ভারতসহ বিভিন্ন দেশে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। তাঁদের জন্য দরকার বাড়তি যত্ন
ভারতসহ বিভিন্ন দেশে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। তাঁদের জন্য দরকার বাড়তি যত্ন

ভারতে ‘নাতি-নাতনিও’ ভাড়া পাওয়া যায়, ঘণ্টায় ৪৫০ রুপি!

একসময় পরিবারের সদস্যরাই প্রবীণদের দেখাশোনা ও সঙ্গ দিতেন। এখন সেই দায়িত্ব পালনে ভারতে গড়ে উঠছে নতুন নতুন প্রতিষ্ঠান। অর্থের বিনিময়ে এসব প্রতিষ্ঠান প্রবীণদের সঙ্গ দিতে ও দৈনন্দিন কাজে সহায়তা করতে কর্মী নিয়োগ করছে।

ভারতে জন্মগ্রহণ করা দুই মেয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তাই স্ত্রীকে নিয়ে গুরুগ্রামে বাজার করতে বের হলে সুনীল বুধিরাজার সঙ্গে থাকেন এক তরুণ। ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠের ব্যস্ত ব্যবসায়িক এলাকা গুরুগ্রামের এ তরুণের নাম রনি রাজু। ২৬ বছর বয়সী রাজু অর্থের বিনিময়ে বুধিরাজা দম্পতির ‘ভাড়া করা নাতি’ হিসেবে তাঁদের সঙ্গ দেন।

ভারতের বিভিন্ন শহরে অল্পসংখ্যক হলেও ক্রমেই বাড়ছে এমন কিছু প্রতিষ্ঠান, যারা স্বজনের কাছ থেকে একসময় স্বাভাবিকভাবেই পরিবারের প্রবীণ সদস্যের পাওয়া সেবা অর্থের বিনিময়ে দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের কর্মীরা প্রবীণদের উপাসনালয়ে নিয়ে যান, হাসপাতালে গেলে তাঁদের সঙ্গে থাকেন, তাঁদের সঙ্গে খেলাধুলায় অংশ নেন কিংবা নিছক গল্প করেন। কেউ কেউ এসব কর্মীকে বলছেন ‘ভাড়া করা সন্তান’, আবার কেউ বলছেন ‘ভাড়া করা নাতি-নাতনি’।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত দ্রুত প্রবীণ মানুষের দেশে পরিণত হচ্ছে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের ২০২৩ সালের ‘ইন্ডিয়া এজিং রিপোর্ট’ অনুযায়ী, ২০২২ সালে ভারতের মোট জনসংখ্যার ১০ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ৬০ বছর বা এর বেশি। ২০৫০ সালের মধ্যে এ হার প্রায় দ্বিগুণ হয়ে ২১ শতাংশে পৌঁছাতে পারে।

এ পরিসংখ্যানের অর্থ, ২০৫০ সালের মধ্যে ভারতে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ প্রবীণ মানুষের বিশেষায়িত সেবার প্রয়োজন হতে পারে। সংখ্যাটি বিশ্বের তৃতীয় সর্বাধিক জনবহুল দেশ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় সমান। ভারত সরকার প্রবীণদের সেবাশিল্পের বাজারমূল্য প্রায় ৭০০ কোটি (প্রায় ৭ বিলিয়ন) ডলার বলে অনুমান করছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে এগিয়ে এসেছে দেশটির বেশ কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠান।

গুরুগ্রামে এমনই একটি প্রতিষ্ঠানে কাজ করেন রনি রাজু। সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই তরুণ কয়েক মাস ধরে বুধিরাজা দম্পতির দেখাশোনা করছেন। আশির কোঠায় থাকা বুধিরাজা আল–জাজিরাকে বলেন, ‘শুরু থেকেই ওর সঙ্গে আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে। আমার মনে হয়, সে আমাকে খুব ভালো বোঝে।’

রাজুও এই দম্পতির সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে বলেন, ‘এখন তাঁরা আমার পরিবারেরই একজন।’ তাঁর কথায়, বুধিরাজা দম্পতি তাঁকে তাঁদের ‘বিকল্প সন্তান’ হিসেবে দেখেন। শুধু সেবাকর্মী হিসেবে নয়, তাঁদের সঙ্গে তাঁর সম্পর্ক আরও গভীর।

গত কয়েক মাসে এ দম্পতির সঙ্গে রাজুর সম্পর্ক অনেকটাই গভীর হয়েছে। অস্ত্রোপচারের জন্য বুধিরাজাকে হাসপাতালে ভর্তি করা হলে রাজু চিকিৎসক ও ওষুধের খোঁজখবর রাখেন। এমনকি কাজের সময় শেষ হওয়ার পরও ফোন করে বুধিরাজা দম্পতির খবর নেন।

ঘণ্টাপ্রতি মাসে খরচ

রাজুর নিয়োগকর্তা গৌরব মিত্তাল বলেন, তাঁদের অনেক গ্রাহকই সঙ্গদাতা কর্মীদের নিজের নাতি-নাতনির মতো স্নেহ করতে শুরু করেন।

মিত্তালের প্রতিষ্ঠানে মাসে ১০ ঘণ্টা সেবা নিলে ঘণ্টাপ্রতি ৪৫০ রুপি (প্রায় ৫ ডলার) দিতে হয়। আর মাসে ২৫ ঘণ্টা সেবা নিলে ঘণ্টাপ্রতি খরচ পড়ে ৪০০ রুপি। মুঠোফোনে রিচার্জের মতোই অব্যবহৃত সেবার সময় পরের মাসে ব্যবহার করা যায়।

ভারতে বছরে গড় মাথাপিছু আয় প্রায় ২ লাখ ২০ হাজার রুপি (২ হাজার ৭৫০ ডলার)। ফলে মিত্তালের এ সেবা মূলত শহরের আর্থিকভাবে সচ্ছল পরিবারের একটি ছোট অংশের নাগালের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

নিজের পরিবার থেকেই এমন প্রতিষ্ঠান গড়ার ধারণা পেয়েছিলেন মিত্তাল। চার বছর আগে তাঁর বাবা মারা যাওয়ার পর মাকে নিজের শহর ছেড়ে তাঁর সঙ্গে থাকতে আসতে হয়। মিত্তালের মা ছিলেন মিশুক। নিজের খরচ চালানোর মতো যথেষ্ট অর্থও ছিল তাঁর। কিন্তু কোথাও যেতে হলে পরিবারের সদস্যদের ওপর নির্ভর করতে হতো।

মিত্তাল বলেন, ‘বিশ্বব্যবস্থা এমনভাবে গড়ে ওঠেনি, যেখানে প্রবীণ নাগরিকদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়।’

২০৫০ সালের মধ্যে ভারতে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ প্রবীণ মানুষের বিশেষায়িত সেবার প্রয়োজন হতে পারে। সংখ্যাটি বিশ্বের তৃতীয় সর্বাধিক জনবহুল দেশ যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় সমান। ভারত সরকার প্রবীণদের সেবাশিল্পের বাজারমূল্য প্রায় ৭০০ কোটি (প্রায় ৭ বিলিয়ন) ডলার বলে অনুমান করছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে এগিয়ে এসেছে দেশটির বেশ কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠান।

তবে এ ধরনের স্টার্টআপের ধারণা একেবারে নতুন নয়। ২০১৭ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রবীণদের সঙ্গ দেওয়ার জন্য অন্তত পাঁচটি স্টার্টআপ তরুণ সঙ্গী সরবরাহ করছিল। ২০২২ সালে টাটা গ্রুপের রতন টাটা মুম্বাইভিত্তিক একটি স্টার্টআপের প্রচার করেছিলেন। প্রতিষ্ঠানটির স্লোগান ছিল, ‘এভরিথিং গ্র্যান্ডকিডস ডু!’ (নাতি-নাতনিরা যা যা করে)।

এসব প্রতিষ্ঠানে কাজ শুরু করার আগে সঙ্গদাতা কর্মীদের পুলিশি যাচাই করা হয়। একা দায়িত্ব পালনের আগে তাঁদের সাধারণত অভিজ্ঞ কোনো কর্মীর সঙ্গে প্রবীণদের বাড়িতে গিয়ে কাজ শেখানো হয়। বেশির ভাগ সঙ্গদাতাই মনোবিজ্ঞান, সমাজকর্ম কিংবা আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত।

বিনয় কুমার দক্ষিণ ভারতের হায়দরাবাদ শহরের একটি প্রতিষ্ঠানে সঙ্গদাতা হিসেবে কাজ করেন। তিনি আল–জাজিরাকে বলেন, ‘আমরা শুধু দায়িত্ব পালন করি না, গ্রাহকদের সঙ্গে সম্পর্কও গড়ে তুলি। তাঁদের পাশে থাকি এবং তাঁদের সঙ্গে মানসম্মত সময় কাটাই, যেন তাঁরা আপনজনদের অভাব অনুভব না করেন। যদিও অনেক সময় তাঁরা অভাব বোধ করেন, তবু আমরা সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করি।’

প্রবীণ

নিঃসঙ্গ প্রবীণেরা

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪৬ সালের মধ্যে ভারতে প্রবীণ মানুষের সংখ্যা শিশুদের ছাড়িয়ে যাবে। আর এসব প্রবীণের অনেকেই নিঃসঙ্গতায় ভুগছেন।

২০২২ সালে ভারতে ৭২ হাজারের বেশি মানুষের ওপর একটি জাতীয় জরিপ চালানো হয়। বার্ধক্যবিষয়ক দীর্ঘমেয়াদি এ গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সী ও প্রবীণদের ২০ দশমিক ৫ শতাংশ মাঝারি মাত্রার নিঃসঙ্গতায় ভুগছেন। আর ১৩ দশমিক ৩ শতাংশের নিঃসঙ্গতা তীব্র পর্যায়ের।

গবেষণায় আরও দেখা গেছে, ৬০ বছরের বেশি বয়সী যাঁরা একা থাকেন, তাঁদের এক-তৃতীয়াংশের বেশি (৩৭ শতাংশ) নিঃসঙ্গতা অনুভব করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উদ্যোগে ২০২৫ সালে পরিচালিত আরেকটি গবেষণায় দেখা গেছে, বিশ্বে প্রতি ছয়জনের একজন নিঃসঙ্গতায় ভুগছেন। আর প্রতিবছর প্রায় ৮ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যুর সঙ্গে নিঃসঙ্গতার সম্পর্ক রয়েছে।

২০১৫ সালে প্রতিষ্ঠিত বেঙ্গালুরুভিত্তিক একটি স্টার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্তোষ আব্রাহাম বলেন, প্রবীণদের সন্তানেরা তাঁদের চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি কিংবা বাজারসদাই নিয়ে উদ্বিগ্ন থাকেন। কিন্তু তাঁদের মা-বাবার উদ্বেগের বিষয়টি অনেক সময় আলাদা।

আব্রাহাম তাঁর এক গ্রাহকের কথা স্মরণ করে বলেন, ‘আমি নিঃসঙ্গ। কথা বলার মতো কেউ নেই। পরিবার ও সমাজের জন্য এত কিছু করেছি, কিন্তু তার কোনো স্বীকৃতি নেই।’

শুরু থেকেই ওর (ভাড়ায় দেখাশোনার দায়িত্ব পালন করা তরুণ) সঙ্গে আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে। আমার মনে হয়, সে আমাকে খুব ভালো বোঝে।
বুধিরাজা, ভারতের প্রবীণ নাগরিক

আব্রাহাম বলেন, প্রবীণদের কাছ থেকে তিনি সবচেয়ে বেশি যে অনুরোধ পান, তা এমন এক চাহিদা, যা তাঁরা সরাসরি মুখ ফুটে বলতে চান না। তিনি বলেন, ‘কোনো প্রবীণ ফোন করে বলেন, তাঁর শরীর ভালো লাগছে না। তখন একজন সেবাকর্মী সেখানে যান। গিয়ে দেখেন, তেমন কোনো সমস্যা নেই। এরপর ওই প্রবীণ তাঁকে এক ঘণ্টা বসে গল্প করতে বলেন। প্রকৃতপক্ষে তাঁরা শুধু একজন সঙ্গী চান।’

বিনয় কুমার বলেন, তাঁর মতো সঙ্গদাতা কর্মীদের প্রবীণদের কষ্ট ও অনুভূতি বুঝতে হয়। তিনি বলেন, ‘একা থাকা বেশির ভাগ প্রবীণই খুব নিঃসঙ্গ। তাঁরা এমন কাউকে চান, যাঁর সঙ্গে “তাসের” মতো বা ঘরোয়া বিভিন্ন খেলা খেলতে পারবেন। কেউ সিনেমা দেখতে যেতে চান, কেউ উপাসনালয়ে, পার্কে কিংবা স্থানীয় কোনো অনুষ্ঠানে যেতে চান।’

আব্রাহাম বলেন, কিছু প্রবীণ তাঁদের মনের কথা পরিবারের সদস্যদের চেয়ে অপরিচিত কারও কাছে সহজে বলতে পারেন। তাঁর ভাষায়, ‘একজন সঙ্গদাতার সঙ্গে কথা বলার ক্ষেত্রে অতীতের কোনো বোঝা বা জটিলতা থাকে না।’

এই কাজ করতে গিয়ে তরুণ সঙ্গদাতাদের পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত সম্পর্কের সীমারেখা দ্রুত অস্পষ্ট হয়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ২০২৫ সালে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, বিশ্বে প্রতি ছয়জনের একজন নিঃসঙ্গতায় ভুগছেন। আর প্রতিবছর প্রায় ৮ লাখ ৭১ হাজার মানুষের মৃত্যুর সঙ্গে নিঃসঙ্গতার সম্পর্ক রয়েছে।

রাজু বলেন, বুধিরাজা দম্পতির বাড়িতে গিয়ে সময় কাটানো তাঁর কাছে অফিসের কাজের চেয়েও কঠিন। তিনি বলেন, ‘আবেগের সম্পর্ক তৈরি করা কখনো সহজ নয়। আর প্রত্যেক মানুষের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা আলাদা।’

হায়দরাবাদের বিনয় কুমারও একই অভিজ্ঞতার কথা জানান। তাঁর কথা, গ্রাহকেরা অনেক সময় নিজেদের স্বাস্থ্যগত সমস্যার কথা তাঁকে বলেন, যা অন্য শহরে কিংবা বিদেশে থাকা সন্তানদের কাছে গোপন রাখেন। কারণ, তাঁরা চান না সন্তানদের অযথা দুশ্চিন্তায় ফেলতে।

এক প্রবীণ গ্রাহকের কথা স্মরণ করে কুমার বলেন, শুরুতে ওই ব্যক্তি তাঁর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিলেন। কারণ, তিনি ইংরেজি বা হিন্দি জানতেন না। কিন্তু পরে সেই ব্যক্তিই কুমারের গাড়ি চালানো শেখার খরচ দিয়েছেন। অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় তাঁকে বলতেন, ‘ঈশ্বরের পক্ষ থেকে দেওয়া ছেলে।’ ২০২৩ সালে ওই ব্যক্তি মারা গেলে তাঁর ছেলে কুমারকে বাবার শেষকৃত্য সম্পন্ন করার সময় পাশে থাকতে বলেন।

একবার নিজের ১২ দিনের বিয়ের ছুটিও সংক্ষিপ্ত করেছিলেন কুমার। তাঁর এক গ্রাহক বারবার ফোন করে তাঁকে কাজে ফেরার অনুরোধ করছিলেন। কুমার বলেন, ‘আমি সত্যিই প্রবীণদের নিজের মা-বাবা ও দাদা-দাদি-নানা-নানির মতো মনে করি।’

‘প্রবীণ ব্যক্তি যেন নিজেকে গুরুত্বপূর্ণ ও নিরাপদ মনে করেন’

তবে এ কাজের দায়িত্ব ও সীমাবদ্ধতা নিয়ে সতর্ক থাকার কথাও বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

হায়দরাবাদভিত্তিক যে প্রতিষ্ঠানে বিনয় কুমার কাজ করেন, সেটির প্রতিষ্ঠাতা প্রশান্ত রেড্ডি বলেন, সঙ্গদাতা কর্মীদের নিজেদের দায়িত্বের সীমা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে।

রেড্ডি বলেন, ‘সঙ্গদাতাদের কাজ হলো সহায়তা দেওয়া। তাঁরা চিকিৎসক বা মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞদের বিকল্প নন।’

আব্রাহামও এ বিষয়ে একমত। তিনি জানান, নতুন সঙ্গদাতাদের প্রশিক্ষণের সময় একটি গুরুত্বপূর্ণ নিয়মের ওপর জোর দেন তিনি। সেটি হলো, ‘কম কথা বলুন, বেশি শুনুন।’

যেসব প্রবীণের সন্তানেরা এ ধরনের প্রতিষ্ঠানের সেবা নেন, তাঁদের মতে, অর্থের বিনিময়ে সেবা নেওয়ার একটি সুবিধা হলো, এতে প্রতিবেশী কিংবা আত্মীয়স্বজনের কাছে সাহায্য চাইতে গিয়ে যে অস্বস্তি তৈরি হয়, তা থাকে না।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী সফটওয়্যার পেশাজীবী বিনয় কে পাঁচ বছর ধরে তাঁর বৃদ্ধ মায়ের জন্য একজন সঙ্গদাতার সেবা নিচ্ছেন। তিনি বলেন, ‘কোনো সেবার জন্য অর্থ দিলে কারও কাছে অনুগ্রহ চাইছি, এমনটা মনে হয় না।’

নয়াদিল্লির কাছাকাছি জিন্দাল ইনস্টিটিউট অব বিহেভিয়ারাল সায়েন্সেসের সহকারী অধ্যাপক শিল্পা বন্দ্যোপাধ্যায় আল–জাজিরাকে বলেন, প্রবীণদের জন্য সঙ্গদাতা নিয়োগ করলেই এমনটা ধরে নেওয়া ঠিক নয় যে তাঁদের পরিবার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

আমি নিঃসঙ্গ। কথা বলার মতো কেউ নেই। পরিবার ও সমাজের জন্য এত কিছু করেছি, কিন্তু তার কোনো স্বীকৃতি নেই।

এই অধ্যাপকের মতে, প্রবীণদের যত্ন নেওয়ার ক্ষেত্রে পেশাদার সেবার চাহিদা বাড়তে থাকায় ভারতের মতো পরিবারকেন্দ্রিক সমাজের সামনে কিছু কঠিন প্রশ্নও দেখা দিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ‘পরিবারের প্রবীণ সদস্যদের জন্য সঙ্গ পাওয়ার বিষয়কে কি আমরা একটি স্বাভাবিক ও দীর্ঘমেয়াদি প্রয়োজন হিসেবে স্বীকৃতি দিচ্ছি? নাকি প্রবীণদের যত্ন বলতে শুধু খাবার, আশ্রয়, চিকিৎসা ও শারীরিক সহায়তাকেই বুঝছি?’

শিল্পা বন্দ্যোপাধ্যায়ের মতে, বার্ধক্যকালীন যত্নে আরও ভারসাম্যপূর্ণ একটি ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এ ব্যবস্থায় পরিবারের পাশাপাশি সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক, সহজে ব্যবহারযোগ্য জনপরিসর ও সাশ্রয়ী পেশাদার সেবার সুযোগ থাকতে হবে। এ ছাড়া ঐতিহ্যগত পারিবারিক ব্যবস্থাকে অতিরিক্ত আদর্শায়ন করা কিংবা নতুন ধরনের সেবাব্যবস্থাকে খাটো করে দেখাও ঠিক হবে না।

শিল্পা আরও বলেন, ‘দিন শেষে প্রশ্ন হলো এটা নয় যে একজন প্রবীণ ব্যক্তির সঙ্গে কে থাকছেন; বরং গুরুত্বপূর্ণ হলো, ওই প্রবীণ ব্যক্তি নিজেকে গুরুত্ব পাওয়া, তাঁর কথা শোনা, তিনি নিরাপদ, মূল্যবান ও অন্যদের সঙ্গে অর্থবহ সম্পর্কের মধ্যে আছেন—এমনটা অনুভব করছেন কি না, সেটিই।’

গুরুগ্রামে ফিরে আসি। বুধিরাজাকে প্রশ্ন করা হয়, পরদিন রাজু কাজে না এলে তাঁর কেমন লাগবে? জবাবে তিনি বলেন, ‘কেন আসতে পারেনি, তা খোঁজ নিয়ে আমি নিশ্চিত করব, যেন সে আসে। আমার ওকে প্রয়োজন। বয়স যত বাড়ে, প্রয়োজনও তত বাড়তে থাকে।’