
বড়দিনের আগে ও পরে ভারতের বিভিন্ন স্থানে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের ওপর হামলার ঘটনা ঘটেছে। ক্ষুদ্র জাতিসত্তার মানুষের বসবাস বেশি এমন ছত্তিশগড় রাজ্যে হামলা হয়েছে সবচেয়ে বেশি। বেশ কয়েকজনকে লাঠি, গাড়ির টায়ার ও রড দিয়ে মারধর করা হয়। অন্তত ২৪ জন হাসপাতালে ভর্তি। তাঁদের অনেকের হাড় ভেঙেছে। এ ছাড়া খ্রিষ্ট ধর্মাবলম্বীদের জোর করে ধর্মান্তর করার অভিযোগ উঠেছে সেখানে।
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের ওপর হামলার এসব ঘটনা নিয়ে ভারতের বেশ কয়েকটি মানবাধিকার ও সামাজিক সংগঠন সোমবার রাতে একটি সংক্ষিপ্ত ‘সত্যানুসন্ধান’ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ছত্তিশগড়ের দক্ষিণাঞ্চলে নারায়ণপুর এবং কোন্ডাগাঁও জেলায় গত কয়েক দিনে অসংখ্য সহিংসতার ঘটনা ঘটেছে।
প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, সংগঠিত প্রচারের মাধ্যমে দুই জেলায় ক্ষুদ্র জাতিসত্তার মানুষের মধ্যে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের জোর করে হিন্দুধর্মে ধর্মান্তর করা হচ্ছে। ৯ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে নারায়ণপুরে অন্তত ১৮টি এবং কোন্ডাগাঁও জেলার ১৫টি গ্রামের খ্রিষ্ট ধর্মাবলম্বীদের ওপর হামলা হয়েছে। অন্তত এক হাজার মানুষ গ্রামছাড়া হয়েছেন। তাঁদের বলা হয়েছে, গ্রামে ফিরতে হলে হিন্দুধর্ম গ্রহণ করতে হবে। আরও হুমকি দিয়ে বলা হয়েছে, ধর্মান্তরিত না হলে তাঁদের হত্যা করাও হতে পারে।
প্রতিবেদনটি তৈরি করেছেন ভারতে সাম্প্রদায়িক দাঙ্গাবিরোধী আন্দোলনের পথিকৃৎ আসগর আলীর ছেলে ইরফান। তিনি সেন্টার ফর স্টাডি অব সোসাইটি অ্যান্ড সেক্যুলারিজম নামে মুম্বাইভিত্তিক থিঙ্কট্যাংকের পরিচালক। সঙ্গে ছিলেন ঝাড়খণ্ডের জ্যেষ্ঠ সাংবাদিক অশোক ভার্মা, দিল্লির ক্যাথলিক বিশপ কনফারেন্স নামে একটি সংগঠনের প্রতিনিধি নিকোলাস বারলা, একটি বামপন্থী সংগঠনের প্রতিনিধি ব্রিজেন্দ্র তিওয়ারি এবং আইনজীবী ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দুই সংগঠন।
গত নভেম্বরে ভারতে খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের একটি যৌথ পরিষদ ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম এক প্রতিবেদনে জানিয়েছিল, চলতি বছরে এখন পর্যন্ত ভারতে বিভিন্ন স্থানে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর ৫১১টি হামলার ঘটনা ঘটেছে। এর আগে ভারতে এক বছরে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর এত হামলা হয়নি। গত কয়েক দিনে ছত্তিশগড়ে এবং মধ্য ও উত্তর ভারতে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাগুলো এর সঙ্গে যোগ করলে ৬০০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
মাদামনাড় গ্রামের বাসিন্দা মংলু কোরম নামের একজনকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তাঁকে এবং তাঁর গ্রামের আরও ২১টি খ্রিষ্টান পরিবারের সদস্যদের গ্রামের মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে মন্দিরের পূজারি জোর করে কিছু আচার-অনুষ্ঠান পালনের পর ঘোষণা করেন যে গ্রামের মানুষ এখন হিন্দু।
হামলার শিকার ব্যক্তিদের থেকে বাইবেল কেড়ে নেওয়া হয়। আরও একাধিক গ্রামের নাম উল্লেখ করে প্রতিবেদনে একটি তালিকা দেওয়া হয়েছে। সেখানে কোন গ্রাম থেকে কতজনকে উচ্ছেদ বা ধর্মান্তর করা হয়েছে, সে হিসাব আছে। তেমরুগাঁও গ্রামে কয়েকজন পুলিশের সামনে ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষকে পেটানো হয়।
তিন মাস ধরে এসব গ্রামে এ ধরনের ‘অভিযান’ চালানোর প্রস্তুতি চলছিল বলে মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বা রাজ্য প্রশাসন খ্রিষ্টানদের ওপর হামলা ঠেকাতে কোনো ব্যবস্থাই নেয়নি। দক্ষিণ ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের (গ্রামগুলো ডিভিশনের অন্তর্গত) এক উচ্চপদস্থ কর্মকর্তা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা একাধিক ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু ডিভিশনটি অনেক বড় (৩০ হাজার বর্গকিলোমিটার) হওয়ায় প্রত্যন্ত গ্রামের খবর রাখা সম্ভব হয়নি।
প্রতিবেদনে বলা হচ্ছে, ‘এসব হামলার ঘটনা নিয়ে অভিযোগ নথিভুক্ত করার কথা জানিয়েছে পুলিশ। যদিও সে অভিযোগ ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি।’
ছত্তিশগড়ে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রভাবশালী নেতা ও ছত্তিশগড় খ্রিষ্টান ফোরামের সভাপতি অরুণ পান্নালাল প্রথম আলোকে কিছু ভিডিও পাঠিয়ে দাবি করেন, সোমবার অসংখ্য মানুষকে তাঁদের গ্রামে ফেরত পাঠিয়ে বাড়িতে ঢোকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু আতঙ্কিত বাসিন্দাদের বাড়িতে ঢোকাতে পুলিশের চেষ্টা ব্যর্থ হয়। পান্নালাল প্রথম আলোকে আরও বলেন, তাঁদের গ্রামের মানুষ বহিষ্কৃত এসব খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের আর গ্রামে ঢুকতে দিতে নারাজ।
প্রায় পাঁচ বছর ধরে ছত্তিশগড়ে রাজ্যে ক্ষমতায় কংগ্রেস। কংগ্রেস ক্ষমতায় থাকা অবস্থায় কেন রাজ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর বড় ধরনের হামলা ঠেকানো যাচ্ছে না, এমন প্রশ্নে অরুণ পান্নালাল বলেন, এখন এটা পরিষ্কার যে কংগ্রেসেরও উদ্দেশ্য সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের ওপরে হামলা করা, তাদের উদ্বেগে রাখা।
রাজ্যের প্রভাবশালী এ খ্রিষ্টান নেতা আরও বলেন, ‘সোমবার রাহুল গান্ধীর অটল বিহারি বাজপেয়ীর সমাধিস্থলে যাওয়া প্রমাণ করে যে সংখ্যালঘু প্রশ্নে কংগ্রেসের আদর্শ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) থেকে আর আলাদা নয়। ছত্তিশগড়ে খ্রিষ্টান সম্প্রদায় আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ, হামলার সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জমি–বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এই শীতের মধ্যে তাদের যাওয়ার কোনো জায়গা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, রাজ্যের ক্ষমতাসীন দল তাদের পাশে নেই।’
প্রতিবেদনে পুরো বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত, অভিযোগ নথিভুক্তি করা, হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, আক্রান্ত ব্যক্তিদের গ্রামে ফেরানোর ওপর জোর দেওয়া হয়েছে। খোলা মাঠে থাকা হামলার শিকার ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেনি ক্ষমতাসীন কংগ্রেস।