দিল্লিতে রাইড শেয়ারিং বাইকট্যাক্সি নিষিদ্ধ

রাইড শেয়ারিং অ্যাপসের বাইকট্যাক্সি নিষিদ্ধ করেছে দিল্লি সরকার
ছবি: ডয়চে ভেলে

দিল্লিতে বাইকট্যাক্সি নিষিদ্ধ করা হয়েছে। ফলে যাতায়াতের জন্য যারা উবার, ওলা কিংবা র‌্যাপিডোর মতো রাইড শেয়ারিং অ্যাপসের ওপর ভরসা করে থাকেন, তাঁরা সমস্যায় পড়বেন। পরিবহন–সংক্রান্ত আইন না মানার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

দিল্লি সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত ব্যবহারের জন্য বাইক দিয়ে এই ট্যাক্সি সার্ভিস চলছিল। কিন্তু পরিবহন নিয়ম অনুসারে ব্যক্তিগত ব্যবহারের জন্য বাইক এ রকমভাবে ব্যবসায়িক কাজে লাগানো যায় না। অধিকাংশ ক্ষেত্রে নন ট্র্যান্সপোর্ট নম্বরযুক্ত বাইক ব্যবহার করা হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এরপরেও যদি রাস্তায় বাইকট্যাক্সি দেখা যায়, তাহলে প্রথমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে। দ্বিতীয়বার একই অপরাধের জন্য জরিমানার পরিমাণ হবে ১০ হাজার টাকা। তা ছাড়া  যে সংস্থার হয়ে বাইক চালানো হচ্ছিল, তাদের এক লাখ টাকা জরিমানা করা হবে। চালকের লাইসেন্সও তিনবারের জন্য বাতিল করা হবে।

দিল্লিতে ওলা, উবার ও রেপিডো মূলত এই পরিষেবা দিত। এই পরিষেবা বন্ধ হওয়ায় অসংখ্য যাত্রী অসুবিধায় পড়বেন।

সম্প্রতি সুপ্রিম কোর্ট মুম্বাইতে রেপিডোর বাইক ট্যাক্সি বন্ধ করার নির্দেশ দিয়েছে। কারণ, তারা কোনোরকম নিবন্ধন ছাড়াই এই পরিষেবা চালু করেছিল।