কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে তিন দিনব্যাপী বিজয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে তিন দিনব্যাপী বিজয় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা

কলকাতায় তিন দিনব্যাপী বাংলাদেশের বিজয় উৎসব শুরু

কলকাতায় শুরু হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিজয় উৎসব। আজ বুধবার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে শুরু হয়েছে তিন দিনব্যাপী এ বিজয় উৎসব। কাল শুক্রবার বাংলাদেশের মহান বিজয় দিবস।
আজ বিকেলে এই বিজয় উৎসবের উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

বিজয় উৎসবের অনুষ্ঠানে যোগ দিয়ে উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর ওই যুদ্ধের বীর যোদ্ধাদের প্রতি। তিনি মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু না জন্মালে বাঙালিদের পৃথক আবাসভূমি বাংলাদেশ সৃষ্টি হতো না। তিনি বাংলাদেশের স্থপতি। জাতির পিতা। বাঙালিদের গর্ব। বাঙালির এক জীবন্ত ইতিহাস।

১০ বছর ধরে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে এই বিজয় উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিদিন বিকেল চারটায় শুরু হবে এই বিজয় উৎসব আর শেষ হবে রাত আটটায়।

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে অনুষ্ঠিত বিজয় উৎসব

উৎসবে প্রতিদিন থাকবে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও ভারত বাংলাদেশের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনায় অংশ নেবেন দুই দেশের বিশিষ্টজনেরা। এঁদের মধ্যে থাকছেন অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক পবিত্র সরকার. সাংবাদিক মানস ঘোষ, অধ্যাপক মো. শাহ আজম, ইমন কল্যাণ লাহিড়ী, অধ্যাপক সুমিত মুখার্জি।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ইলোরা দে, কণিকা সান্যাল, চিত্রিতা গঙ্গোপাধ্যায়সহ কলকাতায় পাঠরত বাংলাদেশের ছাত্রছাত্রীরা। সেই সঙ্গে আবৃত্তিতে অংশ নেবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ।

বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয় আজকের এই দিনের অনুষ্ঠানে। এরপর কলকাতা উপহাইকমিশনের বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।