
ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে ২৪ ঘণ্টায় ১২ নবজাতকসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এসব মৃত্যুর জন্য ওষুধপত্রের ঘাটতিসহ জনবলের সংকটকে দায়ী করেছে।
রাজ্যের নানদেনে শঙ্করাও চ্যাবন সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটেছে। নবজাতক ছাড়া বাকি ব্যক্তিদের বেশির ভাগই ছিলেন সাপে কাটা রোগী।
শঙ্করাও চ্যাবন সরকারি হাসপাতালের ডিন বলেছেন, গত ২৪ ঘণ্টায় ৬টি ছেলে নবজাতক ও ৬টি মেয়ে নবজাতক মারা গেছে। এ ছাড়া প্রাপ্তবয়স্ক ১২ রোগী মারা গেছেন। তাঁদের বেশির ভাগই ছিলেন সাপে কাটা রোগী। বাকিরা নানা রোগে ভুগছিলেন।
মারা যাওয়া প্রাপ্তবয়স্ক এই রোগীদের মধ্যে পাঁচজন পুরুষ ও সাতজন নারী।
বেশ কিছু কর্মী বদলি হয়ে যাওয়ায় তাঁরা কিছুটা বেকায়দায় পড়েছেন উল্লেখ করে হাসপাতালের ডিন দাবি করেন, তহবিল–সংকটসহ ওষুধপত্রের ঘাটতি রয়েছে।
এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ধে। তিনি জানান, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় হাসপাতালটি ঘুরে দেখেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক চ্যাবন। তিনি জানান, হাসপাতালে ভর্তি থাকা আরও ৭০ রোগীর অবস্থা জটিল। অনেক যন্ত্র কাজ করছে না। এ ছাড়া হাসপাতালটির ধারণক্ষমতা ৫০০ জনের হলেও ভর্তি আছেন ১ হাজার ২০০ রোগী। ওষুধপত্রের ঘাটতিও আছে। তিনি সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার দাবি জানান।
বিরোধীরা এ ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছে। তারা বলেছে, এ জন্য সরকার দায়ী।