টাইগার শ্রফ
টাইগার শ্রফ

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার তরুণের মা বললেন, ‘ছেলেকে ফাঁদে ফেলে এই কাজ করানো হয়েছে’

মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের মা দাবি করেছেন, তাঁর ছেলে রেহানকে ফাঁদে ফেলে এই অপরাধে জড়ানো হয়েছে।

মঙ্গলবার হরিয়ানার সোনিপতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন গ্রেপ্তার রেহানের মা শামশিদা। তিনি দাবি করেন, তাঁর ছেলেকে ভুল বুঝিয়ে এই নোংরা কাজের ফাঁদে ফেলা হয়েছে। শামশিদা জানান, কিছুদিন আগে একটি গাড়িতে করে কিছু লোক তাঁদের বাড়িতে আসে এবং রেহানকে সঙ্গে নিয়ে যায়। এর পর থেকে টানা ২০ দিন ধরে ছেলের সঙ্গে তাঁর কোনো ধরনের যোগাযোগ ছিল না।

গত রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় হামলার মুখে পড়েন টাইগার শ্রফ। মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। ওই হামলায় অভিনেতা অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক এবং এক পথচারী গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরদিনই সোমবার রাজস্থানের কোটা রেলস্টেশনে একটি ট্রেনে অভিযান চালিয়ে হামলাকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হরিয়ানার সোনিপতের বাসিন্দা রেহান এবং বিহারের বেগুসরাইয়ের ঋত্বিক ওরফে রোশন।

এর আগে হামলার ঘটনার পর একটি ভিডিও বার্তা প্রকাশ করে লরেন্স বিষ্ণোই চক্রের সদস্য পরিচয় দিয়ে অনিল পণ্ডিত নামের এক ব্যক্তি দায় স্বীকার করেন। তাঁর দাবি ছিল, তাঁদের নির্দেশ অমান্য করা এবং অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করার কারণেই টাইগারকে টার্গেট করা হয়েছে। তবে পুলিশ এই দাবির সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। হামলাকারীদের উদ্দেশ্য ও পেছনের চক্রকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রেখেছে মুম্বাই পুলিশ।