
মুর্শিদাবাদের কৃষক এবং পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটসের (এপিডিআর) আবেদনের ভিত্তিতে ‘আদানি পাওয়ার’কে তাদের বক্তব্য জানাতে বললেন কলকাতা হাইকোর্ট। গতকাল মঙ্গলবার হাইকোর্ট আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহকারী সংস্থাকে নোটিশ দিয়ে আগামী ১৭ এপ্রিলের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। আদালতে হলফনামার মাধ্যমে আদানি পাওয়ারকে তাদের বক্তব্য জানাতে হবে। আদানি গোষ্ঠীর এই প্রকল্প থেকেই ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করার কথা।
মুর্শিদাবাদের ৩৮ জন কৃষক এবং এপিডিআর তাদের দুই আইনজীবী ঝুমা সেন এবং কৌশিক গুপ্তের মাধ্যমে কলকাতা হাইকোর্টে গত জানুয়ারি মাসে একটি জনস্বার্থ মামলা করেছিল। তাদের বক্তব্য ছিল, অনুমতি না নিয়ে বিদ্যুতের ‘হাইটেনশন’ লাইন কৃষকদের জমির ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযোগ করা হয়েছিল যে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে আলাপ–আলোচনা না করে এ কাজ গোপনে করা হচ্ছে। উপযুক্ত ক্ষতিপূরণও দেওয়া হয়নি। গত সাতই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্ট আদানি গোষ্ঠীকে তাদের আবেদনের কপি পাঠানোর নির্দেশ দিয়েছিল। এরপর আজ আদানি গোষ্ঠীকে বলা হয়েছে তাদের বক্তব্য আগামী ১৭ এপ্রিল জানাতে। আদানি গোষ্ঠীর তরফে, আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রশ্ন তোলা হয়। আদালত তাদের বক্তব্য হলফনামার মাধ্যমে জানাতে বলে। তবে প্রকল্পের যে কাজ চলছে, তার ওপরে নিষেধাজ্ঞা জারি করেননি আদালত।
আদানি গোষ্ঠী পূর্ব ভারতের ঝাড়খন্ডে ১ হাজার ৬০০ মেগাওয়াটের একটি প্রকল্প তৈরি করেছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য। এই প্রকল্পের জন্য বিদ্যুৎবাহী তার পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশে। এ বিষয় নিয়ে গত বছরের মাঝামাঝি থেকে আন্দোলন করছেন মুর্শিদাবাদের কৃষকেরা। এত জোরালো ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তার জমি ও বাড়ির ওপর দিয়ে গেলে বিপদের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে।
আদানি গোষ্ঠীর বাংলাদেশ প্রকল্প নিয়ে এখন নানা জটিলতা দেখা দিয়েছে। একদিকে যেমন কলকাতায় জনস্বার্থ মামলা হয়েছে, তেমনই অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৭ সালের চুক্তি সংশোধন করতে চেয়েছে। আদানি গোষ্ঠী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য কয়লার ‘অসম্ভব বেশি মূল্য’ ধার্য করেছে বলে বিদ্যুৎ পর্ষদের তরফে জানানো হয়েছে। এ বিষয়ে আদানি পাওয়ারের পরিবর্তিত অবস্থান জানতে চেয়ে বাংলাদেশের তরফে চিঠি পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। তবে এই চিঠির বিষয়বস্তু সম্পর্কে আদানি গোষ্ঠী বা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এখনো কিছু জানায়নি।