ঝাড়খন্ডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নারী–শিশুসহ নিহত ১৪

ঝাড়খন্ডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
ছবি: এএনআই

ভারতের ঝাড়খন্ড রাজ্যের ধানবাদ এলাকায় বহুতল একটি ভবনে গতকাল মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১০ জন নারী ও ৩টি শিশু রয়েছে। খবর পিটিআইয়ের।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ঝাড়খন্ডের মুখ্য সচিব সুখদেব সিং পিটিআইকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন বলেন, জেলা প্রশাসন জরুরি ভিত্তিতে কাজ করছে এবং আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। এক টুইটে তিনি বলেন, ধানবাদে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি নিজে সব নজরদারি করছেন।

রাজ্যের রাজধানী রাঁচি থেকে ১৬০ কিলোমিটার দূরে ব্যস্ত এলাকা জোড়া পাঠকে আশীর্বাদ টাওয়ার নামে ১৩তলা ভবনটিতে গতকাল রাতে আগুন লাগে। ধানবাদের উপকমিশনার সন্দীপ কুমার বলেন, ৮ থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের অনেকেই গুরুতর দগ্ধ হয়েছেন।

তিনি আরও বলেন, দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে হতাহতের সঠিক তথ্য এখনো জানা যায়নি। পুলিশ ও অগ্নিনির্বাপণ বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

ধানবাদের উপকমিশনার আরও বলেন, লোকজনকে বের করে আনাই তাঁদের প্রধান লক্ষ্য ছিল। তাঁরা ঘটনাস্থলে চিরুনি অভিযান চালাচ্ছেন।