
নতুন করে করোনার আতঙ্ক শুরু হওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকার সার্বিক মোকাবিলার জন্য ব্লুপ্রিন্ট তৈরি করেছে। সে অনুযায়ী মঙ্গলবার দেশের সব রাজ্যের কিছু কিছু সরকারি হাসপাতালে শুরু হয়েছে কোভিড ড্রিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয় নিজে তার তদারক করেন দিল্লির সফদরজং হাসপাতালে। হঠাৎ সংক্রমণ মাত্রাছাড়া বেড়ে গেলে কীভাবে পরিস্থিতির মোকাবিলা করা হবে, সেটাই এই ড্রিলের উদ্দেশ্য।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সূত্র মঙ্গলবার এই বিষয়ে প্রথম আলোকে বলেন, ২০২০ সালে কোভিড শুরু হওয়ার সময় সরকারকে অনেক সমালোচনা শুনতে হয়েছিল। দ্বিতীয় ঢেউয়ের সময় পুরো দেশের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছিল। কোভিডের এই নবতম রূপ যাতে জনমনে পুরোনো দিনের আতঙ্ক ফিরিয়ে না আনে এবং স্বাস্থ্য পরিষেবা যাতে বেহাল না হয়ে পড়ে, সে জন্য সব রকমের সাবধানতা গ্রহণ করা হচ্ছে। এই ড্রিলের মূল উদ্দেশ্য যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকা।
বিভিন্ন রাজ্যে কোন কোন সরকারি হাসপাতালে কত বিছানা কোভিড সংক্রমিতদের জন্য নির্দিষ্ট রাখা হচ্ছে, আইসিসিইউর মতো নিবিড় পরিচর্যাব্যবস্থা কত, কী পরিমাণ অক্সিজেন মজুত রয়েছে, অক্সিজেনসহ বিছানার সংখ্যাই–বা কত, সব তথ্য মঙ্গলবার থেকেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী এই কথা জানিয়ে মঙ্গলবার বলেন, আক্রান্ত রোগীকে যাতে এক হাসপাতাল থেকে অন্যত্র ছুটতে না হয়, সে জন্য অনলাইনে দেখে নেওয়া যাবে কোন রাজ্যের কোন হাসপাতালে কত বিছানা নির্দিষ্ট রয়েছে। তিনি জানান, দিল্লির হাসপাতালগুলোকে ১০৪ কোটি টাকা দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনীয় ওষুধ কিনে রাখা যায়।
প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় বহু স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ মানুষ ও সরকারি উদ্যোগে তৈরি কোভিডযোদ্ধারা দিনরাত কাজ করেছিলেন। সেই তথ্যভান্ডার নতুন করে পরিষেবার অন্তর্গত করা হচ্ছে।
দিল্লি সরকার ও পৌরসভার সরকারি আনুকূল্যে চলা স্কুলের শিক্ষকদের ২৪ ঘণ্টা বিমানবন্দরে মোতায়েন করা হবে বলে গত সোমবার এক নোটিশ জারি হয়েছিল। তাতে বলা হয়েছিল, ওই শিক্ষকেরা দেখবেন বিমানযাত্রীরা কোভিডবিধি ঠিকমতো পালন করছেন কি না। স্কুল বন্ধ থাকায় তিন শিফটে শতাধিক শিক্ষককে এই পর্যবেক্ষণের জন্য নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। শিক্ষকমহলের আপত্তিতে দিল্লি সরকার গত বুধবার ওই নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে। ৩১ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সেই কাজে এখন অসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীদের নিযুক্ত করা হবে।