রাহুলের পদযাত্রা কি কংগ্রেসের ভোট বাড়াবে

রাহুল গান্ধীর সামনে এখন চ্যালেঞ্জ দুটি। সাম্প্রদায়িকতার ব্যাপকতায় ভারতে যে গভীর ক্ষত তৈরি হয়েছে, সেটা নিরাময় এবং কংগ্রেসকে শক্তিশালী করা।

ভারত জোড়ো যাত্রায় সমর্থকদের নিয়ে হাঁটছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত ৬ জানুয়ারি হরিয়ানা রাজ্যের পানিপথ শহরে
ছবি: রয়টার্স

রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ শেষ হয়েছে। পদযাত্রার শুরুতে প্রথম আলোতে গত ২৭ সেপ্টেম্বর এ বিষয়ে বর্তমান লেখকের লেখার শিরোনাম ছিল ‘গান্ধীদের শেষ যুদ্ধ’। এ রকম অন্তত আরও দুটি বড় ‘যুদ্ধে’র স্মৃতি আছে দক্ষিণ এশিয়ায়। একটা মোহনদাস করমচাঁদ গান্ধী লবণ সত্যাগ্রহ বা ৩৮৫ কিলোমিটারের ডান্ডি পদযাত্রা। অপরটি আরএসএস-বিজেপি পরিবারের ‘রাম রথযাত্রা’। প্রথমটির শুরু ১৯৩০ সালের মার্চে। পরেরটি ১৯৯০ সালের সেপ্টেম্বরে।

মোহনদাসের ‘সত্যাগ্রহ’ ঔপনিবেশিক শাসনমুক্তির সংগ্রামকে এক ধাপ এগিয়ে দিয়েছিল। তার ভেতর দিয়ে কংগ্রেস প্রধানতম রাজনৈতিক শক্তি হিসেবে বেরিয়ে আসে। আর লাল কৃষ্ণ আদভানিদের রাম রথযাত্রা ভারতকে সাম্প্রদায়িক ধারায় নতুনভাবে ভাগ করে হিন্দুত্ববাদের রাজনৈতিক জমিন তৈরি করে। চারদিকে এখন প্রশ্ন, আগের দুই পদযাত্রার পরম্পরায় দাঁড়িয়ে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ কতটা রাজনৈতিক লক্ষ্য হাসিল করতে পারবে? কংগ্রেস কী ভাবছে?

হিসাব মেলাতে বসেছেন পণ্ডিতেরা

গত বছর ৭ সেপ্টেম্বর কংগ্রেস নেতা রাহুলের পদযাত্রার শুরু ভারতের সর্বদক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে। শেষ হলো জম্মু-কাশ্মীরের শ্রীনগরে, এ বছর ৩০ জানুয়ারি। মাঝে রাহুল হাঁটলেন চার হাজার কিলোমিটারের বেশি। পেরিয়েছেন ১২টি রাজ্যের প্রায় ৭৫ জেলা। একালের ভারতে নিঃসন্দেহে বড় এক রাজনৈতিক ঘটনা এটা। ১৯৪৭ সালের পর স্বাধীন ভারতে কংগ্রেসের সবচেয়ে বড় জনসংযোগ প্রকল্প বলা যায় একে।

‘ভারত জোড়ো যাত্রা বা ভারতকে ঐক্যবদ্ধ করো’ নামে এই লংমার্চে রাহুলের সঙ্গী হবেন কংগ্রেসের শতাধিক নেতা

পদযাত্রার শুরু এবং শেষের স্থান বাছাইয়ে রাহুলের উপদেষ্টারা কেবল দেশের সর্বদক্ষিণ আর সর্ব–উত্তরকে বিবেচনায় নিয়েছেন, এমন নয়। দক্ষিণ এশিয়ায় কন্যাকুমারীর ভৌগোলিক সুনাম অসাধারণ। এখান থেকে সূর্য ওঠা ও অস্ত যাওয়া দুটিই দেখা যায়। রাহুল নিশ্চিতভাবে কংগ্রেসের ‘নিচুমুখী সূর্যটা’ ঊর্ধ্বমুখী করতে নেমেছেন। আর শ্রীনগরে যে তাঁর পদযাত্রা শেষ হলো, সেটিও বিশেষ তাৎপর্যবহ।

এই শহরের কেন্দ্রস্থল লাল চকে দাঁড়িয়ে ১৯৪৮ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কাশ্মীরিদের গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটা আর হয়ে ওঠেনি। সেই থেকে তীব্র ক্ষোভের আগুনে পুড়ছে শ্রীনগর দশকের পর দশক। রাহুল এখানেই পদযাত্রা থামালেন। কাশ্মীরিদের জন্য কি কোনো নীরব বার্তা আছে তাতে? ভবিষ্যতে তার উত্তর পাওয়া যাবে।

রাহুলের সামনে এখন চ্যালেঞ্জ দুটি। সাম্প্রদায়িকতার ব্যাপকতায় ভারতে যে গভীর ক্ষত তৈরি হয়েছে, সেটা নিরাময় এবং কংগ্রেসকে শক্তিশালী করা। কিন্তু কতটা সফল তিনি সেই লক্ষ্য অর্জনে? পদযাত্রা শেষ হতেই সেই হিসাব মেলাতে বসে গেছেন রাজনৈতিক পণ্ডিতেরা।

রাহুল কতটা এগোলেন

লবণ সত্যাগ্রহ ও রাম রথযাত্রার সঙ্গে তুলনা করলে রাহুলের পদযাত্রা অচিন্তনীয়ভাবে শান্তিপূর্ণ। গুজরাটের ডান্ডি পদযাত্রায় একপর্যায়ে ৬০ হাজার অনুসারীসহ মোহনদাস গান্ধী গ্রেপ্তার হয়েছিলেন। আরএসএস পরিবারের রথযাত্রায় ‘করসেবকেরা’ বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছিল। সেই রথযাত্রা ধর্মনিরপেক্ষতার রাজনৈতিক আবেদন শেষ করতে চেয়েছিল এবং পেরেছেও অনেকখানি। কিন্তু রাহুলের পদযাত্রায় সহিংস কিছু ঘটেনি। আদভানিদের রথযাত্রা ভারতীয় ভোটারদের ‘হিন্দু’ বনাম ‘অ-হিন্দু’ পরিচয়ে ভাগ করে ফেলতে পেরেছিল। রাহুলের পদযাত্রা সাম্প্রদায়িক বিভক্তির সেই ঢেউ থামাতে চেয়েছে।

রাহুলের দিকে কংগ্রেসের কর্মী-সমর্থকেরা তাকিয়ে থাকলেও তিনি সেভাবে দলকে এগিয়ে নিতে পারছেন না

১৩৬ দিনের পদযাত্রায় রাহুল অনেক জায়গায় ভাষণ দিয়েছেন। ১৩টি সংবাদ সম্মেলন করেছেন। সেসবের বহু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। পদযাত্রাকালে মূল ধারার কোনো সংবাদমাধ্যমকে পৃথকভাবে সাক্ষাৎকার দেননি তিনি। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক স্বতন্ত্র তারকার সঙ্গে দীর্ঘ সময় গল্প করতে দেখা গেছে তাঁকে।

ব্যতিক্রমধর্মী এ রকম সবকিছুতে বহু জাতি, বহু ভাষা এবং বহু ধর্মের ভারতকে একত্র করার ওপর জোর ছিল তাঁর। প্রতিদিন বিজেপির বিভেদবাদকে আক্রমণ করেছেন তিনি। মোদি যে এই বিভেদবাদেরই ফসল, সেটিও বারবার বলছিলেন। হিন্দুত্ববাদের আড়ালে সামাজিক অসাম্য কীভাবে রকেট গতিতে বেড়েছে, সেসবও তিনি বারবার সাংবাদিকদের নজরে আনতে চেয়েছেন।

এ পদযাত্রা নিশ্চিতভাবে রাহুলের ‘পার্টটাইম-পলিটিশিয়ান ইমেজ’ ভেঙেছে; সমন্বয়বাদী ‘ইমেজ’ বাড়িয়েছে। হাঁটতে হাঁটতে সমাজের বহু শ্রেণির মানুষের সঙ্গে আগ্রহভরে কথা বলেছেন। যে তালিকায় ছিল পরিচ্ছন্নতাকর্মী থেকে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা পর্যন্ত অগণিত পেশার মানুষ। পথে পথে প্রতিনিয়ত ধর্ম-বর্ণনির্বিশেষে শিশু, নারী, বৃদ্ধদের কাছে টেনে গল্প করেছেন।

এসবের ভেতর দিয়ে ভারতে বহুত্ববাদী রাজনীতিবিদ হিসেবে তিনি বেশ এগিয়ে গেলেন। মোদির বিপরীতে ভারতে তৃতীয় কারও নেতা হয়ে ওঠার সুযোগও আপাতত কমিয়ে দিলেন রাহুল। পদযাত্রা থেকে এটা তাঁর প্রথম প্রাপ্তি। বিজেপির অনেকে অবশ্য বলছেন, রাহুলের পদযাত্রাকে ঘিরে মানবতাবাদী ‘ইমেজ’ তৈরির উৎস গান্ধীদের রাজনীতি নয়, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘তিন বান্দরে’র জনসংযোগ মেধার ফসল এসব।

বিজেপি ও কংগ্রেস থেকে দূরে থাকা মধ্যপন্থীদের বিবেচনা ভিন্ন। তারা ভাবছে, রাহুলের এই মানবতাবাদী ‘ইমেজ’ কি আগামী বছরের জাতীয় নির্বাচনে কংগ্রেসের ভোট বাড়াবে? কিংবা জাতীয় নির্বাচনের আগে এ বছর নয়টি রাজ্যে যে স্থানীয় ভোট হবে, তাতে কংগ্রেস কি বাড়তি আসন পাবে? নাকি ২০০-৩০০ কোটি রুপির এই পদযাত্রা (হিন্দুস্তান টাইমস, ৮ ফেব্রুয়ারি ২০২৩) শুধুই রাহুল গান্ধীর ব্যক্তিগত জনসংযোগ কর্মসূচি হয়ে ইতিহাসের মহাফেজখানায় ঠাঁই নেবে? এসব প্রশ্নের এখনই কোনো স্পষ্ট উত্তর নেই।

কংগ্রেসের সামনে জীবন-মরণ প্রশ্ন

পদযাত্রার মাঝেই গুজরাট বিধানসভার নির্বাচন হলো। ১৮২ আসনে কংগ্রেস পেয়েছে মাত্র ১৭ আসন, যা তাদের বিগত ফলের চেয়ে ৬০ আসন কম। বিজেপি পেয়েছে ১৫৬ আসন। ১৯৯৮ সাল থেকে এখানে বিজেপির শাসন চলছে। যদিও একনাগাড়ে সাত দফা ভোটে জিতল তারা। সর্বশেষ নির্বাচনে তাদের ভোট হিস্যা ৫২ শতাংশ। কংগ্রেসের ২৭ শতাংশ। রাহুলের পদযাত্রার ইতিবাচক কোনো প্রভাব দেখা যায়নি গুজরাটে। পদযাত্রায় তাঁর জনপ্রিয় একটা উক্তি ছিল: ‘আমি ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলতে এসেছি।’ কিন্তু গুজরাটে কংগ্রেসের পেয়ার-মহব্বতের দোকানে মানুষ ভিড় করেনি। মোদির জন্য যা স্বস্তিকর ছিল। কারণ, এটা তাঁর নিজ প্রদেশ। তারপরও রাহুল পদযাত্রার পথে পথে ভাষণে শ্রোতাদের বারবার বলছেন ‘ডরো মাত’ (ভয় পেয়ো না)। হয়তো তিনি জানেন, অসম্ভবকে সম্ভব করার শিল্পকলাই হলো রাজনীতি।

কিন্তু কংগ্রেস কর্মীরাও নিশ্চিত জানেন আসন্ন জাতীয় নির্বাচন তাঁদের জন্য হাজির হচ্ছে জীবন-মরণ প্রশ্ন আকারে। রাহুলকে আগামী কয়েক মাসে আরও কিছু জাদু দেখাতে হবে। সরাসরি বললে, বিপুল ভোট এনে দিতে হবে তাঁকে। ১৯ বছরের রাজনৈতিক জীবনের সিদ্ধান্তসূচক শেষ যুদ্ধ এখন তাঁর সামনে। অথচ উত্তর প্রদেশ, গুজরাট, বিহার, পশ্চিমবঙ্গসহ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বহু রাজ্যে কংগ্রেস সাংগঠনিকভাবে অতি রুগ্ণ দশায় আছে। কেবল এই চার রাজ্যে লোকসভায় আসন রয়েছে ১৮৮টি। কিন্তু কংগ্রেসের হাতে আছে তার মাত্র ৪টি। গত জাতীয় নির্বাচনে দেশজুড়ে দলটি মাত্র ৫২টিতে জিতেছে, সে তথ্যও ভোলার নয়।

অথচ জাতীয়ভাবে মোদিবিরোধী কোনো তরঙ্গ নেই

‘ভারত জোড়ো যাত্রা’ অবশ্যই দেশের উত্তর-দক্ষিণে কংগ্রেসকে কিছুটা চাঙা করেছে। রাহুল হয়তো পূর্ব-পশ্চিমেও একটা পদযাত্রা করবেন কোনো এক সময়। তাঁর গত চার মাসের বেশি জনসংযোগে কংগ্রেস কর্মীদের নৈতিক মনোবল অবশ্যই অনেক বেড়েছে। এর মাঝে শাসক দলের ঘনিষ্ঠ ব্যবসায়ী গৌতম আদানির অর্থনৈতিক কেলেঙ্কারি ফাঁস হওয়ায় কংগ্রেস নিশ্চিতভাবে এ মুহূর্তে সমাজে বেশ সুবিধাজনক অবস্থায় আছে। আদানির সঙ্গে বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা মোদিকে বেশ ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু এত কিছুর পরও ২০২৪ সালের জন্য বিজেপি স্লোগান তুলেছে ‘আবারও মোদি’।

রাহুলের ভাবমূর্তি এই স্লোগান রুখতে সক্ষম কি না, ভরসা পাচ্ছে না কংগ্রেস। হাতে সময় ৫০০ দিনের কম। আসন্ন জাতীয় নির্বাচনে তারা বিজেপির সঙ্গে বর্তমান ব্যবধান (৩০৩ বনাম ৫২) কতটা কমাতে পারবে, এটাই ভারতজুড়ে সবচেয়ে আলোচিত রাজনৈতিক প্রশ্ন এখন। তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে-আগে যতগুলো বিধানসভা নির্বাচন হবে, তার যেকোনোটিতে বিজেপির পরাজয় মাত্রই রাহুলের পদযাত্রার ব্যবহারিক মূল্য বাড়াবে। এখন ত্রিপুরা, মেঘালয় এবং মাসের শেষ সপ্তাহে নাগাল্যান্ডের ভোট দিয়ে সেই পরীক্ষা শুরু হচ্ছে। বছরের বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ আরও ছয় রাজ্যে ভোট হবে। যার মধ্যে আছে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কর্ণাটক। লোকসভার ৯৩ আসনের সমান এই চার রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই হবে সরাসরি। অনেকেই মনে করছেন, ২০২৪ সালের মূল যুদ্ধের ফল আগাম বোঝা যাবে এ বছরের ওই নির্বাচনগুলোতে। রাহুলের রাজনৈতিক ভাগ্যেরও ফয়সালা হবে তাতে।

আপাতত জাতীয়ভাবে মোদিবিরোধী কোনো তরঙ্গ নেই। ‘ভারত জোড়ো যাত্রা’ প্রতিপক্ষÿবধের সে রকম কোনো তরঙ্গ তৈরি করতে পারেনি। রাহুলের ঘৃণা-ভালোবাসার তত্ত্ব সংখ্যালঘু ‘মানুষে’র কাছে যত আকর্ষণীয়, সংখ্যাগুরু ‘ভোটারের’ কাছে ততটা আবেদন তৈরি করছে না। কিন্তু বিজেপির বিভেদবাদের সামনে নৈতিক এক প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছেন ব্যক্তি রাহুল গান্ধী। সাম্প্রতিক জরিপগুলোতে প্রায় সব প্রদেশে তাঁর প্রতি মানুষের ব্যক্তিগত পক্ষপাত বাড়ার নজির পাওয়া যাচ্ছে (দ্য প্রিন্ট, ১২ জানুয়ারি ২০২৩)। কৌতূহলোদ্দীপক হলো, কংগ্রেসের সভাপতির পদ ছেড়ে দিয়ে পদযাত্রায় নামার পর এই প্রবণতা দেখা যাচ্ছে।

সামাজিক এই মনস্তত্ত্বের খবর কংগ্রেস নেতাদের অজানা নেই। রাহুলের পদযাত্রা শেষ হওয়ার আগেই তাঁরা আপাত সুবিধাজনক মুহূর্তটি থেকে রাজনৈতিক ফায়দা তোলার কাজে হাত দিয়েছেন। এই ফেব্রুয়ারি-মার্চে নতুন কর্মসূচি নিয়েছে এই দল, যার নাম ‘হাত সে হাত জোড়ো অভিযান’ (হাতের সঙ্গে হাত মেলাও)। এটাও পদযাত্রা আকারে হবে, তবে সেটা গ্রাম ও পঞ্চায়েত পর্যায়ে। এই পদযাত্রাকালে গ্রামসভা করে মানুষদের থেকে দৈনন্দিন সমস্যা ও প্রত্যাশা শোনা হবে।

কংগ্রেস সম্পর্কেও মতামত নেওয়া হবে। এসব অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই দলটি জাতীয় নির্বাচনের মেনিফেস্টো বা ইশতেহার বানাবে। পাশাপাশি ‘হাত সে হাত জোড়ো অভিযান’ শেষে প্রতিটি রাজ্যের প্রধান শহরে জনসভা হবে। একই কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি রাজ্যের রাজধানীতে এক দিন করে নারী অধিকার পদযাত্রা হবে, যার নেতৃত্ব দেবেন প্রিয়াঙ্কা গান্ধী। এসব কর্মসূচির ভেতর দিয়ে কংগ্রেস পুরোনো সেসব নেতাও বদলাতে চায়, যাঁরা দলকে আর কিছু দিতে সক্ষম নেই। নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলছেন, দলের পদ-পদবিকে তাঁরা সাফল্য-ব্যর্থতার নিরিখে বিচার করতে চাইছেন।

আগের মতো আর আলংকারিক নেতৃত্ব রাখা হবে না। তবে এসবই কংগ্রেসের ক্ষমতা দখলের রাজনৈতিক বাসনা মাত্র। রাহুলের পদযাত্রা শেষে জরুরি সাংস্কৃতিক একটা প্রশ্নও উঠেছে। এই পদযাত্রা কি ভারতের সাম্প্রদায়িক বিভেদরেখাকে মুছতে পারবে? সংখ্যালঘুদের রাতের ঘুমের দৈর্ঘ্য বাড়াচ্ছে কি না এতে? অন্যান্য প্রতিবেশীর মতো বাংলাদেশেরও আগ্রহের জায়গা হয়তো সেখানেই। ভারতের সামাজিক স্বস্তি বাংলাদেশেও স্বস্তি বাড়াবে। সীমান্ত আলাদা হলেও দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্বস্তির সম্ভাবনা এবং শঙ্কা একই সূত্রে গাঁথা। আপাতত খবর হলো, রাহুলের পদযাত্রার সময় ভারতে সাম্প্রদায়িক উদ্বেগ–উৎকণ্ঠা কম ছিল।

সেখানকার সংবাদমাধ্যমগুলো তা–ই বলছে। প্রাপ্তি হিসেবে এটা হয়তো মৃদু, কিন্তু বার্তা হিসেবে বড়। মনে হচ্ছে, ঘৃণার মতো ভালোবাসাও সংক্রামক হতে পারে। তবে ১৯৭৪ সালে লেখা ফয়েজ আহমেদ ফয়েজের সেই আক্ষেপও মনে রাখতে হবে: ‘খুন কে ধাব্বে ধুলেংগে কিতনি বরসাতোঁ কে বাদ’ (রক্তের দাগ ধুয়ে যাবে আর কত বর্ষার পর)। দক্ষিণ এশিয়ায় বহুত্ববাদের জন্য অনেক রাহুল দরকার এবং আরও প্রয়োজন তাঁদের নতুন ধারার অহিংস জনসংযোগ।

বিপরীতে নরেন্দ্র মোদির সামনে রয়েছে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে জওহরলাল নেহরুর উচ্চতায় নিজেকে স্থাপনের হাতছানি। ২০০২ সাল থেকে গত ২০ বছর তিনি কোনো নির্বাচনে হারেননি। ২০২৪ সালকে তাই আরএসএস পরিবার দেখছে ‘মহাবিজয়ে’র বছর হিসেবে। ২০১৪ সালে তাদের লক্ষ্য ছিল ২৭৩+ আসন। পেয়েছে ২৮২টি। ২০১৯ সালে লক্ষ্য ছিল ৩০০, পেয়েছে ৩০৩। ২০২৪ সালে উচ্চাভিলাষী টিম-মোদি লোকসভায় ৪০০ আসন চাইছে।

  • আলতাফ পারভেজ দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ে গবেষক