এই বৃষ্টির পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। আবহাওয়া অফিস ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করেছিল। রাজধানী দিল্লিতে এ সময়ে এমন বৃষ্টি সচরাচর হয় না। আজ দুই ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৮ মিলিমিটার।

আজ বেলা সাড়ে ১১টা নাগাদ বৃষ্টি শুরু হয়। ক্রমেই এর বেগ বাড়তে থাকে। বৃষ্টি ও ঝঞ্ঝার কারণে দিল্লিগামী ১৫টি ফ্লাইট অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে ১২টি পাঠানো হয় রাজস্থানের রাজধানী জয়পুরে, ২টি চণ্ডীগড়ে ও ১টি লক্ষ্ণৌতে।

পূর্বাভাসের কারণে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেটের মতো বেসামরিক বিমান পরিবহন সংস্থাগুলো যাত্রীদের সতর্কও করে দেয়। বেশ কিছু ফ্লাইটের সময়ও বদলে দেওয়া হয়।

বৃষ্টির কারণে রাজধানী দিল্লির কোনো কোনো এলাকার রাস্তা নদীর রূপ ধারণ করে। এতে কিছু শিশুকে সাঁতার কাটতে দেখা গেছে। স্কুলফেরত বাচ্চাদের দেখা যায় বন্ধ হয়ে যাওয়া স্কুলের গাড়ি ঠেলতে।

জলমগ্ন রাস্তায় হেঁটে যাচ্ছেন শিক্ষার্থীরা। নয়াদিল্লির সঙ্গম বিহার এলাকায়। ২৪ আগস্ট ২০২৬

রাজধানীর প্রায় সর্বত্র যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। দিল্লি ও রাজধানীসংলগ্ন উত্তর প্রদেশের গাজিয়াবাদের রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। কনট প্লেসের পার্কিং এলাকাগুলোও প্লাবিত হয়েছে। এ কারণে মেট্রোতে ভিড় বেড়ে যায়।

আবহাওয়া অফিসের পূর্বাভাসমতে, আজকের বৃষ্টি সত্ত্বেও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যেতে পারে। আগামীকাল মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ফলে গরম বাড়তে পারে।

আজকের বৃষ্টির ফলে দিল্লির বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, কোনো কোনো এলাকায় দূষণের মাত্রা বা একিউআই ১০০–এরও নিচে নেমে গেছে। দূষণমাত্রা আগামী কয়েক দিন সহনীয়তার মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে।