
আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামসহ একাধিক দেশীয় ও আন্তর্জাতিক সংস্থায় অভিযান চালিয়েছে ভারতের আয়কর দপ্তর। আজ বুধবার এসব অভিযান চলে। অক্সফাম ছাড়াও এ তালিকায় আছে ভারতের প্রথম সারির গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি রিসার্চ (সিপিআর) এবং স্বাধীন ও ছোট প্রচার মাধ্যমকে সহায়তাকারী ভারতীয় সংস্থা ইনডিপেনডেন্ট অ্যান্ড পাবলিক-স্পিরিটেড মিডিয়া ফাউন্ডেশন (আইপিএসএমএফ)।
সিপিআরের পরিচালনা পর্ষদে আছেন ভারতের সাবেক পররাষ্ট্রসচিব শ্যাম শরন। সিপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত সরকারের যাবতীয় আইনকানুন মেনেই তাঁরা তাদের গবেষণা প্রতিষ্ঠানটি চালান।
গবেষণা প্রতিষ্ঠান সিপিআরের দপ্তরে তল্লাশি ভারতের গবেষণা প্রতিষ্ঠান এবং শীর্ষস্থানীয় গবেষকদের উদ্বিগ্ন করেছে। এর কারণ সিপিআর একটি সম্পূর্ণ স্বাধীন গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠানটি ভারত সরকারের নানা প্রকল্পের সমালোচনা অতীতে করেছে এবং এখনো করে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছেন ভারতের খ্যাতনামা সমাজবিজ্ঞানী মীনাক্ষী গোপীনাথ। তিনি জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং দিল্লির নামকরা কলেজ লেডি শ্রীরামের অধ্যক্ষ ছিলেন।
এক বিবৃতিতে সিপিআর–এর পক্ষ থেকে বলা হয়েছে, ভারত সরকারের আইন অনুযায়ী প্রতিষ্ঠানটি লাভজনক সংস্থার মধ্যে পড়ে না। ফলে আয়কর দেওয়ার প্রশ্ন ওঠে না। বিবৃতিতে সিপিআর বলেছে, ‘একাধিক ভারতীয় এবং আন্তর্জাতিক সংস্থা থেকে অনুদান পায় সিপিআর। সরকার, বহুমুখী প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থা থেকেও পায়। সংস্থার যাবতীয় হিসাব ওয়েবসাইটে দেওয়া রয়েছে।’
সিপিআর ও অক্সফামসহ নানা প্রতিষ্ঠান এবং স্থানে তল্লাশি চলছে।
আজই ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই প্রায় আট ঘণ্টা জেরা করেছে পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে। বেআইনি কয়লা পাচারের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। আইনমন্ত্রীর মোট ছয়টি বাসভবন এবং দপ্তরে তল্লাশি চালান সিবিআইয়ের কর্মকর্তারা। তল্লাশির পর পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী বলেন, বিষয়টি যেহেতু আদালতের বিচারাধীন, তাই তিনি এ নিয়ে কোনো মন্তব্য করবেন না।
পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের একাধিক রাজ্যে যেমন মহারাষ্ট্র, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, গুজরাট ও হরিয়ানাতেও তল্লাশি চালায় আয়কর দপ্তর।
এসব তল্লাশির সময় বিশেষ করে খতিয়ে দেখা হচ্ছে রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের সম্পত্তির হিসাব। এখন সরকার ব্যক্তিগত স্তরে ভারতের রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের আক্রমণ করতে শুরু করেছে বলে বিজেপিবিরোধী অনেকে মন্তব্য করেছেন সামাজিক মাধ্যম টুইটারে।