ত্রিপুরায় তৃণমূল সভাপতিকে সরিয়ে দেওয়া হলো

সুবল ভৌমিকের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ রয়েছে
ফাইল ছবি: এএনআই

অনেক আড়ম্বরের মধ্য দিয়ে ত্রিপুরায় প্রচারণা শুরু করে চলতি বছরের শুরুর দিকে বিধানসভা উপনির্বাচনে শোচনীয় ফল করে তৃণমূল কংগ্রেস। এর পরই দলের মধ্যে শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব। বিধানসভার সাম্প্রতিক উপনির্বাচন এই দ্বন্দেরই প্রভাব লক্ষ করা যায়। নির্বাচনে চার কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত হয় তৃণমূল প্রার্থীর। এরপরে ত্রিপুরায় এখনো ঘুরে দাঁড়াতে পারেনি তৃণমূল। এ অবস্থায় আজ বুধবার রাজ্য সভাপতি সুবল ভৌমিককে সভাপতির পদ থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস।

এক বিবৃতিতে তৃণমূল কংগ্রেস এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সাবেক কংগ্রেস নেতা সুবল ভৌমিকের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখা ও খবর সরবরাহ করার অভিযোগ রয়েছে। নিজের লোকজনকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সভাপতি নিয়োগ হওয়ার আগ পর্যন্ত দলীয় কাজকর্ম সামলাবেন রাজ্যের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সংসদ সদস্য সুস্মিতা দেব। রাজ্য কমিটি, রাজ্য যুব ও মহিলা কমিটি, তফসিলি জাতি ও উপজাতি কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ নিজ পদে বহাল থাকবেন বলে বিবৃতিতে বলা হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা ও তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ে নেতৃত্বে বছরখানেক আগে ত্রিপুরা জয়ের মিশনে নেমেছিল তৃণমূল কংগ্রেস। প্রথম দিকে মনে হয়েছিল, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসকে ত্রিপুরায় ভেঙে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে অনায়াসে জিততে পারবে তারা। কিন্তু এক বছর পরে দেখা যাচ্ছে, তৃণমূল ত্রিপুরায় পিছিয়ে পড়েছে। বরঞ্চ এ সময় কংগ্রেস ও সিপিআইএমের কিছুটা উত্থান হয়েছে। অপরদিকে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছে বিজেপি।

দলের রাজ্য সভাপতি সুবল ভৌমিককে অপসারণ করায় তৃণমূলের সংকট আরও প্রকট হলো। ত্রিপুরা তৃণমূলের স্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সুবল ভৌমিকের বিরুদ্ধে গত কয়েক মাস ধরেই নানা অভিযোগ শোনা যাচ্ছিল। তিনি বলেন ‘কলকাতা নেতৃত্বকে এমনও জানানো হয়েছিল যে তিনি (সুবল ভৌমিক) ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে তাঁকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।’

এ বছরের এপ্রিলে সুবল ভৌমিককে তৃণমূলের রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তৃণমূল থেকে সরিয়ে দেওয়ার পর তিনি আগামীতে বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পরে তিনি আবারও দলে ফিরে আসেন। এরপর প্রায় এক বছর ধরে মাটি কামড়ে ত্রিপুরায় থেকে দলের হয়ে কাজ করছেন তিনি। সুবল ভৌমিকের অপসারণের পর সভাপতি হিসেবে রাজীবের একটি সম্ভাবনা থাকলেও তিনি ত্রিপুরার মানুষ নন।

ফলে শেষ পর্যন্ত কে সভাপতি হবেন তা এখনই বলা সম্ভব নয়। তবে তৃণমূলকে দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে কারণ, আগামী মাস ছয়েকের মধ্যে সেখানে বিধানসভা নির্বাচন।