বেশি দামের পণ্য কিনতে গ্রাহকদের আগ্রহী করতে কিস্তির প্রচলন রয়েছে। নিত্য খাদ্যপণ্য যেমন শাকসবজি, ফলমূলের ক্ষেত্রে এমনটা দেখা যায় না। তবে ভারতে এমন উদ্যোগ চোখে পড়ল। দেশটির মহারাষ্ট্রের পুনেতে এক বিক্রেতা আম বিক্রি করছেন কিস্তিতে।
মৌসুমের শুরু ও শেষে এই আমের দাম বেশি থাকে। ফলে অনেকেই আম কিনতে চান না। তবে পুনের সেই আম ব্যবসায়ী গৌরব সানাস জানিয়েছেন, এবার আলফানসো আম কেনার ক্ষেত্রে তাঁরা কিস্তি সুবিধা দিচ্ছেন। ক্রেতারা ক্রেডিট কিংবা ডেবিট কার্ড ব্যবহার করে এই সুবিধা নিতে পারবেন।
ব্যবসায়ী গৌরব সানাস শুধু আলফানসো আমের ক্ষেত্রে এই সুবিধা দিচ্ছেন। বলা হয়ে থাকে, স্বাদে গন্ধে সেরা আম আলফানসো। তবে এই আমের দরও অন্যান্য আমের চেয়ে বেশি। তাই কিস্তিতে ওই আমের দাম পরিশোধের সুযোগ দিয়েছেন তিনি।
আলফানসো আমের দাম কতটা বেশি, তার একটি ধারণা পাওয়া যায় ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে। কেউ বলছেন, এই আমের দাম কেজিপ্রতি ৮০০ থেকে ১৩০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার থেকে ১ হাজার ৭০০ টাকা)। আবার কোনো কোনো গণমাধ্যম বলছে, এই আমের দাম ৬০০ থেকে ১৩০০ রুপি পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ সত্যিকার অর্থেই সাধারণ মানুষের জন্য এই আম কিনে খাওয়া কষ্টসাধ্য বটে। গৌরব বলছেন, টেলিভিশন, রেফ্রিজারেটর কিংবা শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র যদি কিস্তিতে বিক্রি করা সম্ভব হয়, তাহলে আম কেন নয়? তাঁর মতে, কিস্তিতে বিক্রি করা সম্ভব হলেই কেবল সাধারণ মানুষ এই আমের স্বাদ পাবেন।
ইএমআইতে কোনো পণ্য কেনার ক্ষেত্রে যেসব নথিপত্র লাগে, গৌরবের দোকান থেকে কিস্তিতে আম কিনতে গেলেও সেই সব নথি লাগবে। কেউ চাইলে সেই অর্থ তিন বা ছয় কিংবা ১২ মাসের কিস্তিতেও তাঁর দোকান থেকে আম কিনতে পারবেন। তবে আম কেনার ক্ষেত্রে একটি শর্ত দিয়েছেন গৌরব। সেটা হলো, তাঁর দোকান থেকে পাঁচ হাজার রুপির আম কিনলে এই সুবিধা পাবেন ক্রেতারা।