
কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে বিপুল আলোড়নের মধ্যেই তাঁর স্বামী প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সমালোচনায় মুখর হলেন ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল শনিবার রাজধানী দিল্লিতে এক বেসরকারি অনুষ্ঠানে তিনি বলেন, রাজীব গান্ধীর একটি ভুলের জন্য ভারত ও চীনের অর্থনৈতিক বৈষম্য এবং দুই দেশের অর্থনীতির ফারাক এতটা বেড়ে গেছে।
সর্বভারতীয় ইংরেজি দৈনিক ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট’-এ অংশ নিয়ে শনিবার জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী হয়ে রাজীব যদি আর্থিক সংস্কারের কাজে মনোযোগী হতেন, তা হলে চীনের সঙ্গে ভারতের অর্থনীতির ফারাক এত বিপুল হতো না।
জয়শঙ্কর বলেন, আশির দশক পর্যন্ত ভারত ও চীনের আর্থিক মানদণ্ড প্রায় একই ধরনের ছিল। দুই দেশের মাথাপিছু আয় কাছাকাছি ছিল। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের হারেও বিশেষ ফারাক ছিল না। কিন্তু পরবর্তী সময়ে চীন দ্রুত এগিয়ে যায় তারা ঠিক সময়ে আর্থিক সংস্কারের কাজে হাত দিয়েছিল বলে।
জয়শঙ্কর বলেন, যে সময় রাজিব গান্ধীর উচিত ছিল ওই দিকে নজর দেওয়া, তখন তিনি দেননি। ফলে চীন ও ভারতের অর্থনীতির বৈষম্যে আকাশ-পাতাল ফারাক হয়ে গেছে।
১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধী নিজের দেহরক্ষীদের গুলিতে নিহত হন। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন। ১৯৮৮ সালে তিনি চীন সফরে গিয়েছিলেন। সেই সফরের কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ১৯৬০, ‘৭০ ও ‘৮০-র দশকে সারা বিশ্ব শিল্পায়নের দিকে এগোচ্ছিল। উন্নয়নশীল দেশগুলোও শিল্পায়নের পথে বেশি করে পা বাড়াচ্ছিল।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্মরণ করুন, রাজীব যখন চীন সফরে যান, সেই ১৯৮৮ সালে, তখনো পর্যন্ত ভারত ও চীনের অর্থনৈতিক পরিস্থিতি মোটামুটি কাছাকাছিই ছিল। অর্থনীতির বহরেও বিশেষ তারতম্য ছিল না। পার্থক্যটা পরিলক্ষিত হয় তার পর থেকেই।
কী কারণে সেই ফারাকের সৃষ্টি, তা ব্যাখ্যা করে জয়শঙ্কর বলেন, ‘ওই আশির দশকেই চীন শিল্পায়ন ও আধুনিকীকরণের দিকে প্রবলভাবে নজর দেয়। আমরা তা পারিনি। ফলে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমরা বাস মিস করেছিলাম। নব্বইয়ের দশকে এসে আমরা ভুল শোধরানোর চেষ্টা শুরু করি। কিছু সংস্কার করি। কিন্তু একের পর এক ক্ষেত্রে সেই সংস্কার আমরা করতে পারিনি। সেই গতি রাখতে পারিনি। আজ তাই দুই দেশের ফারাক এতটা বেড়ে গেছে।’
রাজীব গান্ধীর এই সমালোচনা রাজনীতির দৃষ্টিতে না দেখা ভালো বলে জয়শঙ্কর মন্তব্য করেন। কিন্তু তা সত্ত্বেও প্রশ্ন উঠছে, যে সময় সোনিয়া গান্ধীর আত্মকথা নিয়ে গোটা দেশ গমগম করছে, কংগ্রেস নেত্রী প্রশংসিত ও সমালোচিত হচ্ছেন একই সঙ্গে, বিক্রির দিকে থেকে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে বইটা, তখন জয়শঙ্করের এই ‘রাজীব সমালোচনা’ সেই দিক থেকে জনগণের দৃষ্টি ফেরানোর চেষ্টা কি না।
একই সঙ্গে প্রশ্ন উঠছে চীনের আর্থিক অগ্রগতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যাতেও। কারণ, চীনের অর্থনৈতিক সংস্কারের কাজ শুরু হয়েছিল রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার ছয় বছর আগে, ১৯৭৮ সালে। সেই বছর থেকে কমিউনিস্ট চীনে উদার অর্থনীতির প্রবর্তন করেন কমিউনিস্ট পার্টির তৎকালীন সর্বেসর্বা দেং জিয়াও পিং।
সেই বছর চীনে বাজার অর্থনীতির প্রবেশ তাঁরই হাত ধরে। তিনিই প্রবক্তা। দেশের শিল্প-ব্যবসার দুয়ার বিদেশি পুঁজি ও প্রযুক্তির জন্য তিনিই প্রথম খুলে দিয়েছিলেন। বিদেশি পুঁজি আবাহন করা নিয়ে সেই সময়েই তিনি বলেছিলেন, ‘বিড়াল কালো না সাদা তা বিচার্য নয়, দেখতে হবে সে ইঁদুর মারতে পারছে কি না।’ রাজীব চীন সফরে গিয়েছিলেন তার ১০ বছর পর।
দেং জিয়াও পিংয়ের হাত ধরে চীনে বাজার অর্থনীতির শুরুর সময় ভারতের শাসন ক্ষমতায় ছিল জনতা পার্টি। প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অটল বিহারি বাজপেয়ী। ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে বাজপেয়ী চীন সফরে গিয়েছিলেন। ১৯৬২ সালের যুদ্ধের পর কূটনৈতিক শীতলতা কাটানোর সেটা ছিল প্রথম উদ্যোগ।
দেংয়ের হাত ধরে চীনা অর্থনীতির সংস্কারের কথা বাজপেয়ীর অজানা ছিল না। চীনে গিয়েই তা তিনি প্রত্যক্ষ করেছিলেন। মোরারজি দেশাইয়ের পর আরও একবার প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী। তাঁদের উপেক্ষা করে রাজীব গান্ধীকে তাই জয়শঙ্কর কেন দায়ী করলেন, সেই প্রশ্ন উঠছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী বলছেন, এর মধ্যে রাজনীতি না দেখাই উচিত।