ভারতের কুস্তি ফেডারেশনের সাবেক সভাপতি ব্রিজভূষণ শরণ সিং
ভারতের কুস্তি ফেডারেশনের সাবেক সভাপতি ব্রিজভূষণ শরণ সিং

যৌন হেনস্তার জের: ভারতের কুস্তি ফেডারেশনের কমিটি স্থগিত

ভারতের লোকসভা ভোটের মুখে ‘অনাবশ্যক’ বিতর্ক থেকে বাঁচতে ভারতীয় কুস্তি ফেডারেশনের সদ্যনির্বাচিত কমিটিকে অকর্মণ্য করে দিল কেন্দ্রীয় সরকার। গতকাল রোববার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে কমিটিকে স্থগিত করার সিদ্ধান্তের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, প্রথমত, বিভিন্ন প্রতিযোগিতার দিনক্ষণ ঘোষণা করার সময় নিয়মবিধি মানা হয়নি। দ্বিতীয়ত, সাবেক কর্মকর্তাদের হাতেই ফেডারেশনের ভার অর্পিত হয়েছে। তৃতীয়ত, ফেডারেশন সিদ্ধান্ত নেওয়ার আগে সেক্রেটারি জেনারেলের সঙ্গে পরামর্শ করেনি। সবচেয়ে বড় কথা, সংস্থার নবনির্বাচিত সভাপতি সঞ্জয় সিং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতারই উপযুক্ত নন।

কারণ, তিনি এর আগে তিনবার চার বছরের মেয়াদে ফেডারেশনের কর্তা হিসেবে কাজ করেছেন। নিয়মবিধি অনুযায়ী এতগুলো মেয়াদের পর কেউ আর কর্তা হিসেবে থাকতে পারেন না।

এই সিদ্ধান্তের পাশাপাশি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে বলেছে, কুস্তি ফেডারেশনের কাজ চালানোর জন্য দ্রুত অ্যাড হক কমিটি গড়ে দিতে। সেই কমিটি নতুন নির্বাচনের কথাও ঘোষণা করতে পারে।

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা আইনের আশ্রয় নিতে পারবেন। সেই সুযোগ তাদের রয়েছে।

কুস্তি ফেডারেশনের সাবেক সভাপতি ও উত্তর প্রদেশের গোন্ডা জেলা থেকে লোকসভায় নির্বাচিত বিজেপির প্রভাবশালী ‘ঠাকুর’ সম্প্রদায়ের নেতা ব্রিজভূষণ শরণ সিংকে ঘিরে এক বছরের বেশি সময় ধরে বিতর্ক অব্যাহত রয়েছে। তাঁর বিরুদ্ধে দেশের প্রতিষ্ঠিত ১৭ নারী কুস্তিগির যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন এক নাবালিকাও।

পরে সেই নাবালিকাসহ ১০ জন অভিযোগ প্রত্যাহার করেন। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে পুলিশ, সরকার বা স্বতঃপ্রণোদিত হয়ে আদালতও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে এক বছর আগে সাক্ষী মালিক, বিনেশ ফোগত, সংগীতা ফোগত, অংশু মালিক, বজরঙ্গ পুনিয়ার মতো অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত কুস্তিগিরেরা আন্দোলন করেন। পরে কেন্দ্রীয় সরকারের কথায় আশ্বস্ত হয়ে তাঁরা আন্দোলন প্রত্যাহার করেন।

চার মাস পরে তাঁরা আবার আন্দোলনে নামতে বাধ্য হন কেন্দ্রীয় সরকার ‘কোনো ব্যবস্থা না নেওয়ায়’। নারী কুস্তিগিরদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলা সত্ত্বেও তাঁরা কোনো প্রতিকার পাননি। তাঁদের দাবি মেনে ব্রিজভূষণকে গ্রেপ্তার কিংবা ফেডারেশনের সভাপতির পদ থকে বরখাস্ত করা হয়নি। যৌন হেনস্তার অভিযোগের মামলাও পুলিশ শুরু করেনি। বাধ্য হয়ে গত জানুয়ারি মাসে তাঁরা রাজধানীর যন্তর মন্তরে অবস্থান ধর্মঘট শুরু করেন। সেই সময় সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দাখিল করে। তবে তাঁকে গ্রেপ্তার করেনি।

কুস্তিগিরদের অভিযোগ, চার মাস রাস্তায় বসে আন্দোলন করলেও সরকার মৌখিক আশ্বাস দেওয়া ছাড়া কিছুই করেনি। বরং নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন তাঁদের দিল্লি পুলিশ জবরদস্তি গ্রেপ্তার করে অবস্থান আন্দোলন ভেঙে দেয়।

এই পরিস্থিতিতে চলে আসে সংস্থার নির্বাচন। সেই ভোটে ব্রিজভূষণ নিজে বা তাঁর পরিবারের কেউ প্রতিদ্বন্দ্বিতা না করলেও তিনি তাঁর অতি ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিংকে সভাপতি পদে দাঁড় করিয়ে দেন। ৪০-৭ ভোটে তাঁর মনোনীত কমিটি জিতেও যায়। জয়ের পর ব্রিজভূষণের সদর্প ঘোষণা ছিল, সংস্থায় তাঁর রাজত্ব চলতেই থাকবে।

নির্বাচনের ফল ঘোষণার পর কাঁদতে কাঁদতে সাক্ষী মালিক সংবাদ সম্মেলনেই নিজের জুতাজোড়া টেবিলে তুলে অবসর গ্রহণের কথা ঘোষণা করেন। পরের দিন বজরঙ্গ পুনিয়া পদ্মশ্রী খেতাব রাস্তায় ফেলে আসেন। কুস্তিগিরদের সমর্থনে পদ্মশ্রী খেতাব ফিরিয়ে দেওয়ার কথা জানান গুঙ্গা পালোয়ান ও বক্সার বীরেন্দ্র সিং। তাঁরা শচীন টেন্ডুলকার, নীরজ চোপড়াদের মতো ক্রীড়াবিদদেরও একই অনুরোধ জানান। এরপরেই নির্বাচিত কমিটি বরখাস্ত করার সিদ্ধান্ত।

প্রশ্ন হলো, যে সরকার এক বছরেরও বেশি সময় এই বিষয়ে নিশ্চুপ ছিল, হঠাৎ তারা কেন এতটা সক্রিয়? উত্তরটা রাজনৈতিক। ব্রিজভূষণ উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে যথেষ্ট প্রভাবশালী। অন্তত ১০টি লোকসভা আসনে তিনি ক্ষমতাবান। ভোটের আগে তাঁকে কোণঠাসা করা সহজ নয়।

সরকার সেটা করল বিধিভঙ্গের কারণ দেখিয়ে। যে সিদ্ধান্তের সঙ্গে ব্রিজভূষণের বিরুদ্ধে আনা কুস্তিগিরদের অভিযোগ সম্পর্কযুক্ত নয়। আবার আন্দোলনরত কুস্তিগিরেরা অধিকাংশই হরিয়ানার। এবং তাঁরা জাট সম্প্রদায়ের। হরিয়ানায় এই সম্প্রদায়ের ভোট ২৮ শতাংশ। রাজ্য রাজনীতির মুখ্য পরিচালকও তারাই। হরিয়ানা ছাড়া রাজস্থান, পাঞ্জাব ও পশ্চিম–উত্তর প্রদেশেও জাট সম্প্রদায়ের রাজনৈতিক প্রভাব প্রবল।

বিজেপি সূত্রের খবর, জাটদের মধ্যে এমন একটা ধারণা ক্রমশ দানা বেঁধেছে যে তাদের নানাভাবে কোণঠাসা করা হচ্ছে। কৃষক আন্দোলনের সময় থেকেই জাটদের মধ্যে সরকারবিরোধী মনোভাব মাথাচাড়া দিতে শুরু করে। কুস্তিগিরদের অপমান জাট সমাজের অপমান হিসেবেও চিহ্নিত হয়ে গেছে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জাট ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা বলে মনে করা হচ্ছে। জাটদের পাশে টানতে সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ‘অসম্মানকেও’ তুলে ধরেছে । ধনখড়ও নিজে বলেছেন, সংসদ চত্বরে তাঁর বাচনভঙ্গি নকল করার মধ্য দিয়ে বিরোধীরা জাট সম্প্রদায়কেই অসম্মান করেছে। রাজনৈতিক ধারণা, লোকসভা ভোটের আগে জাট সমর্থন ধরে রাখতেই বিজেপির এই রাজনৈতিক সিদ্ধান্ত।

কুস্তি ফেডারেশনের নবনির্বাচিত কমিটিকে বরখাস্ত করা আন্দোলনরত কুস্তিগিরদের উৎসাহিত করে তুলেছে। তাঁরা বলেছেন, একটা ক্ষীণ আশার আলো তাঁরা দেখতে পাচ্ছেন। ন্যায়বিচার পেলে তাঁরাও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে পারেন।