হাতকড়া
হাতকড়া

রাজস্থানে মাঠে পড়ে ছিল যমজ সন্তানের রক্তাক্ত মৃতদেহ, মাকে গ্রেপ্তার করেছে পুলিশ

ভারতের রাজস্থানে দশেরা উৎসবের দিন গতকাল মঙ্গলবার সকালে ১৩ বছরের যমজ ভাই বিনয় চৌধুরী ও বিষ্ণু চৌধুরীকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হয়। আশপাশের লোকজনও তাঁদের সঙ্গে যোগ দেন।

খোঁজাখুঁজি করতে গিয়ে স্থানীয় সময় সকাল ছয়টার দিকে বাড়ির পাশেই এক মাঠে দুই ভাইয়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। প্রায় ছয় ঘণ্টা তদন্তের পর পুলিশ দুই ছেলেকে হত্যার অভিযোগে তাদেরই মাকে গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটেছে রাজস্থান রাজ্যের ডিগ জেলায়। গতকাল রাতে এ ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তার নারীর স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। তার পর থেকে তিনি সন্তানদের নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছিলেন।

সম্প্রতি প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে ‘ওই নারীর সম্পর্ক গড়ে ওঠে’ বলে জানায় পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই নারীকে তাঁর আগের ঘরের সন্তানদেরসহ বিয়ে করতে রাজি হচ্ছিলেন না ওই ব্যক্তি।

প্রেমিকের কাছ থেকে বারবার প্রত্যাখ্যাত হওয়ার কারণেই হয়তো ওই নারী সন্তানদের হত্যার সিদ্ধান্ত নেন বলে ধারণা পুলিশের।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যপ্রমাণ থেকে ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতরেই ওই দুই কিশোরকে হত্যা করা হয়েছে। হত্যায় ব্যবহৃত হয়েছে সন্দেহে অস্ত্র, কাপড়চোপড় ও অন্যান্য আলামত জব্দ করে আরও পরীক্ষার জন্য সেসব সংরক্ষণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যপ্রমাণ থেকে ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতরেই ওই দুই কিশোরকে হত্যা করা হয়েছে। হত্যায় ব্যবহৃত হয়েছে সন্দেহে অস্ত্র, কাপড়চোপড় ও অন্যান্য আলামত জব্দ করে আরও পরীক্ষার জন্য সেসব সংরক্ষণ করা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দুই ভাইয়ের মরদেহেই একাধিক কাটা দাগ ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ডিগের পুলিশ সুপার কম্বালে শরণ গোপীনাথ বলেন, যমজ দুই ভাইয়ের গলা কাটা ছিল। মাথায়ও আঘাতের চিহ্ন।

ময়নাতদন্তের জন্য দুটি মৃতদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, প্রায় ২০ বছর আগে উত্তর প্রদেশের হাতরাস জেলার সরোথ মানসা গ্রামের বাসিন্দা নিরঞ্জন সিংয়ের সঙ্গে ওই নারীর বিয়ে হয়েছিল। তাঁদের চার সন্তান—১৮ বছর বয়সী এক মেয়ে, ১৬ বছর বয়সী এক ছেলে এবং ১৩ বছর বয়সী যমজ ছেলে।