
পশ্চিমবঙ্গের পৌরসভাগুলোয় নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্যের ফায়ার সার্ভিসমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। সুজিত বসুকে ৩১ আগস্ট কলকাতার নিজাম প্যালেসে সিবিআই সদর দপ্তরে ডাকা হয়েছে। সুজিত বসু ২০১৬ থেকে ১৮ সালে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন।
কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় কলকাতা হাইকোর্টের নির্দেশে গত জুন মাসে এই রাজ্যের ১৪টি পৌরসভায় ব্যাপক তল্লাশি চালায় সিবিআই।
এর আগে সিবিআইয়ের কাছে ৬০ পৌরসভার নিয়োগে দুর্নীতির অভিযোগ আসে। এই রাজ্যে রয়েছে ১১৮টি পৌরসভা এবং ৭টি পৌর করপোরেশন। অভিযোগ রয়েছে, ২০১৪ সাল থেকে ওই সব পৌরসভার পাঁচ হাজার চাকরি অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে। আর এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তৃণমূল নেতা অয়ন শীল। এরপরই সিবিআই ১৪টি পৌরসভা এবং অয়ন শীলের দপ্তর তল্লাশি করে প্রচুর নিয়োগ ও দুর্নীতিসংক্রান্ত কাগজপত্র উদ্ধার করে। গ্রেপ্তার করে অয়ন শীলকে। তাঁকে জেরা করে তাঁর হুগলির চুচুঁড়ার অফিস তল্লাশি করে নিয়োগকৃত প্রার্থীদের খাতা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
প্রতিষ্ঠানটি তল্লাশিতে জানতে পারে, এই নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে অয়ন শীল চাকরিপ্রার্থীদের কাছ থেকে ৪০ কোটি রুপি অবৈধভাবে আদায় করেন। মামলাটি কলকাতার হাইকোর্টে উঠলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই পৌর নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দেন।
এর আগে তৃণমূল সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি এখনো কারাগারে। গরু পাচার মামলায় কারাগারে আছেন দলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এ ধরনের ডাকাসাইটে নেতাদের পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাও এখন দুর্নীতির মামলায় জড়িয়ে গেছেন।