তাজমহলের একটি মার্বেল পাথরের খণ্ড যুক্তরাজ্যে নিলামে তোলা হচ্ছে। প্রায় ২১০ বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এটি সংগ্রহ করেছিলেন। উত্তরাধিকার সূত্রে এত দিন তাঁর পরিবারের কাছে সংরক্ষিত ছিল ঐতিহাসিক এ মার্বেল পাথর।
কর্নেল পাউনল ফিপস (১৭৮০-১৮৫৮) নামের ওই ব্রিটিশ কর্মকর্তা আগ্রায় ঐতিহাসিক ভবনগুলোর তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। তাজমহলসহ বিভিন্ন স্থাপনার সংস্কারকাজ দেখভাল করতেন তিনি। তাজমহলের নিচে একটি ভূগর্ভস্থ কক্ষে মার্বেল পাথরের খণ্ডটি খুঁজে পেয়েছিলেন ফিপস।
কর্নেল পাউনল ফিপস নামের ওই ব্রিটিশ কর্মকর্তা আগ্রায় ঐতিহাসিক ভবনগুলোর তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। তাজমহলসহ বিভিন্ন স্থাপনার সংস্কারকাজ দেখভাল করতেন তিনি। তাজমহলের নিচে একটি ভূগর্ভস্থ কক্ষে মার্বেল পাথরের খণ্ডটি খুঁজে পান ফিপস।
পাউনল ফিপসের ধারণা ছিল, পাথরখণ্ডটি সংস্কারকাজে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। তাঁর ছেলের স্মৃতিকথা অনুযায়ী, এটি নিজের কাছে রাখার অনুমতি পেয়েছিলেন ব্রিটিশ কর্মকর্তা ফিপস।
১৮১৬ সালে আগ্রায় দায়িত্ব পালন শেষে তাজমহল থেকে দুটি মার্বেল পাথরের খণ্ড সংগ্রহ করেছিলেন ফিপস। আগামী ৯ ডিসেম্বর যুক্তরাজ্যে এটির নিলাম হবে।
মার্বেল পাথরের খণ্ডটি আয়তাকার। চার কোণা কিছুটা কাটা। এর ওপর আগেট, জ্যাসপার, ক্যালসেডনি ও অন্যান্য মূল্যবান পাথর মসৃণ করে বসানো হয়েছে। পাথরগুলো দিয়ে তৈরি করা হয়েছে ফুলের নকশা।
মার্বেল পাথরটির চারপাশের ফুলের নকশার সঙ্গে তাজমহলে সম্রাট শাহজাহানের সমাধির ওপরের সমতল অংশের কিনারায় থাকা নকশার মিল রয়েছে। মার্বেলটির ফুল ও লতাপাতার নকশার সঙ্গেও সমাধির ওপরের বাঁ পাশের নকশার সাদৃশ্য পাওয়া যায়।
মার্বেলের পাথরটির দৈর্ঘ্য ৫৫ দশমিক ৮ সেন্টিমিটার, প্রস্থ ৪৫ দশমিক ২ সেন্টিমিটার এবং পুরুত্ব ৩ সেন্টিমিটার। লন্ডনের নিলাম প্রতিষ্ঠান লিয়ঁ অ্যান্ড টার্নবুল আয়োজিত মুসলিম ও ভারতীয় স্থাপত্য শিল্পকর্মের নিলামে এটি তোলা হবে। সরাসরি নিলামের পাশাপাশি অনলাইনেও এতে অংশ নেওয়া যাবে।
নিলামে মার্বেল পাথরটির দাম ২০ থেকে ৩০ হাজার পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৩ লাখ থেকে ৫০ লাখ টাকা।
লিয়ঁ অ্যান্ড টার্নবুলের মুসলিম ও ভারতীয় স্থাপত্য শিল্পকর্ম বিভাগের প্রধান ক্রিস্টিনা সানে বলেন, ‘মার্বেল পাথরের খণ্ডটি বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট। এমন একটি বস্তু নিলামে তোলার সুযোগ পাওয়া বিশেষ সম্মানের।’
ক্রিস্টিনা আরও বলেন, একজন ব্রিটিশ কর্মকর্তা ২১০ বছর আগে মার্বেলটি যুক্তরাজ্যে নিয়ে গিয়েছিলেন। এত দিন পরও সেটি তাঁর পরিবারের কাছে রয়েছে। ঘটনাটি অসাধারণ।