কলকাতার ঐতিহাসিক রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কলকাতার ঐতিহাসিক রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

যোগ দিবসে কলকাতার রেড রোডে মোদির যোগাসনচর্চা

আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যোগ মানুষের জীবনের চেতনার সঙ্গে জুড়ে আছে।

আজ রোববার সকালে কলকাতার ঐতিহাসিক রেড রোডে পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন মোদি। তিনি সেখানে আরও বলেছেন, বয়সকালে সুস্থ থাকতে যোগ অনুপ্রেরণা জোগায়। যোগ জীবনশৈলীকে ভারসাম্য রাখে। সমাজকে সুস্থ রাখে। সমাজ সুস্থ থাকলে দেশও ভালো থাকে।

হাজারো ভক্তের সঙ্গে আজকের অনুষ্ঠানে যোগ দেন মোদি। তিনি ব্যায়াম করেন এবং সবাইকে এই যোগাসনে বসতে অনুপ্রেরণা জোগান।

গতকাল শনিবার মোদি পশ্চিমবঙ্গে এসে হুগলীর তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। রাত যাপন করেন রাজ্যপালের দপ্তর লোকভবনের অতিথিশালায়। আজ সকালে সেখান থেকে সোজা চলে এসে রেড রোডের যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

মোদি যোগানুষ্ঠানে যোগ দেওয়ার আগে তাঁর দেওয়া ভাষণে আরও বলেছেন, ৪০ বছর বয়সে ২০ বছরের ফিটনেস দিতে পারে এই যোগ অভ্যাস। একই সঙ্গে ৭০ বছর বয়সে ৫০ বছরের অনুভূতি দিতে পারে।

যোগ দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আজ ২১ জুন বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এবার এই উৎসব ১২ বছরে পা দিল। এই উৎসব আজ পৃথিবীর ১৯২টি দেশে পালিত হচ্ছে।

২০১৪ সালের ১১ ডিসেম্বর আন্তর্জাতিক স্বীকৃতি দেয় জাতিসংঘ। সেই লক্ষ্যে ২০১৫ সালের ২১ জুন থেকে পালিত হয়ে আসছে এই যোগ দিবস।

পশ্চিমবঙ্গে এই উৎসবে সকালের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ২ লাখ ৫৭ হাজার মানুষ তাঁদের নাম নথিভুক্ত করেন।

সেই উৎসবে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘যোগ মানসিক সুস্থতা ধরে রাখে। এবারের এই ১২তম যোগ উৎসবের থিম “সুস্থ বাধ্যর্কের জন্য যোগ”। বয়সকালে শরীর ও মনকে সুস্থ রাখতে যোগের তুলনা নেই। তাই তো ঋষি অরবিন্দ বলেছেন, “আমার জীবনটাই পুরো যোগ। যোগ হলো ভারতবর্ষের এক পুরোনো ঐতিহ্য।”’

মোদি আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে চলে যান দক্ষিণ কলকাতার গার্ডেন রিচে। সেখানে ভারতের তৈরি তিনটি যুদ্ধজাহাজ তুলে দেওয়ার কথা ভারতের নৌবাহিনীর হাতে।