
পূর্ব ভারতের আসাম রাজ্যে চলতি বছরের মাঝামাঝি অন্তত চারটি মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে। সরকারি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেসরকারি মাদ্রাসা নথিভুক্ত করার কাজ চলছে। কিন্তু তার অর্থ এই নয় যে সেখানে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামো খুব ভালো অবস্থায় আছে।
গতকাল বৃহস্পতিবার বিধানসভায় আসামের শিক্ষামন্ত্রী রানোজ পেগুর বিবৃতি থেকেই পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যটিতে স্কুলশিক্ষা পরিকাঠামোর অবস্থা যথেষ্টই নড়বড়ে। শিক্ষামন্ত্রী পেগু জানিয়েছেন, আসামে ৩ হাজারের বেশি ছেলেদের স্কুলে এবং ১ হাজার ৬০০টির বেশি মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে শৌচালয় নেই।
বস্তুত তিনি যে তথ্য দিয়েছেন, তা বিস্মিত করেছে রাজ্যের তো বটেই, গোটা দেশের মানুষকে। পেগু জানিয়েছেন, ১ হাজার ১০০টির বেশি স্কুলে পানীয় জলের ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই ১ হাজারের বেশি স্কুলে। আসামে মোটামুটিভাবে ৫০ হাজারের বেশি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল রয়েছে।
এ ছাড়া রাজ্যে ২ হাজার ৯৭৯টি স্কুলে মাত্র ১ জন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন। ১৫ হাজারের বেশি স্কুলে রয়েছেন ২ জন এবং ৮ হাজারের বেশি স্কুলে রয়েছেন মাত্র ৩ জন শিক্ষক বা শিক্ষিকা।
শুধু ২ হাজার ৯১৬টি স্কুলে যথেষ্ট পরিমাণে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন, এর হার স্কুলপ্রতি ৭ জন। বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকাকে একটা বড় সমস্যা বলে চিহ্নিত করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরের জানুয়ারির মধ্যে স্কুলগুলোয় বিদ্যুৎ পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।
কংগ্রেস এমএলএ ও রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ার এক প্রশ্নের উত্তরে এই তথ্য দেন শিক্ষামন্ত্রী।
প্রশ্ন হলো, স্কুলগুলোর যখন এই অবস্থা তখন দীর্ঘদিন ধরে চলা মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে রাজ্যে কেন ক্রমেই কমজোরি করা হচ্ছে?
২০২০ সালে আসাম বিধানসভায় একটি আইন পাস হয়। এই আইনে বলা হয়েছিল সরকারি অনুদানে চলা মাদ্রাসাগুলোকে ‘নিয়মিতভাবে চলা স্কুলে’ পরিণত করা হবে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে গৌহাটি হাইকোর্ট এই আইনকে বলবৎ রাখে। এই বছরের সেপ্টেম্বরে রানোজ পেগুই জানান, ব্যক্তিগত অনুদান, অর্থাৎ প্রধানত জাকাতের টাকায় চলা মাদ্রাসাগুলোকেও নথিভুক্ত করা হবে।
যেহেতু সরকারের খাতায় নথিভুক্ত হওয়া মাদ্রাসাগুলোকে আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, তাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দেয়। আসামের মুসলমান সম্প্রদায় মনে করে বেসরকারি মাদ্রাসাও এখন বন্ধ করে দেওয়ার তোড়জোড় চলছে। পাশাপাশি এই বছরই অন্তত চারটি মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে।
এর ফলে মাদ্রাসার ছাত্রছাত্রীরাও সাধারণ স্কুলে যেতে শুরু করেছে। কিন্তু এখন শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকেই পরিষ্কার যে সাধারণ বিদ্যালয়গুলোর পর্যাপ্ত পরিকাঠামো নেই।