আদানি-আম্বানিদের অর্থে নয়, মানুষের চাঁদায় ভোটে লড়বে তিপ্রা মথা

স্বচ্ছ রাজনীতিতে সহযোগিতা চেয়ে প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মণের ফেসবুকে প্রচার
ছবি: ফেসবুক থেকে নেওয়া

আদানি-আম্বানিদের কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচনে লড়বে না ভারতের ত্রিপুরা রাজ্যের আঞ্চলিক দল তিপ্রা মথা। ত্রিপুরার মহারাজা হিসেবে পরিচিত দলটির প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মণ আজ শুক্রবার এ ঘোষণা দিয়েছেন। ‘স্বচ্ছ রাজনীতিতে’ সহযোগিতা চেয়ে ইতিমধ্যে ফেসবুকে প্রচারও শুরু করেছেন প্রদ্যোত বিক্রম। তিনি বলেছেন, সাধারণ মানুষের কাছে চাঁদা তুলে তাঁর দল নির্বাচন করবে।

উত্তর–পূর্ব ভারতের বাঙালি–অধ্যুষিত ত্রিপুরা রাজ্যের ৬০ আসনের বিধানসভার নির্বাচন ১৬ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে লড়ার জন্য মাঠে নেমেছে বিজেপি, তৃণমূল কংগ্রেস, বাম ফ্রন্ট-কংগ্রেস জোট এবং ত্রিপুরার আদিবাসী ও জনজাতিদের জোট তিপ্রা মথা।

তিপ্রা মথার প্রধান প্রদ্যোত বিক্রম বলেছেন, কোনো করপোরেট হাউসের টাকা নেবেন না। জনগণের টাকা নিয়ে নির্বাচন করবেন।

প্রদ্যোত বিক্রম বলেন, ‘বিজেপি তো করপোরেট হাউসের টাকা নেয়। আদানি-আম্বানিদের টাকা নেয়। সিপিএম টাকা পায় কেরালার দল থেকে। শুধু আদানি-আম্বানি নয়, আমরা রোজভ্যালিসহ অন্য কোনও আর্থিক সংস্থা থেকে কোনও টাকা নিই না।’

তিপ্রা মথার প্রধান বলেন, ‘আমাদের দল ছোট। এ বছর আমরা ৬০ আসনের মধ্যে ৪২টি আসনে লড়ছি। আমরা আশা করছি, ত্রিপুরার মানুষ এবার আমাদের দলকে ক্ষমতায় বসাবে। কারণ, আমরা স্বচ্ছ রাজনীতি করি। মানুষের জন্য লড়ি। আদানি গ্রুপ দেশের আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। তাই তাদের কাছ থেকে টাকা নেওয়ার প্রশ্ন নেই। তাই আমরা সাধারণ জনগণের কাছে হাত পেতেছি। তাদের কাছ থেকে চাঁদা তুলে নির্বাচনে লড়ব। তবে আমরা ত্রিপুরার আদিবাসী ও জনজাতির জন্য পৃথক “তিপ্রা ল্যান্ড”–এর গড়ার দাবি থেকে সরছি না।’

এবারের নির্বাচনে তৃণমূল এবং বিজেপি এককভাবে লড়ছে। তবে বাম ফ্রন্ট জোট করেছে কংগ্রেসের সঙ্গে। তিপ্রা মথাও এককভাবে লড়ছে। আর সেই নির্বাচন ঘিরে এবার উত্তপ্ত হয়েছে ত্রিপুরার রাজনীতি। এবার তাই নির্বাচন চতুর্মুখী হবে।

ত্রিপুরার শাসনক্ষমতায় এখন বিজেপি। ২০১৮ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে ক্ষমতাসীন বাম ফ্রন্টকে হারিয়ে ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী হন বিজেপির তরুণ নেতা বিপ্লব দেব। কিন্তু ক্ষমতা গ্রহণের পর নানা ঘটনায় বিতর্কে জড়িয়ে পড়েন বিপ্লব দেব। এরপর বিজেপি তাঁকে গত বছরের ১৫ মে সরিয়ে মুখ্যমন্ত্রী পদে বসান বিজেপি নেতা মানিক সাহাকে। আর রাজ্যসভার সংসদ সদস্য করা হয় বিপ্লব দেবকে।
রাজ্য বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ২ মার্চ।