
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নয়ডাতে আজ রোববার বিকেলে বড় বিস্ফোরণের মধ্য দিয়ে ‘সুপারটেক’ টুইন টাওয়ার ভবন গুঁড়িয়ে দেওয়া হবে। বিস্ফোরণের কারণে আশপাশের অবকাঠামোগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ওই এলাকা থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। খবর এনডিটিভির।
বিধি লঙ্ঘন করে ভবন দুটি নির্মাণের প্রমাণ পাওয়ায় ভারতের সুপ্রিম কোর্টের আদেশে তা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠান প্রতিটি টাওয়ারে ৪০ তলা নির্মাণের পরিকল্পনা করেছিল।
তবে আদালতের আদেশের কারণে কিছু তলা নির্মাণ করা যায়নি। বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়ার আগেই কিছু ভবন ম্যানুয়েল পদ্ধতিতে ভেঙে ফেলা হয়েছে। দুটি টাওয়ারের মধ্যে অ্যাপেক্স টাওয়ারে এখন ৩২টি তলা আছে আর সেয়ান নামের টাওয়ারে আছে ২৯টি তলা। অ্যাপেক্স ভবনটি ১০৩ মিটার এবং সেয়ান ভবনটি ৯৭ মিটার দীর্ঘ।
টুইন টাওয়ার ধ্বংসের জন্য ৩ হাজার ৭০০ কেজির বেশি ওজনের বিস্ফোরক ব্যবহার করা হবে। দুটি ভবনের স্তম্ভে প্রায় ৭ হাজার ছিদ্রের ভেতর বিস্ফোরক ঢোকানো হয়েছে। ২০ হাজার সার্কিট স্থাপন করা হয়েছে সেখানে। বিস্ফোরণের কারণে স্তম্ভগুলো এমনভাবে ভেঙে পড়বে, যেন তা সোজাসুজি নিচে পড়ে। একে বলা হয় ‘ওয়াটারফল টেকনিক’।
প্রকল্প প্রকৌশলীর তথ্য অনুযায়ী, ৯ সেকেন্ড ধরে ভবনটি ভেঙে পড়বে। বাতাসের গতির ওপর নির্ভর করে প্রায় ১২ মিনিট ধরে ধ্বংসাবশেষ থেকে ধুলা উড়বে। বিধ্বস্ত ভবনের এলাকায় প্রায় ৫৫ হাজার টন আবর্জনা তৈরি হবে। এগুলো পরিষ্কার করতে তিন মাস সময় লাগতে পারে। নির্ধারিত এলাকায় আবর্জনাগুলো ফেলা হবে।
ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের কারণে ৩০ মিটার ব্যাসার্ধের জায়গাজুড়ে কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হবে। এ কম্পনের সম্ভাব্য মাত্রা হবে সেকেন্ডে প্রায় ৩০ মিলিমিটার, যা রিখটার স্কেলে শূন্য দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের সমান। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, নয়ডার অবকাঠামোগুলো ৬ মাত্রার ভূমিকম্প পর্যন্ত সহনীয় করে বানানো।
ভবনটি গুঁড়িয়ে দেওয়ার আগে ওই এলাকার প্রায় সাত হাজার বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে। প্রায় আড়াই হাজার গাড়িকে ওই এলাকার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ভবন গুঁড়িয়ে দেওয়ার পর আশপাশের ভবনে বিকেল চারটা নাগাদ গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ আবারও সচল করা হবে। আর সাড়ে পাঁচটা নাগাদ স্থানীয় লোকজন নিজ এলাকায় ফিরে আসতে পারবেন।
গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে ৪৫০ মিটারের নো গো জোনে আধা ঘণ্টার জন্য গাড়ি চলাচল বন্ধ থাকবে। আর বিস্ফোরণস্থলের চারপাশে বেলা ২টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে। টুইন টাওয়ারমুখী রাস্তার জায়গায় বিকল্প রাস্তা ব্যবহার করা হবে।
আশপাশের কিছু ভবনের অবস্থান টুইন টাওয়ার থেকে মাত্র আট মিটার দূরত্বে। অন্যগুলোর দূরত্ব ১২ মিটার ব্যাসার্ধের মধ্যে। ধুলা থেকে বাঁচাতে এগুলোকে বিশেষ কাপড় দিয়ে ঢেকে রাখা হবে।
১০০ কোটি রুপির বিমার আওতায় ভবনটি গুঁড়িয়ে দেওয়ার কাজ চালানো হবে। আশপাশের কোনো ভবন যদি ক্ষতিগ্রস্ত হয়, তবে এ বিমার টাকায় ক্ষতিপূরণ দেওয়া হবে।
৯ বছরের আইনি লড়াইয়ের পর মুম্বাইভিত্তিক কোম্পানি এডিফিস ইঞ্জিনিয়ারিংকে এ দুটি টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুপারটেক এমার্যাল্ড কোর্ট সোসাইটি প্রাঙ্গণে বিধি লঙ্ঘন করে টাওয়ার দুটি নির্মিত হওয়ার প্রমাণ পেয়েছেন সুপ্রিম কোর্ট। গত বছরের আগস্টে ভবনটি গুঁড়িয়ে দিতে তিন মাসের সময়সীমা দিয়েছিলেন আদালত। তবে কারিগরি জটিলতার কারণে এ প্রক্রিয়া শুরু করতে এক বছর লেগে যায়।